প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যদি ইতিহাস, ঐতিহ্য এবং শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর ইচ্ছা থাকে, তাহলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ঘুরে আসা যেতে পারে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। তবে ধর্মীয় পরিচয়ের সীমা ছাড়িয়ে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী যেকোনো ধর্মের মানুষও এখানে আসতে পারেন।
এই আশ্রম ঢাকা থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। শহরের ব্যস্ততা পার হয়ে এখানে গেলে দেখা মিলবে শান্ত পরিবেশ, পুরোনো গাছপালা, পুকুর এবং ধর্মীয় স্থাপনার। এক দিনের ভ্রমণে সোনারগাঁয়ের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর সঙ্গে এই আশ্রমও ঘুরে দেখা সম্ভব।
আশ্রমের ইতিহাস
বারদী বাজারের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। এটি লোকমুখে বারদী লোকনাথ আশ্রম নামেও পরিচিত।
লোকনাথ ব্রহ্মচারীর জন্ম ১৭৩০ সালের ৩১ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে। শৈশবেই তিনি সন্ন্যাসজীবন গ্রহণ করেন। দীর্ঘ সময় হিমালয়ে যোগসাধনা করার পর তিনি মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের বাণী ছড়িয়ে দিতে বিভিন্ন স্থান ভ্রমণ করেন। ১৮৬৩ সালে সোনারগাঁয়ের বারদী গ্রামে এসে বসবাস শুরু করেন তিনি এবং জীবনের শেষ ২৬ বছর এখানেই কাটান। ১৮৯০ সালের ১ জুন তাঁর মহাপ্রয়াণ ঘটে।
এই আশ্রম তাঁর স্মৃতিকে ঘিরে গড়ে উঠেছে এবং বর্তমানে এটি দেশের অন্যতম পরিচিত লোকনাথ তীর্থস্থান।
আশ্রমে যা যা দেখবেন
আশ্রমের অন্যতম আকর্ষণ হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর সমাধিমন্দির। সেখানে তাঁর স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন রয়েছে। আশ্রমের ভেতরে দেখা যায় লোকনাথ ব্রহ্মচারীর বড় একটি তৈলচিত্র। এছাড়া, শতবর্ষী একটি বিশাল বকুলগাছও রয়েছে। গাছটির নিচে কিছুক্ষণ বসে আশ্রমের শান্ত পরিবেশ উপভোগ করা যায়।
আশ্রমের পাশে ‘কামনা সাগর’ ও ‘জিয়স’ নামে দুটি পুকুর রয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর স্মৃতিবিজড়িত এসব স্থান আশ্রমের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। পুরো প্রাঙ্গণ ঘুরে দেখলে এখানকার ধর্মীয় সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ মেলে।
কেন ঘুরে দেখবেন এই আশ্রম
লোকনাথ আশ্রম শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতির একটি পরিচিত নিদর্শন। এখানে এসে লোকনাথ ব্রহ্মচারীর জীবন, সাধনা এবং দর্শন সম্পর্কে জানার পাশাপাশি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থানের পরিবেশ কাছ থেকে দেখা সম্ভব।
ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা থাকা সত্ত্বেও ইতিহাস ও সংস্কৃতি জানার আগ্রহ থেকে যে কেউ এখানে যেতে পারেন। আশ্রমের নিরিবিলি পরিবেশ, পুরোনো গাছপালা এবং পুকুরপাড়ে কিছুটা সময় কাটানো ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা হতে পারে। তবে আশ্রমের ধর্মীয় রীতি ও উপাসনার পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক।
সারা বছরই থাকে ধর্মীয় আয়োজন
বারদী লোকনাথ আশ্রমে বছরজুড়ে নিয়মিত পূজা-অর্চনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ দিনগুলোতে ভক্তদের সমাগম বাড়ে। প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে এখানে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। এ সময় গীতা পাঠ, পূজা, প্রসাদ বিতরণ, আরতি ও কীর্তনসহ নানা আয়োজন থাকে।
আশ্রমের আরেকটি ঐতিহ্যবাহী আয়োজন ‘রাখের উপবাস’ বা ‘কার্তিক ব্রত’। কার্তিক মাসের শেষ ১৫ দিনে প্রতি শনি ও মঙ্গলবার ভক্তরা দিনব্যাপী উপবাস পালন করেন। সন্ধ্যায় সারি সারি মাটির প্রদীপে ঘি ঢেলে প্রার্থনা করেন তাঁরা। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। পরিবারের সদস্য ও প্রিয়জনদের মঙ্গল কামনায় এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন।
সম্প্রতি ৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়েছে এবারের রাখের উপবাসের আয়োজন। এ সময় আশ্রমে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি প্রদীপের আলো, ভক্তদের প্রার্থনা এবং উৎসবমুখর পরিবেশও দর্শনার্থীদের আকর্ষণ করে।
কখন যাবেন
সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা আশ্রমে যেতে পারেন। প্রতিদিনের পূজা ও ধর্মীয় পরিবেশ দেখতে চাইলে সকাল কিংবা বিকেলে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। বড় ধর্মীয় আয়োজন এবং মেলা দেখতে চাইলে তিরোধান দিবসের সময় যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রাখের উপবাসের সময়সূচি প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়।
যেভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া চৌরাস্তাগামী বাসে যেতে পারবেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা বা স্থানীয় যানবাহনে বারদী লোকনাথ আশ্রমে পৌঁছানো সম্ভব। ব্যক্তিগত গাড়ি নিয়েও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মোগড়াপাড়া হয়ে বারদী যাওয়া যেতে পারে। যানজটের ওপর নির্ভর করে ঢাকা থেকে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।
আশপাশে আরো যা দেখবেন
লোকনাথ আশ্রম ঘুরে সময় থাকলে সোনারগাঁয়ের অন্যান্য দর্শনীয় স্থানও দেখে নেওয়া যেতে পারে। কাছাকাছি রয়েছে ঐতিহাসিক পানাম নগর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বড় সর্দারবাড়ি এবং জামদানি পল্লি। এসব জায়গায় ঘুরলে এক ভ্রমণেই সোনারগাঁয়ের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং কারুশিল্প সম্পর্কে জানার সুযোগ হবে।
কোথায় থাকবেন ও খাবেন
ঢাকা থেকে এক দিনেই আশ্রম ঘুরে ফিরে আসা সম্ভব। তাই আলাদা করে থাকার প্রয়োজন নাও হতে পারে। তবে আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চাইলে সোনারগাঁ বা নারায়ণগঞ্জ শহরের আবাসিক হোটেলে থাকতে পারেন। খাবারের জন্য মোগড়াপাড়া, বারদী বাজার এবং সোনারগাঁয়ের বিভিন্ন স্থানীয় রেস্তোরাঁ রয়েছে।
ইতিহাস জানতে, ঐতিহ্য দেখতে অথবা ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শান্ত পরিবেশে ঘুরতে চাইলে বারদী লোকনাথ আশ্রম আপনার ভ্রমণতালিকার একটি স্থান হতে পারে। ধর্মীয় বিশ্বাস যার যার, তবে ইতিহাস ও সংস্কৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ সবার জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন