প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি মন্তব্য করেছেন, ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং দীর্ঘ মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখছেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয়। এটি অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, দিল্লি কিংবা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের গৌরবোজ্জ্বল দিন। এই দিন সামনে রেখে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া ১৮ কোটি মানুষের জাতীয় আত্মমর্যাদার ওপর চরম আঘাত।
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, সামরিক আগ্রাসনের উসকানি এবং আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে গাজা স্টাইলে শিক্ষা দেওয়ার বক্তব্য এবং অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি একই ধরনের রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্যকে বিচ্ছিন্ন রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। এসব বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্ব উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তার স্বার্থ পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কারও করুণা প্রদর্শনের জায়গা নয়; পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে।
বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের হুমকি বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির বিষয়টি তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ বরদাশত করবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন