প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’, যেখানে জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীরা অংশগ্রহণ করেছেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টোকিওতে বাংলাদেশ দূতাবাস এবং ওয়ার্ল্ড এয়ার এশিয়া সার্ভিস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত মো. দাউদ আলী সেমিনারে তার বক্তব্যে উল্লেখ করেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। তিনি বলেন, "প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মতো উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য।"
তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প, বাউল সংগীতের মতো লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আকর্ষণ এবং সুস্বাদু রসনাবিলাসের ঐতিহ্য তুলে ধরেন, যেমন সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর ও পাহাড়পুর বৌদ্ধবিহার।
রাষ্ট্রদূত আরও জানান, পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামোগত উন্নয়ন, ভিসা আবেদন সহজীকরণ ও দ্রুত ভিসা প্রদান-সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জাপানি অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান। এসময় দূতাবাসের পক্ষ থেকে জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
ওয়ার্ল্ড এয়ার এশিয়া সার্ভিস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট এবং সিইও ইযোসুকে কি কুমা তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে।" তিনি আশা প্রকাশ করেন, আজকের এই সেমিনার জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পর্যটন খাতে সুদূরপ্রসারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেমিনারে প্রায় ৮০ জন জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন