প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ব্রিটেনের একটি সামরিক ঘাঁটির আকাশে অনুমতি ছাড়া ড্রোন উড়ানোর সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে শুক্রবার ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমান নিয়ে একটি ঘাঁটিতে ঘটে যাওয়া সর্বশেষ নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র বিবৃতিতে জানান, আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে এই ঘটনার ফলে কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, যাতে মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মার্কিন বিমানবাহিনীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।’
এর আগে চলতি সপ্তাহে আরএএফ লেকেনহিথের সরকারি ফেসবুক পেজে একটি পোস্টে অনুমতি ছাড়া ড্রোন উড়ানোর মতো যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘সতর্ক ও সচেতন স্থানীয় জনগণই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি।’
লেকেনহিথ ঘাঁটিতে ড্রোন-সংক্রান্ত এই সন্দেহজনক ঘটনার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরেকটি ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএফ ফেয়ারফোর্ডে কথিত সন্ত্রাসী পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথা জানায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের ‘ইরানি অপারেটিভ’ হিসেবে চিহ্নিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, ওই তিন ব্যক্তি সেপ্টেম্বরে ঘাঁটিটিতে সংঘটিত একটি ঘটনার পরিকল্পনা ও নির্দেশনায় সহায়তা করেছিলেন। স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বিষয়টি সামনে আসে।
ইরান যুদ্ধের প্রভাব
যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মোহাম্মদ আলী আল-হাসানি নামে এক ব্যক্তি কয়েকজনকে ভ্যান নিয়ে ওই সামরিক ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ভ্যানগুলোর কয়েকটিতে জ্বালানিভর্তি ড্রাম ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে তিনি ওই ব্যক্তিদের এমন কিছু ধাতব বস্তু কেনার জন্য অর্থ দিয়েছিলেন, যেগুলো বিস্ফোরণের সময় ছিটকে গিয়ে আঘাত হানতে সক্ষম খণ্ডাংশ (শ্র্যাপনেল) হিসেবে ব্যবহার করা সম্ভব।
এর কয়েক দিন পর যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়।
এদিকে, গত মাসে আরএএফ ফেয়ারফোর্ডের ওই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অপরাধের অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করে দেশটির পুলিশ।
তাদের একজনের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে, যা ইরানের বলে ধারণা করা হচ্ছে। অন্যজনের বিরুদ্ধে যুক্তরাজ্যের স্বার্থের পরিপন্থি উদ্দেশ্যে একটি নিষিদ্ধ স্থানে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, ফ্লাইট চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্রিটেনের আরেকটি বিমানঘাঁটি আরএফ মিলডেনহল থেকে অন্তত ১২টি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। ওই যুদ্ধের জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।
বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালাতে এসব ঘাঁটি ব্যবহার করে, তাহলে মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হতে পারে।
এর আগেও ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সংঘাতের বিস্তৃতি আরও বাড়ানো হবে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন উপদেষ্টা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, এই যুদ্ধ আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত তার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন