প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে কেবল কাগজে-কলমে না রেখে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে অভিহিত করা হয়েছে, যা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, "কেবল প্রতিশ্রুতি দিয়ে আর অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবিলা সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন যে, খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের মতো পরিবেশগত দুর্যোগগুলো বিশ্ব অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, প্রাক-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
উদ্বোধনী দিনেই বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১২ বছর রেকর্ড সংরক্ষণের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল, যার মধ্যে শেষ চার বছর সর্বোচ্চ উষ্ণতার শীর্ষে অবস্থান করছে।
জ্বালানি রূপান্তর ও জলবায়ু অর্থায়ন
সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুম জোর দিয়ে বলেন, "সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব যেন মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়।" তিনি জ্বালানিসাশ্রয়ী ভবন, পরিবেশবান্ধব পরিবহন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাস্তব সুফল নিশ্চিত করার পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করতে তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার নিশ্চিতের যে লক্ষ্য বাকু (Baku) সম্মেলনে নির্ধারিত হয়েছিল, তা বাস্তবায়নের পাশাপাশি সব উৎস থেকে অর্থায়ন বাড়িয়ে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা প্রয়োজন।
অন্যদিকে, সম্মেলনের প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন অর্থায়নের পথ উন্মুক্ত করা, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতি সুরক্ষায় যৌথ কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল জানান, চলতি বছরের প্রথম ছয় মাসেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে বিশ্বজুড়ে প্রায় ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সম্মেলনের প্রথম দিনের মূল আলোচনায় খাদ্যনিরাপত্তা, টেকসই কৃষি এবং জনস্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়। চলমান ‘সুপার এল নিনো’ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি অতিরিক্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্ক করা হয়।
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কপ-৩১ প্রেসিডেন্সি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণ এবং নারী কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনে খাদ্য ও পানি ব্যবস্থাপনার সমন্বয়ে ‘টারকোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুর কথা রয়েছে।
দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে জাতিসংঘের মূল কূটনৈতিক আলোচনা পরিচালিত হচ্ছে ‘ব্লু জোনে’, আর ‘গ্রিন জোনে’ নাগরিক সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও তরুণরা তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছেন। জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর ও অভিযোজনের ক্ষেত্রে এবারের সম্মেলন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন