প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্প্যানিশ ফুটবলের আলোচিত নেগরেইরা-কাণ্ডের তদন্তের সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এখন বার্সেলোনার জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে আর্থিক প্রতিবেদন। সেগুলো হাতে পাওয়ার পর ২০২৭ সালের শুরুতে মামলার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বিচারক আলেহান্দ্রা গিল। বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিচার শুরু হবে, নাকি মামলাটি বন্ধ করে দেওয়া হবে—এমন অবস্থায় রয়েছে স্প্যানিশ ফুটবল।
২০২৩ সালে প্রকাশ্যে আসা এই ঘটনায় ১৭ বছর ধরে স্পেনের রেফারি কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা ও তাঁর ছেলেকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল বার্সেলোনার বিরুদ্ধে। সম্ভাব্য অনিয়ম, নথি জালিয়াতি ও ক্রীড়া দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে বিচার বিভাগ। তবে বার্সেলোনা বরাবরই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছে, অর্থ দেওয়া হয়েছিল বৈধ কারিগরি পরামর্শ ও রেফারি-সংক্রান্ত বিশ্লেষণ পাওয়ার জন্য।
মামলায় সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন বার্সেলোনা আতলেতিকের সাবেক কোচ জেরার্দ লোপেজ। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটির রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন। বিচারক গিলের কাছে দেওয়া সাক্ষ্যে নেগরেইরার ছেলে হাভিয়ের এনরিকেসের তৈরি রেফারি-সংক্রান্ত প্রতিবেদনকে বেশ কার্যকর বলে বর্ণনা করেছেন লোপেজ।
তাঁর মতে, বিশেষ করে দ্বিতীয় বিভাগের ফুটবলে টেলিভিশন সম্প্রচার ও ভিডিও বিশ্লেষণের সুযোগ সীমিত থাকায় প্রতিপক্ষ ও রেফারিদের সম্পর্কে ধারণা পেতে এসব প্রতিবেদন কাজে আসত। ম্যাচের আগে পাওয়া তথ্যগুলো ছিল হালনাগাদ ও নির্ভুল বলেও দাবি করেছেন তিনি।
এর আগে বার্সেলোনা আতলেতিকের ৩২ বছর দায়িত্ব পালন করা সাবেক প্রতিনিধি তনি আলোনসোও সাক্ষ্য দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কোচভেদে এসব প্রতিবেদন ব্যবহারের ধরন আলাদা ছিল। জেরার্দ লোপেজ সেগুলো কাজে লাগালেও লুইস এনরিকে তা এড়িয়ে চলতেন। এনরিকের মনোযোগ ছিল মাঠে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর ওপর; রেফারির সিদ্ধান্তকে তিনি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করতেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হলেও তদন্তের গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো বাকি। রিয়াল মাদ্রিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বার্সেলোনার কাছে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের অডিট ও আর্থিক প্রতিবেদন চাওয়া হয়েছে। শুরুতে বিচারক গিল সেই আবেদন নাকচ করেছিলেন। পরে বার্সেলোনা প্রাদেশিক আদালত আংশিকভাবে আবেদনটি মঞ্জুর করে। এখন ক্লাবের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিচারক।
সব তথ্য পর্যালোচনার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, নেগরেইরাকে দেওয়া অর্থ বৈধ সেবা গ্রহণের বিনিময়ে ছিল কি না, নাকি অভিযোগের পক্ষে বিচার শুরু করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। প্রথম ক্ষেত্রে মামলাটি বন্ধ হয়ে যেতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে বার্সেলোনা।
তদন্তের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় নেগরেইরা-কাণ্ড এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। ২০২৭ সালের শুরুতে বিচারকের সিদ্ধান্তেই স্পষ্ট হবে, স্প্যানিশ ফুটবলের অন্যতম আলোচিত এই বিতর্কের পরিণতি কী হতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন