প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে যখন রাজপথে নামার প্রস্তুতি, তখনই শুরু হয় বৃষ্টি। কিন্তু তাতে থেমে থাকেনি আয়োজন। বৃষ্টিকে সঙ্গী করেই মাদকের বিরুদ্ধে পথে নেমেছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। এমন দৃশ্য দেখা গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায়।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে মাদকবিরোধী র্যালিটি বের করা হয়। দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
র্যালিতে দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃষ্টির মধ্যেই র্যালিটি বাবুছড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী বার্তা, কণ্ঠে ছিল সচেতনতামূলক স্লোগান। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও র্যালির দিকে আগ্রহ নিয়ে তাকান।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার দায়িত্ব শুধু পুলিশের নয়। এলাকাবাসীকে আগে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হলে কোনো মাদক কারবারি এলাকায় টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, মাদকসংক্রান্ত তথ্য গোপন না করে পুলিশকে জানানোর পাশাপাশি সন্তানদের প্রতি পরিবারকে আরও নজরদারি বাড়াতে হবে।
র্যালিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, বৃষ্টির মধ্যেও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে মাদকের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তবে তাদের মতে, শুধু সচেতনতামূলক র্যালি নয়, একই সঙ্গে নিয়মিত অভিযান ও সামাজিক নজরদারি প্রয়োজন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক প্রতিরোধে পুলিশ মাঠে নামলে আমরা এলাকাবাসীও তাদের পাশে থাকব।
আরেক তরুণ বলেন, আমাদের প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, খেলাধুলা ও ভালো কাজে তরুণদের যুক্ত করতে হবে। আজকের র্যালি সেই বার্তাই দিয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, বৃষ্টিভেজা এই পদযাত্রা শুধু একটি দিনের কর্মসূচি হয়ে থাকবে না; বরং বাবুছড়ায় মাদকের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সূচনা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন