প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭ জন আসামিসহ ৮৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ২৪৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে দায়িত্ব পালনরত মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকার মালামাল এবং ১৭ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত, যেখানে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, যশোর রিজিয়নের অভিযানে ৯ দশমিক ৩৫১ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩ হাজার ৫২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৬৮ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার ৫৬০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২২ হাজার ৯০৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামালসহ ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১৩৮ জন ধুর, এক হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং বিভিন্ন প্রকার ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এছাড়া, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিগত এক বছরের (০১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত) মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে ৩৯ জন আসামিসহ সর্বমোট ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ১৫৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এর মধ্যে রয়েছে, এক কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৭৯৮ বোতল মদ, ২৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা মূল্যের ১ হাজার ৬৯২ বোতল ফেনসিডিল, ৫ লাখ ১৬ হাজার ২৫৭ টাকা মূল্যের ১৪৭ দশমিক ৫০২ কেজি গাঁজা, ৫৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকা মূল্যের ১৪ হাজার ৯৫৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ এবং ১ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪৪ হাজার ৪২৬ পিস ভায়াগ্রা।
বিজিবির সূত্রগুলো জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা বা কোনো দুষ্কৃতিকারী যাতে সীমান্ত দিয়ে গান পাউডার বা অবৈধ অস্ত্র আনতে না পারে, সে বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি বিশেষভাবে সজাগ রয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি বাড়িয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বসানো হয়েছে। দুর্গম ও অন্ধকার এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইটের মতো আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেফতার করা হবে এবং অবৈধভাবে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি কাজ করছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি বিশ্বাস করে, এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন; তাই সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা জরুরি। প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধ নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন