প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার রান’। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে এ দৌড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক দৌড়বিদ অংশ নেন। আয়োজনের লক্ষ্য ছিল সুস্থতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া।
ভোরের মেঘলা আকাশ, গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভেজা সড়ক এবং পাহাড়ি পথের চড়াই-উতরাইও দৌড়বিদদের উৎসাহ কমাতে পারেনি। আয়োজনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার, দুটি ক্যাটাগরি ছিল।
দৌড়ের পুরো সময় অংশগ্রহণকারীরা একে অপরকে উৎসাহিত করেছেন। কারো গতি কমে গেলে পাশে দাঁড়িয়েছেন অন্যরা। ফলে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বার্তাই হয়ে ওঠে আয়োজনের প্রধান আকর্ষণ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে এই আয়োজন সাড়া ফেলে।
আয়োজকদের মতে, ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে শারীরিক পরিশ্রমের সুযোগ কমছে এবং তরুণদের একটি অংশ নানা আসক্তি ও অনিয়মিত জীবনযাপনের দিকে ঝুঁকছে। নিয়মিত দৌড় ও শরীরচর্চার মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনে উদ্বুদ্ধ করাই এমন আয়োজনের লক্ষ্য। প্রকৃতির কাছাকাছি দৌড়ানোর পাশাপাশি বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই লাউয়াছড়াকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই এ উদ্যোগ।
শুধু দৌড় নয়, এর মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করতে চান তারা। প্রকৃতির কাছাকাছি মানুষকে আনা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোও লক্ষ্য বলে জানান তিনি। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা আছে বলেও জানান সৈয়দ জামাল।
দৌড়ে অংশ নেওয়া শিক্ষার্থী তামিম আহমদ বলেন, দৌড়ে শুধু শারীরিক ফিটনেস বাড়ে না, ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। লাউয়াছড়ার মতো প্রকৃতির মাঝে দৌড়ানোর অভিজ্ঞতা অসাধারণ উল্লেখ করে তিনি জানান, বৈরী আবহাওয়ায় এত মানুষের অংশগ্রহণ সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ার প্রমাণ। নিয়মিত এমন আয়োজন হোক, এটাই তার প্রত্যাশা।
আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা দিকনির্দেশনা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের এডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের এডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন