প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করার প্রতিবাদে শ্রমিকরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। এই আন্দোলনের কারণে দিনাজপুরে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল বুধবার রাতে শেখ বাদশাকে আটক করার পর থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধসহ থানার ঘেরাও করেন। আজ বৃহস্পতিবার সকালে, বিক্ষোভ চলাকালীন কোতোয়ালি থানার গেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাকটার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তার ওপর বাসের ব্যারিকেড দিয়ে নেতার মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল এবং রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন। এর ফলে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট এবং ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।
শ্রমিকদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। তারা কোতোয়ালি থানার ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন।
এদিকে, বাদশাকে আটক করার কারণ সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একটি পুলিশ সূত্র জানিয়েছে, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, "দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার কোনো বাস ছেড়ে যায়নি।"
তিনি আরও জানান, "আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন কোনো সুরাহা হয়নি।"
এদিকে, দিনাজপুর ট্রাক ট্রাক-লড়ি, কাবার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকরা দাবি করছেন, তাকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর জন্য আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন