প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই উৎসব আগামী ২ থেকে ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার জাফনায় অনুষ্ঠিত হবে। প্রথম ছবির নির্মাতাদের বিভাগে (ডেব্যু ফিল্মস) পিপলু আর খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘জয়া আর শারমিন’ প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্য দুটি নির্বাচিত ছবির মধ্যে রয়েছে মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’ এবং মোহাম্মদ ফখরুল আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’।
উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিযোগিতার তালিকায় এই ছবিগুলোর নাম অন্তর্ভুক্ত হয়েছে। ‘জয়া আর শারমিন’-এর অন্যতম প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন নির্বাচনের খবরটি নিশ্চিত করেছেন। উৎসবের প্রথম ছবির নির্মাতাদের বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র ছবির প্রতিযোগিতা হচ্ছে ‘জয়া আর শারমিন’। এ বিভাগের অন্যান্য ছবির মধ্যে রয়েছে ভারতের ‘গণরাগ’, ‘মিউজিয়াম অব ড্রিমস’ ও ‘ভাসারা: দ্য চোজেন ডে’, ভারত ও সৌদি আরবের যৌথ প্রযোজনার ‘সেলভি’, শ্রীলঙ্কার ‘সিলিলারে’ এবং রাশিয়ার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’।
করোনা মহামারির লকডাউনের সময় মাত্র ১৫ দিনে অল্পসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় ‘জয়া আর শারমিন’। ছবিটি দুই নারীর গল্প নিয়ে নির্মিত, যেখানে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং তার গৃহকর্মী শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। লকডাউনে একই বাড়িতে আটকা পড়ার পর তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে থাকে। ছবিতে নিঃসঙ্গতা, শ্রেণিগত দূরত্ব, পারস্পরিক নির্ভরতা এবং না-বলা অনুভূতির নানা দিক তুলে ধরা হয়েছে।
২০২৫ সালের ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর একই বছরের ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ছবিটির স্ট্রিমিং শুরু হয়। গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ জেতার পাশাপাশি দেশে মেরিল-প্রথম আলো ও গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হয়েছে এটি।
অন্যদিকে উৎসবের ‘নিউ এশিয়ান কারেন্টস (ডকুমেন্টারি)’ বিভাগে নির্বাচিত হয়েছে মাখবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে কলকাতার ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন পাওয়া এই ছবিটি জাফনায় মোট সাতটি প্রামাণ্যচিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।
এছাড়া ‘শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল’ বিভাগে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’ প্রতিদ্বন্দ্বিতা করবে। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি এবং নির্মাতা নিজেই; নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান। বাংলাদেশসহ ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের মোট ১৪টি চলচ্চিত্র রয়েছে এই প্রতিযোগিতায়।
উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়া এবং নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘এজেন্ডা ১৪’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন