প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে, কারণ পর্যাপ্ত লোকবল ও বাজেট সংকট রয়েছে। গ্যালারি ও অবকাঠামো ভেঙ্গে পড়ছে, এবং মাঠ অনুশীলনের জন্য অনুপযোগী হয়ে উঠছে। মূল প্যাভিলিয়ন (ক্রীড়া ভবন) ভবন পশ্চিম দিকে হেলে পড়ায় এটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দুই দশক আগে নির্মিত এ স্টেডিয়ামের উন্নয়নে শিগগিরই কাজ শুরু হবে।
এম সাইফুর রহমান স্টেডিয়ামটি মৌলভীবাজার শহরতলির রঘুনন্দনপুর এলাকায় নির্মাণ করা হয়েছিল, খেলাধুলার বিকাশ ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামের গ্যালারি ও অন্যান্য অবকাঠামো বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে।
গ্যালারির বিভিন্ন স্থানে প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে। উত্তর-পূর্ব অংশে মাটি ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। সীমানাপ্রাচীর ও প্রবেশপথের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়েছে, ফলে মাঠ অরক্ষিত হয়ে পড়েছে। সেখানে গবাদিপশু অবাধে বিচরণ করছে। গ্যালারিতে প্রবেশের প্রায় ১৪টি লোহার ক্যাচিগেট চুরি হয়েছে। ইনডোরের থাই গ্লাস এবং মাঠের ঘাস কাটার মেশিনও চুরি হয়েছে। মাঠজুড়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে এবং অনুশীলন ব্যাহত হচ্ছে। প্যাভিলিয়ান ও শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
মূল প্যাভিলিয়ন ভবনটির পশ্চিম দিক নিচ থেকে দেবে যাওয়ার কারণে পুরো ভবনটি হেলে পড়েছে, যা ঝুঁকির সৃষ্টি করেছে। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে। বিশাল এ স্টেডিয়ামের দেখভালের জন্য অন্তত ১০ জন লোকবল প্রয়োজন, কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র দু'জন অস্থায়ী কর্মচারী।
প্রয়োজনীয় বরাদ্দের অভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। সরেজমিনে স্টেডিয়ামে গেলে একাধিক খেলোয়াড়ের সাথে কথা হয়। ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক তানিম আহমেদ, জাহেদ আহমেদ চৌধুরী, শিপনসহ অনেকেই ক্ষোভের সাথে জানিয়েছেন, যে উদ্দেশ্যে এ স্টেডিয়াম স্থাপন করা হয়েছিল, তা আজ আর বাস্তবায়িত হয়নি।
তারা এক বাক্যে বললেন, চরম অবহেলা ও অযত্নে স্টেডিয়ামটি ভঙ্গদশায় পড়ে আছে। জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমিত বাজেটে সমস্যায় জর্জরিত এ স্টেডিয়াম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।
অন্যদিকে, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্টেডিয়ামটির প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সময় সংবাদকে জানান, এম সাইফুর রহমান স্টেডিয়ামসহ শিগগিরই দেশের সবকটি স্টেডিয়ামের উন্নয়নে কাজ করা হবে। এম সাইফুর রহমান স্টেডিয়ামটি ২০০৫ সালের এপ্রিলে প্রয়াত এম সাইফুর রহমান উদ্বোধন করেছিলেন এবং প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। দুই দশক পেরিয়ে গেলেও, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামটি এখন উন্নয়নের অপেক্ষায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন