ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ডাক বিভাগের প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থায় রূপান্তরের তাগিদ জানালেন বিশেষজ্ঞরা


ডাক বিভাগের প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থায় রূপান্তরের তাগিদ জানালেন বিশেষজ্ঞরা

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ এই প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব ডাক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন। সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

আলোচনাসভায় বক্তারা উল্লেখ করেন, প্রযুক্তির উন্নয়ন ও ই-কমার্সের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সমন্বিত সেবাব্যবস্থায় রূপান্তর করা জরুরি। তাঁরা বিদ্যমান ডাক নেটওয়ার্ক ব্যবহার করে ই-কমার্স লজিস্টিকস, পার্সেল পরিবহন, ডিজিটাল আর্থিক সেবা এবং প্রান্তিক জনগণের জন্য সহজলভ্য সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

বক্তারা আরও বলেন, ডাক বিভাগের আধুনিকায়নে তথ্যনির্ভর ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় ডাক বিভাগের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ছয়টি অগ্রাধিকার তুলে ধরা হয়। এগুলো হলো—ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠা, সমন্বিত ডাক তথ্যভাণ্ডার গড়ে তোলা, ই-কমার্স লজিস্টিকস হাব তৈরি, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, তথ্যনির্ভর আধুনিক ব্যবস্থাপনা এবং সবুজ ডাকব্যবস্থা গড়ে তোলা।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হবে। এই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া ৯ ও ১০ অক্টোবর সঞ্চয় ব্যাংকের কার্যক্রম ছাড়া ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে ডাকসেবা উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন: মানবসেবাই আসল ধর্ম: ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর মন্তব্য

আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত ও আধুনিক ডাক নেটওয়ার্ক দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আর্থিক অন্তর্ভুক্তি এবং জাতীয় উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। পোস্টারটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা এবং এতে যথেষ্ট যত্ন নেওয়া হয়নি—এমন অভিযোগ করেছেন নেটিজেনদের একটি অংশ। এই বিতর্কের প্রেক্ষিতে ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও মুখ খুলেছেন।

রাজকুমার জানান, এই ঘটনার মাধ্যমে ছবির নির্মাতারা একটি বড় শিক্ষা গ্রহণ করেছেন।

চলতি বছরের ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশিত হয় বায়োপিকটির প্রথম পোস্টার। পোস্টারটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। সম্প্রতি রাজকুমার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন।

এ প্রসঙ্গে রাজকুমার বলেন, “যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো টিমই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি।”

বিতর্কিত পোস্টারটিতে সৌরভের ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়েছিল। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের ঐতিহাসিক দৃশ্যটি পুনর্নির্মাণ করেছেন রাজকুমার। সেই মুহূর্তটি স্থান পেয়েছিল বায়োপিকের প্রথম পোস্টারে।

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই সিনেমায় সৌরভের ক্রিকেটজীবনের শুরুর দিন থেকে ভারতের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। প্রথম পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হলেও সৌরভের বর্ণাঢ্য ক্রিকেটজীবন বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে প্লাস্টিকের চাপে টিকে আছে বাঁশ শিল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শেরপুরে প্লাস্টিকের চাপে টিকে আছে বাঁশ শিল্প

শেরপুরে প্লাস্টিকের দাপট সত্ত্বেও বাঁশ শিল্প টিকে আছে। বিশেষ করে শেরপুর সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলাসহ গোটা গারো পাহাড় অঞ্চলে আধুনিকতার ছোঁয়ার কারণে প্লাস্টিকের প্রভাব থাকা সত্ত্বেও গ্রামবাংলার ঐতিহ্য বাঁশ শিল্প এখনও জীবিত রয়েছে।

বর্তমানে নির্বিচারে বাঁশ কাটা এবং পরিচর্যার অভাবে বাঁশঝাড় ক্রমশই কমে যাচ্ছে। প্রকৃতির দুর্যোগ প্রতিরোধক এবং পরিবেশবান্ধব বাঁশঝাড় উজাড় হয়ে যাচ্ছে। এই কারণেই গ্রামের হাটবাজারগুলোতে বাঁশের তৈরি শিল্পের জমজমাট উপস্থিতি এখনও দেখা যায়।

এই শিল্পের সাথে যুক্ত পরিবারগুলো বর্তমানে এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তবে বর্ষা ও ধান কাটা মাড়াইয়ের সময় এই শিল্পের বাজারে ধস দেখা দেয়। আবার বাঁশের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে অনেক কুটির শিল্পী তাদের পূর্বপুরুষের পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। ফলে এই শিল্পের ওপর নির্ভরশীল অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীসহ শেরপুর জেলার বিভিন্ন হাট-বাজারে এখনো বিভিন্ন ধরনের বাঁশের তৈরি কুলা, চালুন, ডালা, টুপরি, ডোল, ধানের বেড়, ঝাঁটা হোঁচা, মাছ ধরার চাঁই, খলই, পলো এবং বিভিন্ন শৌখিন খেলনা হস্তশিল্প বিক্রি হচ্ছে।

তারা জানান, বর্ষা বোরো ও আমন মৌসুমে ধান ঘরে তোলার সময় হওয়ায় এর চাহিদা বৃদ্ধি পায়। ফলে বাজারে বিক্রি বাড়ে। বাঁশের শিল্পের সাথে যুক্ত ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের কয়েকজন বাঁশ শিল্পী বলেন, "আগে বাঁশের তৈরি জিনিসপত্র বাড়িতে তৈরি করে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন হতো। কিন্তু বর্তমানে প্লাস্টিকের দাপটে এগুলো খুব বেশি বিক্রি হয় না।"

তারা আরও জানান, আধুনিকতার ছোঁয়ায় বাঁশের পরিবর্তে প্লাস্টিকের তৈরি ডালা, কুলা, চালুন, ডোল, বেড়, ধান ও চাল রাখার জন্য প্লাস্টিকের ড্রাম বেশি ব্যবহৃত হচ্ছে। এর ফলে গ্রামের মানুষের ঐতিহ্যবাহী বাঁশের তৈরি ধানের গোলা, ডোল, কুলা, চালুন, মাছের খলই, চাঁই, পলো, বাঁশের তৈরি হাতপাখা বা বিছুন ইত্যাদির জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক পণ্য। তারা বলেন, "আগে সবাই দিন-রাত পরিশ্রম করে কাজ করতাম কিন্তু এখন লাভ না হওয়ায় কোনো রকমে বাপ-দাদার পেশা ধরে রেখেছি।"

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন দৈনিক ইনকিলাবকে বলেন, "বর্তমানে প্লাস্টিকের তৈরি পণ্য সস্তায় পাওয়া যাওয়ায় বিভিন্ন জিনিসপত্র এসব পণ্যের স্থান দখল করে নিয়েছে। ফলে প্লাস্টিকের এসব জিনিসপত্রের সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে যেন মুখ থুবড়ে পড়েছে গ্রাম বাংলার ঐতিহ্য এই কুটির শিল্পটি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ২য় সেশনে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ২য় সেশনে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত সূচনা করার পর বাংলাদেশ দ্বিতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। দুই ওপেনারের ব্যাটে ১২৪ রানের উদ্বোধনী জুটির পর হঠাৎ করেই দলটি ছন্দ হারাতে শুরু করে। মাত্র ১০২ রান যোগ করার মধ্যেই ৫ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। আবুধাবিতে প্রথম দিনের দ্বিতীয় সেশনে ৫২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২৬ রান।

ওপেনিংয়ে তানজিদ হাসান ও শাদমান ইসলামের ব্যাটিংয়ে বাংলাদেশ বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করেছিল। তানজিদ ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করে আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেন। অন্যদিকে, শাদমান ১১১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যেখানে ৭টি চার রয়েছে। তাঁদের জুটিতে ২২.৫ ওভারে ১২৪ রান উঠে।

তানজিদ ফিরে যাওয়ার পর উদ্বোধনী জুটি ভেঙে যায়। এরপর শাদমান ও মুমিনুল হক মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও দ্রুত রান তোলার গতি কমে যায়। ৩৭.৫ ওভারে ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ৭০ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। ৪৭.৪ ওভারে দলীয় ২২১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে।

এরপর বাংলাদেশ আরও বড় ধাক্কা খায়। ৭ বলের ব্যবধানে মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত সাজঘরে ফিরে যান। মুশফিক ৭ বলে কোনো রান করতে পারেননি, আর শান্ত ৪২ বলে ২৯ রান করে ৫০.৪ ওভারে ফিরে যান। ২২১ থেকে ২২৫—মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে।

দ্রুত তিন উইকেট হারানোর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ইনিংসটি সামলানোর চেষ্টা করছেন। লিটন ৩ রান এবং মিরাজ শূন্য রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হাতে এখনো প্রথম ইনিংসে পাঁচটি উইকেট রয়েছে।

আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমাদজাই ২টি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইসমত আলম, মোহাম্মদ সেলিম ও কাইস আহমাদ।

দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটিং দেখে বড় সংগ্রহের আশা তৈরি হলেও দ্বিতীয় সেশনের এই ধস সেই আশায় আঘাত হেনেছে। প্রথম সেশনের সাফল্য ধরে রাখতে না পারায় এখন ইনিংসকে আরও বড় করার দায়িত্ব লিটন ও মিরাজের কাঁধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার দেখার ক্ষেত্রে নিউজিল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীদের বিরত রাখার ক্ষমতা নেই দেশটির জাতীয় সেন্সর কর্তৃপক্ষের।

স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের জাতীয় সেন্সর কর্তৃপক্ষের এক মুখপাত্র এই তথ্য প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার নিয়ে বিভিন্ন দেশের সরকারকে প্রতিবাদ জানাতে মানবাধিকার সংগঠনগুলোর আহ্বানের প্রেক্ষিতে এই বক্তব্য এসেছে।

মার্কিন সেনাবাহিনীর সাবেক মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করার ঘটনায় দোষী সাব্যস্ত হন।

পেন্টাগন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, টেক্সাসে ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং এই ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হবে। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করার নজির নেই।

বিশেষ করে তরুণদের ক্ষতিকর ইন্টারনেট বিষয়বস্তু থেকে সুরক্ষার প্রচেষ্টা যখন জোরদার হচ্ছে, তখন এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের সমালোচনার মুখে পড়তে পারে।

নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া জানানো দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির একটি স্বাধীন সরকারি সংস্থা ‘ক্লাসিফিকেশন অফিস’ জানায়, সরাসরি সম্প্রচারের সময় এ ধরনের বিষয়বস্তু দেখা বা অ্যাক্সেস সীমিত করা নিয়ে নানা জটিলতা রয়েছে।

নিউজিল্যান্ডের সেন্সর কর্তৃপক্ষের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কোনো সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান চলাকালে সেটিকে কোনো নির্দিষ্ট শ্রেণিতে নিষিদ্ধ বা সীমাবদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। আমাদের বা অন্য কোনো সংস্থার লাইভস্ট্রিম ইভেন্ট দেখা বা অ্যাক্সেস বন্ধ করার এখতিয়ার নেই।’

নিউজিল্যান্ডের সেন্সর কর্তৃপক্ষের প্রধান ক্যারোলিন ফ্লোরা বলেন, দেশটির আইন অনুযায়ী কোনো বিষয়বস্তু নিষিদ্ধ করার মানদণ্ড কঠোর। এ ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা এবং সম্ভাব্য ক্ষতির ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

তিনি উল্লেখ করেন, কোনো বিষয়বস্তু যতই পীড়াদায়ক হোক না কেন, তা সব সময় বেআইনি না-ও হতে পারে। কোনো বিষয়বস্তু বা ঘটনা বাস্তবে ঘটার আগেই সেটির সম্ভাব্য শ্রেণীবিভাগ নিয়ে কোনো আগাম মন্তব্য করা যাবে না।

তিনি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসার পর নেটসেফের মতো অনলাইন নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো তথ্য ও পরামর্শ দিতে পারে।

মন্তব্যের জন্য নিউজিল্যান্ড সরকার তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

নিউজিল্যান্ডের জন্য এই খবরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০১৯ সালে দেশটিতে এক বন্দুকধারী দুটি মসজিদে ৫১ জনকে হত্যা করেছিলেন এবং ফেসবুকে সেই অপরাধের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছিলেন।

এরপর থেকে অনলাইনে সহিংস বিষয়বস্তু মোকাবিলার ক্ষেত্রে দেশটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ওই হামলার কয়েক মাস পরেই তৎকালীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ বিষয়ে একটি বৈশ্বিক প্রচারণা শুরু করেছিলেন।

বিশ্বজুড়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এখন অত্যন্ত বিরল। সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে এমনটি ঘটতে দেখা গেছে, তার মধ্যে রয়েছে ইরান ও তালেবান-শাসিত আফগানিস্তান।

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে আহ্বান জানিয়েছে যেন তিনি যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেন, যাতে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

মানবাধিকার সংগঠনটির ক্যাম্পেইন ম্যানেজার কিনজোম ধংডু বলেন, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য জনসমক্ষে সরাসরি সম্প্রচারের প্রস্তাবটি মানুষের মর্যাদার প্রতি এক চরম অবমাননা। রাষ্ট্রের অনুমোদনে সংঘটিত কোনো হত্যাকাণ্ডকে জনসমক্ষে প্রদর্শনের বিষয়বস্তুতে পরিণত করা মৃত্যুদণ্ডের নিষ্ঠুরতাকে আরও বাড়িয়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%