প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের নতুন বিয়ের খবর জানার পর অন্তঃসত্ত্বা প্রেমিকা তার বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান নিয়েছেন। তবে প্রেমিকার উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ওমর ফারুক নববধূকে নিয়ে গা-ঢাকা দিয়েছেন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে প্রেমিক ওমর ফারুকের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওমর ফারুক ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী নারী বোরকা ও নেকাব পরিহিত অবস্থায় বসতঘরের সামনে একটি চেয়ারে বসে আছেন। তবে সেখানে ওমর ফারুককে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীর অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
ওই নারী আরো জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফারুক অন্যত্র বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে ওঠেন। বিষয়টি জানার পর তিনি বারবার ফারুকের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। কোনো উপায় না পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগত সন্তানের পিতৃপরিচয় ও বিয়ের দাবিতে তিনি ফারুকের বাড়িতে এসে অবস্থান নেন।
অভিযুক্তের বাবা নিজাম উদ্দিনও গা ঢাকা দিয়েছেন। বাড়িতে ছিলেন ওমর ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার দেবরকে পারিবারিকভাবে বিয়ে করিয়ে নতুন বউকে বাড়িতে তুলে আনা হয়। এরই মধ্যে রাতে এক নারী এসে দেবরের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করেন। কিন্তু দাবির স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে দেবর তার নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
প্রতিবেশীরা জানান, দুপুরে ফারুক নববধূকে নিয়ে বাড়িতে এলে পরিবারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে রাতেই এক নারী বাড়িতে এসে দাবি করেন, তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এই ঘটনার পরপরই পুরো পরিস্থিতি বদলে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই মধ্যে ফারুকের বাবাসহ নববধূকে নিয়ে ফারুক আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন