প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিগারুল ইসলাম
চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : সারাদেশে শুঁটকি উৎপাদনের পাশাপাশি চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির আলাদা কদর রয়েছে। স্বাদ ও গন্ধের অনন্যত্বের কারণে চট্টগ্রামের শুঁটকি ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামের শুঁটকি ব্যবসার কেন্দ্রবিন্দু বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। শতাব্দী প্রাচীন এই বাজারে বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা ঘটে।
প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক শুঁটকির হাট বসে আছাদগঞ্জে। হাটের দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও বিকিকিনি হয়ে থাকে। হাটের দিন ভোর থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, উত্তরবঙ্গ এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে ভিড় জমান। এই বাজার থেকে দেশের মোট শুঁটকি চাহিদার ৩০-৩৫ শতাংশ পূরণ করা হয়। ৪৫ জন আড়তদার এবং ৩০০টির মতো খুচরা দোকান নিয়ে আছাদগঞ্জের এই পট্টিতে অসংখ্য শ্রমিকের জীবনযাত্রা জড়িত। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা শুঁটকি নামানো, শুকানো, বস্তায় ভরা এবং বহন করার কাজে ব্যস্ত থাকেন।
আছাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে শুঁটকির চাহিদা (প্রতি বছর) প্রায় ৬০ হাজার টন। এর মধ্যে দেশেই উৎপাদন হয় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা হয়। যা মোট চাহিদার ৫৫ শতাংশ। বাজারে আসা মাছের আকার, শুষ্কতা ও গুণগত মানের ওপর ভিত্তি করে শুঁটকির পাইকারি দামে বৈচিত্র্য রয়েছে। আবার দেশে উৎপাদিত শুঁটকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির কদর অনেক বেশি।
চট্টগ্রাম নগরীর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তীরে এবং কর্ণফুলীসহ বিভিন্ন নদীর তীরে দেশের অন্যতম শুঁটকি পল্লী গড়ে উঠেছে। বিশেষ করে কর্ণফুলী নদীর উত্তর-দক্ষিণ তীরঘেঁষা বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট, ফিসারী ঘাট, চাক্তাই, রাজাখালী, মইজ্যারটেক ও জুলধায় বিশাল কর্মযজ্ঞ গড়ে উঠেছে। এছাড়া বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা, জালীয়াখালী নতুন বাজার সংলগ্ন ও শেখেরখীলের পূর্বাঞ্চলীয় এলাকা এবং আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বঙ্গোপসাগরের তীরে তিন কিলোমিটার জুড়ে গ্রামের নারী-পুরুষরা রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এলাকার দুই শতাধিক স্পটে গড়ে তোলা শুঁটকি পল্লীতে প্রতিদিন সূর্যের তাপে শুকানো হচ্ছে সাগর থেকে সংগ্রহ করা ছোট-বড় ২০ থেকে ২৫ প্রজাতির মাছ। নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক নিয়োজিত আছেন শুঁটকি উৎপাদন কাজে।
নগরীর বাকলিয়া ও ডাঙ্গারচর শুঁটকি পল্লীতে সরেজমিনে গেলে দেখা যায়, বাকলিয়া থানা বাস্তুহারা এলাকার কর্ণফুলীর তীরে ৯৮ একরের বিশাল শুঁটকি পল্লিতে ১২০টি মাচাং-এ শুকানো হচ্ছে শুঁটকি। এখানে প্রতিদিন গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন বলে সেখানের শুঁটকি উৎপাদনকারীরা জানান। এখানে শুঁটকি শ্রমিক ও ব্যবসায়ীরা যার যার মত ব্যস্ত। যেন দম ফেলার ফুসরত নেই কারো। সেখানেই একটি আড়তের মাচাং-এ নারী শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন মর্জিনা বেগম (৪৫)।
তিনি জানান, সূর্য ওঠার পর ভোর থেকেই কর্মব্যস্ততা শুরু হয়। আর সূর্য ডোবা পর্যন্ত এভাবে চলে। পাশের আড়তের ছখিনা খাতুন বলেন, সারাদিন কাজ শেষে মজুরি পাব ৫০০ টাকা। আর তা দিয়েই চলে সংসার। শুধু মর্জিনা-ছখিনা নয়, তাদের মত দুই হাজারের বেশি নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিকের আয়-রোজগারের উৎস চট্টগ্রামের এই শুঁটকি পল্লীগুলো।
ডাঙ্গারচরে শুঁটকি শুকানো শ্রমিক নুর কাদের জানান, সাগর থেকে আনা কাঁচা মাছ প্রথমে পরিষ্কার পানিতে ধোয়া হয় এবং তারপর নাড়িভুড়ি কেটে ফেলে দেয়া হয়। এরপর মাচাং-এ শুকাতে দেয়া হয়। বর্তমানে সূর্যের তাপে ৩/৪ দিনের মধ্যেই কাঁচা মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত হচ্ছে। এরপর উৎপাদিত শুঁটকিগুলো বস্তাভর্তি করে ট্রাকে করে পাঠানো হচ্ছে আছাদগঞ্জসহ দেশের বিভিন্ন আড়তে।
শনিবার (৭ নভেম্বর) আছাদগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লইট্যা শুঁটকি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১৫০০ টাকায়। ছোট ও বড় সাইজভেদে ছুরি শুঁটকি ৬০০ থেকে ২০০০, রূপচাঁদা শুঁটকি ২০০০ থেকে ৫০০০, বড় সাইজের লাল চিংড়ি ১৬০০ থেকে ২৫০০ এবং ছোট চিংড়ি ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। সবচেয়ে দামি লাক্ষা শুঁটকি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০০ থেকে ৫৫০০ টাকায়। এছাড়া ফাইস্যা ৩০০ থেকে ১০০০, মইল্ল্যা ৬০০ থেকে ৮৫০, পাত্তারা ৮০০ থেকে ১২০০ এবং নোনা ইলিশ আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ১২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। অন্যদিকে মিঠা পানির শুঁটকির মধ্যে প্রতি কেজি দেশি শোল বিক্রি হচ্ছে ১০০০, বোয়াল ৭০০ থেকে ৮০০, বাইম ১৫০০ থেকে ১৬০০, পুঁটি ৫০০ থেকে ৬০০ এবং টেংরা শুঁটকি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।
আছাদগঞ্জের বাজারে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি মাটির কলসি। কিছু কলসি দোকানের সামনে, কিছু ভেতরে স্তূপ করে রাখা। দূর থেকে দেখে মনে হতে পারে হয়তো আচার কিংবা অন্য কোনো খাদ্যপণ্য রাখা আছে। কাছে গেলেই ভেসে আসে পরিচিত গন্ধ। কলসিগুলোর ভেতর ভর্তি চ্যাপা শুঁটকি।
মেসার্স সুকোমল বড়ুয়া প্রতিষ্ঠানের সামনে এমন অর্ধশতাধিক কলসি দেখা গেল। একটির মুখ খুলতেই দেখা যায়, স্তরে স্তরে সাজানো শুঁটকি। বহু বছর ধরে এভাবেই শুঁটকি সংরক্ষণ করে আসছেন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটির কর্ণধার সুমন বড়ুয়া বলেন, কলসিতে রাখলে শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে। একটি কলসিতে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত শুঁটকি রাখা যায়। তবে মুখ শক্ত করে বেঁধে দিতে হয়, যাতে বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে শুঁটকির মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
ব্যবসায়ী আলী আহমদ বলেন, ছোট আকারের শুঁটকি এখনো কলসিতে রাখা যায়। কিন্তু বড় আকারের শুঁটকি সংরক্ষণ করতে হলে হিমাগারের বিকল্প নেই। এতে খরচ বাড়ে। তবু পণ্যের মান ঠিক রাখতে সেই পথেই হাঁটতে হচ্ছে ব্যবসায়ীদের।
এদিকে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত মোট শুঁটকির প্রায় ৭০-৮০ শতাংশই আছাদগঞ্জ ও চাক্তাই পাইকারি বাজার থেকে সরবরাহ করা হয়।
শুঁটকি আড়তদার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম বলেন, আশির দশক পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশে শুঁটকি তৈরি হতো। বর্তমানে উপকূলবর্তী বিভিন্ন দেশে শুঁটকি তৈরি হচ্ছে। শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি শুঁটকি তৈরি হয়। আছাদগঞ্জ থেকে সারাদেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা শুঁটকি নিয়ে যায়। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশীয় শুঁটকি দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে শুঁটকি রপ্তানি হয়। সরকারের সঠিক উদ্যোগ ও সহযোগিতা পেলে বাংলাদেশের শুঁটকি অন্যতম রপ্তানিখাত হতে পারে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, চট্টগ্রামের শুঁটকির মুখরোচক স্বাদ প্রকৃতির অকৃপণ ঐশ্বর্য। ভোজনরসিক বাঙালি চট্টগ্রামের শুটকির মুখরোচক স্বাদের সাথে সহজেই তফাৎ খুঁজে নিতে পারেন অন্য শুটকির। এ শুঁটকির সুখ্যাতি রয়েছে দেশি-বিদেশি অতিথিদের ভোজনবিলাসেও।
আছাদগঞ্জ খুচরা শুটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের জানান, অক্টোবর থেকে শুঁটকির মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল পর্যন্ত চলবে। পুরো বছরে আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতি কেজি গড়ে ৮০০ টাকা হলেও বছরে ২৪০০ কোটি টাকার লেনদেন হয়।
তিনি বলেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারের চাহিদার বড় একটি অংশ এখন আমদানির মাধ্যমে মেটাতে হচ্ছে। ভারত ও মিয়ানমার থেকে লইট্টা, ফাইস্যা, পোয়া, নাইলা ও ছোট ছুরি মাছের শুঁটকি বেশি আসে। আমদানিকৃত শুঁটকি কোল্ডস্টোরে রাখতে হয়। এতে পোকার আক্রমণ কম হয়। তবে আমদানিতে খরচও কম নয়। প্রতি কেজি শুঁটকি আমদানিতে সরকারি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে ১৭০ থেকে ১৮০ টাকা ব্যয় হয়। সেই প্রভাব শেষ পর্যন্ত বাজারদরেও পড়ে।
সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে আহরণ করা বিশেষ জাতের ছোট আকৃতির মাছগুলো দিয়ে শুটকি উৎপাদন করা হয়। শুধু চট্টগ্রামে নয়, এখানে উৎপাদিত শুঁটকি ঢাকা, রাজশাহী, রংপুরসহ সারাদেশের মানুষের চাহিদা মেটানো হচ্ছে। এমনকি এখানে উৎপাদিত শুঁটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের মানুষের প্রোটিনের চাহিদার একটি বড় অংশ চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি থেকে পূরণ হচ্ছে বলে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন