প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে চলতি সপ্তাহে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।
এই সফরের অংশ হিসেবে আর্জেন্টিনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে আয়োজিত একটি ফোরামে তিনি অংশগ্রহণ করবেন, যা রোববার দেশটির সরকার ঘোষণা করেছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, এই সফর এমন একটি সময়ে হচ্ছে যখন আর্জেন্টিনার অর্থনীতিতে স্থবিরতার লক্ষণ দেখা যাচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের তিন মাসের তুলনায় ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে।
এক সপ্তাহ আগে, মিলে ইউরোপের সমালোচনা করে বলেছিলেন যে অতিরিক্ত নিয়ন্ত্রণ, অভিবাসন এবং তথাকথিত ‘ওয়োক’ চিন্তাধারার কারণে ইউরোপ কার্যত এসবের কাছে পরাধীন হয়ে পড়েছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উল্লেখ করেন। মিলে বলেন, ইউরোপীয়রা তার মিত্র ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন, কারণ ট্রাম্প ইউরোপের অবনতির দিকে যাওয়ার বিষয়ে ‘সত্য কথা’ বলেন।
নিজেকে ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া কট্টরপন্থী উদারনৈতিক প্রেসিডেন্ট মিলে বৃহস্পতিবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-তে বক্তব্য দেবেন। ওই দিনই পরে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, যা সরকারের প্রকাশিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
মিলে মঙ্গলবার প্যারিসের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে সরকারি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ‘আর্জেন্টিনা উইক’ নামে এই বিনিয়োগ ফোরাম ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর মিলে সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেছেন। এর ফলে তার সরকার বাজেট উদ্বৃত্ত অর্জন করতে সক্ষম হয়েছে এবং একসময় তিন অঙ্কে থাকা মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে এসেছে।
বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার প্রায় ৩৫ শতাংশে নেমে এসেছে।
তবে টানা তিন বছরের কৃচ্ছ্রসাধন বা সরকারি ব্যয় কমানোর নীতির কারণে লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিল্প খাত, কর্মসংস্থান এবং মানুষের ভোগব্যয় দুর্বল হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন