প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াতে ইসলামীর আমির বর্তমান সরকারের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে ‘তিলে তিলে বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছেন’। একইসঙ্গে তিনি বলেছেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করা হলে জাতীয় ঐক্য বা সরকারের প্রতি কোনো সহযোগিতা থাকবে না।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জামায়াত আমির সরকারের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে বলেন, “জাতির সাথে সত্যিকার অর্থে তারাই করেছেন অন্তহীন প্রতারণা। আমাদের জবাব খুবই স্পষ্ট—আমরা এগুলা মেনে নেব না, এর বিরুদ্ধে সংসদের ভিতরে এবং বাইরে আমাদের লড়াই চলবে সমানতালে।”
তিনি উল্লেখ করেন, আজকের বাংলাদেশ ভালো নেই এবং এর পেছনের কারণ সবার সামনে পরিষ্কার। তাঁর দাবি, পাঁচ তারিখের পর থেকেই সরকার সব ভুলে গেছে এবং ছয় তারিখ থেকেই আগের শাসনামলের মতো চাঁদাবাজি, দখল বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে।
প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্দোলনের আইকন আবু সাঈদের জন্মস্থানে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং জনগণকে হ্যাঁ ভোটে রায় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁর পাশে বসে যাঁরা সংসদে কথা বলেন, তাঁরা আগে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বললেও পরে সংসদে দাঁড়িয়ে অনেক কিছু মেনে নেওয়ার কথা বলেছেন—যাকে তিনি জাতির সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংবিধান ও অন্যান্য বিষয়ে আইনমন্ত্রী বা সংশ্লিষ্টরা মতামত দিলেও যে মন্ত্রণালয়ের ওপর মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা নির্ভর করে, সেখানে অবস্থান শূন্য। তাঁর কথায়, “তিনি কোন কিছুই পারছেন না, কোন কিছুতেই তার কোন সফলতা নাই, জনগণ দেখতে পাচ্ছে না। সামান্য আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ এত ব্যর্থতার পরে এই জায়গায় আর থাকতে পারে না, নিজ থেকেই সরে যাওয়ার কথা। কিন্তু অজানা সুতার টানে হাত কামড়ে পড়ে আছেন আর তিলে তিলে বাংলাদেশটাকে তিনি শেষ করে দিচ্ছেন।”
সাত দফা দাবি ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, জনগণের ৭০ শতাংশ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে এবং নির্বাচনের আগে সব পক্ষই তা বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু জুলাই সনদের যে ধারাগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যায় না, সেসব জায়গায় ভিন্নমত বা ‘মতলবি ডিসেন্ট’ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আন্দোলনে যুবসমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, মানুষ একটি দল বদলে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি, বরং ব্যাপক পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। কঠিন সময়ে রাস্তায় নেমে আসা মাদরাসা শিক্ষার্থী ও যুবকদের আজ প্রাপ্য মূল্যায়ন করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিগত অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে চায়ের দাওয়াতে ১৫ মিনিটের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রশ্নে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে দেশে জাতীয় ঐক্য হবে না। এ দুটি বিষয় মানলে যেকোনো অপশক্তিকে মোকাবিলায় তাঁরা একসঙ্গে থাকবেন বলেও জানান।
প্রশাসন ও দুর্নীতি প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, পরিবর্তনের কোনো লক্ষণ না দেখে বরং প্রশাসনের সব স্তরে অযোগ্য ও দলকানা লোক বসানো হচ্ছে, যাঁরা দুর্নীতিবাজও। ফলে জুলাই আন্দোলনের দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, সংসদ যদি অকার্যকর, অপ্রয়োজনীয় ও জাতির বোঝা হয়ে দাঁড়ায়, তবে সেই সংসদে তাঁরা থাকবেন না।
জ্বালাও-পোড়াও ও ধ্বংসের আন্দোলনে বিশ্বাসী নন জানিয়ে তিনি বলেন, যাঁরা এমন আন্দোলনে জড়িত, তাঁদের সঙ্গে আঁতাত বাদ দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, আশ্রয়-প্রশ্রয় কিংবা সম্পদ ও ব্যবসার ভাগবাটোয়ারার মতো দ্বিমুখী নীতি থেকে সরকার বের না হলে সরকারের সঙ্গে কোনো ঐক্যের প্রশ্ন আসে না বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরো বলেন, সরকার সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত ও সুষ্ঠু সমাজ গড়তে চাইলে নিজেদের সংশোধন করতে হবে। বিরোধী দলকে ‘চৌকিদার’ বা ‘লাঠিয়াল’ বানানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। তাঁর ভাষায়, “আপনারা প্রকাশ্যে জাতিকে জানাবেন যে জাতির দেওয়া ৭০ ভাগ মানুষের দেওয়া ভোট, গণভোটকে আপনারা সম্মান করবেন, বাস্তবায়ন করবেন; এর আলোকে সংস্কার করবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করবেন—আমাদের সকল আন্তরিক সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। এর বাইরে কোন ঐক্যও নাই, কোন সহযোগিতাও নাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন