প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে, তাদের সকলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটি মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। এটি একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর হত্যাকাণ্ড। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সকল আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, তিনজনের পর আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
গ্রেফতারকৃতদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘যে সমস্ত কিশোররা জড়িত, তাদের বয়সের মধ্যে দুইজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে। তারা কিশোর অপরাধ চক্রের সদস্য। তাদের সঙ্গে ইশায়াতের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। তারা প্রায় সময় আড্ডা দিত। তথ্য অনুযায়ী, তারা ইশায়াতের বয়সের ৫ থেকে ১০ বছর বড়।’
অপ্রতিমের মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা ঘটেছে, সেটি প্রধান সন্দেহভাজন আসামির কাছে উদ্ধার করা হয়েছে। তার নাম তুহিন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছে।’
পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘পুলিশ ১২ ঘণ্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আলামতসহ অন্যান্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেনসিক অ্যানালাইসিস করছে এবং নিহতের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, তার দাফন আজকে হয়েছে।’
দ্রুত বিচার শেষ করার আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি, রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারও আমরা সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন করতে পারব। বিচার করবে আদালত। আমরা আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।’
তিনি আরো বলেন, ‘আশা করি বিচার বিভাগ রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করেছে, সেরকম পদক্ষেপ নিবেন।’
বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন