প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমানবন্দরে তারকাদের চারপাশে আলোকচিত্রীদের ব্যস্ততা নতুন কিছু নয়। তবে সব সময় ক্যামেরার সামনে স্বস্তিতে থাকেন না তারা। সম্প্রতি, পেছন দিক থেকে ছবি তোলার বিষয়ে আপত্তি জানিয়ে আলোকচিত্রীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মানুষী চিল্লার এবং সেই ছবি মুছে ফেলার অনুরোধ করেছেন ভারতীয় এই অভিনেত্রী।
মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে মানুষীকে দেখা যায়। গাড়ি থেকে নামার পর হাসিমুখে আলোকচিত্রীদের সামনে পোজ দেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি পাপারাজ্জিদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী। কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশের সময় পরিস্থিতি পরিবর্তিত হয়। পিছন দিক থেকে কয়েকজন আলোকচিত্রী ছবি তুলতে থাকেন। বিষয়টি লক্ষ্য করতেই তাদের থামিয়ে দেন মানুষী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে শান্তভাবে বলতে শোনা যায়, "দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।"
নিজের আপত্তি জানানোর পরও আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন মানুষী। তাদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিদায় জানান এবং এরপর বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।
তারকাদের ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত স্বস্তি ও গোপনীয়তার বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। বিশেষ করে অস্বস্তিকর দৃষ্টিকোণ থেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে বিভিন্ন তারকা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
মানুষীর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী এ ধরনের ছবি তোলার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন