ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার


ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার

ফিফার সভাপতি নির্বাচনে সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফরাসি এই কোচ ফিফা সভাপতির পদে লড়ার বিষয়ে ভাবনা চিন্তা করছিলেন। তবে বিবিসি স্পোর্টের সূত্র জানিয়েছে, তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান ফিফা প্রধান ইনফান্তিনো সম্প্রতি বড় চাপের সম্মুখীন হয়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, যা তার অবস্থানকে দুর্বল করে তুলেছে।

আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে হবে: ফুটবল ফেডারেশন প্রধান

বর্তমানে ফিফার বৈশ্বিক উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ওয়েঙ্গার প্রার্থী হলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পেতেন বলে ধারণা করা হচ্ছিল। উয়েফা ইনফান্তিনোর বিভিন্ন নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার অবস্থানে রয়েছে।

শনিবার ফরাসি সংবাদপত্র ল’একিপ জানায়, ওয়েঙ্গারের ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা অত্যন্ত কম।

ফুটবল বিশ্বজুড়ে ওয়েঙ্গারের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে তার নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত ইনফান্তিনোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি ফিফা সভাপতির চতুর্থ মেয়াদ নিশ্চিত করার চেষ্টা করছেন।

তবে বুধবারের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমার আগে উয়েফা এখনও বিকল্প কোনো প্রার্থী খুঁজে পাওয়ার আশায় রয়েছে।

আরও পড়ুন: সেমিফাইনালে হারের পর গোলরক্ষক শ্রাবণ ক্ষমা চাইলেন

ইনফান্তিনো-বিরোধী শিবিরের একজন প্রভাবশালী ব্যক্তি বিবিসি স্পোর্টকে বলেছেন, "এটি সত্যিই হতাশাজনক খবর।"

তিনি আরও বলেন, "তিনি নিখুঁত নাও হতে পারেন, কিন্তু আমি মনে করি তিনি বিশ্বের অনেক মানুষকে একত্রিত করতে পারতেন।"

অক্টোবরে সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার র‌্যামন ভেগা প্রথম ব্যক্তি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

এছাড়া জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ৩৯ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার অস্ট্রেলিয়ার

তবে সূত্র জানিয়েছে, ৬৮ বছর বয়সী তাশিমা এখনও সদস্য দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় পাঁচটি সমর্থন পাননি। তা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিতর্কিত এফএফই প্রকল্প ঘিরে সমালোচনার সময় ওয়েঙ্গার নিজেকে ওই পরিকল্পনা থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।

তিনি বলেছিলেন, "আমি এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম না এবং গণমাধ্যমে খবর প্রকাশের পরই প্রথম এ সম্পর্কে জানতে পারি।"

আরও বলেন, "প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল একেবারেই প্রয়োজনীয় এবং এ নিয়ে কোনো প্রশ্নই নেই। কারণ আমি এমন একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলের সেবা করবে।"

আরও পড়ুন: জাপান হতে পারে বিশ্বের সেরা ফুটবল দল: কোচ মরিয়াসু

ইনফান্তিনো এখনও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার অনেক সদস্য দেশের সমর্থন ধরে রেখেছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, বিশ্ব ফুটবলের "বিরাট, বিরাট সংখ্যাগরিষ্ঠ" অংশ তার পক্ষে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় কৃষকের অধিকার নিয়ে খালি থালা হাতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


খুলনায় কৃষকের অধিকার নিয়ে খালি থালা হাতে মানববন্ধন

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহ শেষ হলেও প্রান্তিক কৃষকদের জন্য কোনো বাস্তবসম্মত ও সরাসরি অর্থায়নের নিশ্চয়তা আসেনি। এর প্রতিবাদে এবং কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি ও শর্তহীন অনুদানের দাবিতে খুলনায় দলিত কৃষক ও নারীদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী ‘খালি থালা’ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি এলাকায় এই কর্মসূচিটি পালিত হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং স্থানীয় উন্নয়ন সংগঠন ‘ধ্রুব-খুলনা’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক ও দলিত কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও বৈশ্বিক জলবায়ু সম্মেলনগুলোতে তাদের ন্যায্য অধিকার উপেক্ষিত থেকে যাচ্ছে। কপ৩১-এর প্রথম সপ্তাহের আলোচনায় কৃষকের সুরক্ষায় সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখা যায়নি।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, “কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই জ্বালানি ও কৃষি ব্যবস্থার ন্যায্য রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ কোনোভাবেই ঋণ হিসেবে দরিদ্র কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। আমরা উন্নত বিশ্বের কাছে শর্তহীন সরাসরি অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানাই।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধ্রুব সংস্থার কর্মকর্তা আলো দে, শিক্ষিকা সোমা আইচ, এনজিও কর্মকর্তা বাসুদেব দাস, ঝর্ণা সরকার এবং সাংবাদিক বাহার উদ্দিন। এছাড়াও স্থানীয় দলিত সম্প্রদায়ের বিপুল সংখ্যক কৃষক ও নারী-পুরুষ খালি থালা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

সমাবেশ থেকে অবিলম্বে কৃষিবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরাসরি ভর্তুকি প্রদান এবং জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। কারণ, বাংলাদেশ এবং মাওলানা ভাসানী প্রকৃতপক্ষে এক ও অবিচ্ছেদ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৫ নভেম্বর ২০২৬, রোববার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক শানু।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে সফল হতে পারেন, সে লক্ষ্যে তাঁদের সময়োপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দল-মতনির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এ কে এম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে।

আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোরে শেখ খলিফা বিন জায়েদ রোডে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ১০ জন আমিরাতি নাগরিক হলেন– মোহাম্মদ রশিদ আল কিন্দি, খালফান সাঈদ আল মাজরুই, রশিদ মুসা আল দারমাকি, হাজার সালেম খামিস মারজুক আল মেসমারি, আবদুল্লাহ হামাদ আল-হাফিতি, সুহাইর সাঈদ আহমেদ আল-ইয়ামাহি, মরিয়ম আবদুর রহমান আল হাম্মাদি, আমনা সাইফ আল নাকবি, আহলাম সাইফ আল নাকবি এবং আহমেদ থানি জুমা আল মুজাইরদি।

অন্যদিকে, দুর্ঘটনায় নিহত ৪ ভারতীয় নাগরিক হলেন– মোহাম্মদ আসমিল সিদ্দিক, মিসনা জুবিন সিদ্দিক, মুহাম্মদ ফাইজ এবং আতিফ মোহাম্মদ ইমরান মনসুর। এদের মধ্যে প্রথম তিনজন ভারতের কেরালার বাসিন্দা এবং শেষজন গুজরাটের।

রোববার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ফুজাইরাহমুখী শেখ খলিফা বিন জায়েদ রোডে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে যখন একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

ফুজাইরাহ পুলিশ পূর্বে জানিয়েছিল যে, ফুজাইরাহর প্রবেশপথের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে ধীরগতির যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।

সংঘর্ষের ফলে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্য গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই দুর্ঘটনায় ১৮টি ছোট গাড়ি এবং ৫টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুজাইরাহ পুলিশ জানায়, আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৮ জন আমিরাতি, ৭ জন ভারতীয়, ৬ জন ওমানি, ৩ জন মিসরীয়, ২ জন জর্ডানি, ২ জন পাকিস্তানি এবং ২ জন ব্রাজিলীয় নাগরিক রয়েছেন। পরবর্তীতে আরও কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের হরিয়ানায় গরু পাচারের সন্দেহে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ দুই মুসলিম যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ভারতের হরিয়ানায় গরু পাচারের সন্দেহে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ দুই মুসলিম যুবক নিহত

ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মুসলিম যুবক নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর, ২০২৬) ভোরে, দ্য ট্রিবিউন ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়।

নিহতদের মধ্যে সাবির ও গাব্বার (ওরফে হাদিয়া) রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম তাহির, যিনি বর্তমানে নালহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তারও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ) গরু পাচারের গোপন তথ্য পেয়ে সন্দেহভাজন গাড়িটি আটকানোর জন্য সড়কে ব্যারিকেড স্থাপন করে। পুলিশের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যার ফলে গাড়িতে থাকা তিনজন গুলিবিদ্ধ হন।

পুলিশ জানিয়েছে, ওই পিকআপ ভ্যান থেকে সাতটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি .৩১৫-বোর পিস্তল, তিনটি তাজা কার্তুজ এবং পাঁচটি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে নালহার মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবির ও গাব্বারের মৃত্যু ঘটে। আহত তাহিরের চিকিৎসা এখনও চলছে।

নুহ পুলিশের একজন মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। গোলাগুলি এবং প্রাণহানির প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে এই তদন্ত পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%