প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্বক ও পেশির বিভিন্ন সমস্যা দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। তবে কিছু ক্ষেত্রে ত্বকের অস্বাভাবিক পরিবর্তন ও পেশির দুর্বলতা সাধারণ সমস্যা নয়, বরং একটি বিরল অটোইমিউন রোগের লক্ষণ হতে পারে। এই ধরনের একটি রোগ হলো ডার্মাটোমায়োসাইটিস।
এটি একটি বিরল অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ পেশি ও ত্বকের টিস্যুর বিরুদ্ধে কাজ করে। এর ফলে পেশিতে প্রদাহ, দুর্বলতা এবং ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে। রোগটি সঠিক সময়ে শনাক্ত করা, চিকিৎসা করা এবং নিয়মিত পরিচর্যা করা হলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডার্মাটোমায়োসাইটিস সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডার্মাটোমায়োসাইটিসের লক্ষণ সাধারণত ত্বকের পরিবর্তন এবং পেশির দুর্বলতার মাধ্যমে প্রকাশ পায়। এই রোগে মুখ, চোখের পাতা, বুক, পিঠ অথবা হাতের আঙুলের গাঁটে লালচে বা বেগুনি রঙের র্যাশ দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে চুলকানি বা ব্যথা অনুভূত হতে পারে এবং কিছু ক্ষেত্রে ত্বক পুরু, শুষ্ক বা আঁশযুক্ত হয়ে যায়।
অন্যদিকে, এই রোগে পেশির দুর্বলতা সাধারণত কাঁধ, কোমর, ঘাড় ও বাহুর ওপরের অংশে বেশি দেখা যায়। আক্রান্ত ব্যক্তির সিঁড়ি দিয়ে ওঠা, কোনো জিনিস ওপরে তোলা অথবা চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো দৈনন্দিন কাজ করতে অসুবিধা হতে পারে। পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি ও পেশিতে ব্যথাও অনুভূত হতে পারে।
ডার্মাটোমায়োসাইটিসের লক্ষণ এবং রোগের গতিপ্রকৃতি সবার ক্ষেত্রে এক রকম নয়। প্রায় ২০-৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগটি শুধুমাত্র একবারই দেখা দিতে পারে, যা সাধারণত ১-২ বছর স্থায়ী হওয়ার পর উপশম বা রেমিশন পর্যায়ে যেতে পারে। তবে সবচেয়ে প্রচলিত ধরন হলো পুনরাবৃত্তি ও উপশম, যেখানে কখনো রোগের লক্ষণ বেড়ে যায় আবার কখনো কমে আসে বা নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি ক্রমবর্ধমান ধরনের ক্ষেত্রে কয়েক বছর ধরে রোগের লক্ষণ ক্রমাগত বাড়তে পারে। যথাযথ চিকিৎসা না হলে পেশির কার্যক্ষমতা কমে গিয়ে শারীরিক অক্ষমতাও দেখা দিতে পারে।
ডার্মাটোমায়োসাইটিস নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। এমনকি শিশুদের মধ্যেও এ রোগ দেখা যায়। তবে নারীদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি এবং সাধারণত ৪০-৬০ বছর বয়সের মধ্যে রোগটি শনাক্ত হয়। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডার্মাটোমায়োসাইটিসের সঙ্গে কিছু ধরনের ক্যান্সারের সম্পর্ক থাকতে পারে। তাই রোগ নির্ণয়ের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ক্যান্সার স্ক্রিনিং করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডার্মাটোমায়োসাইটিসের লক্ষণ অন্যান্য কিছু রোগের সঙ্গে মিলে যেতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা, রোগের ইতিহাস এবং প্রয়োজনীয় পরীক্ষার সমন্বয়ে মূল্যায়ন করেন। প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা ও রোগের ইতিহাস পর্যালোচনার মাধ্যমে ত্বকের পরিবর্তন, পেশির শক্তি এবং অন্যান্য উপসর্গ পর্যবেক্ষণ করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে পেশির প্রদাহ ও ক্ষতির মাত্রা নির্ণয় এবং অন্যান্য পেশি-সম্পর্কিত এনজাইম পরীক্ষা করা হয়। প্রয়োজনে অটোঅ্যান্টিবডি পরীক্ষাও করা হতে পারে।
ডার্মাটোমায়োসাইটিসের চিকিৎসার মূল লক্ষ্য হলো প্রদাহ নিয়ন্ত্রণ, পেশির শক্তি ও কার্যক্ষমতা বজায় রাখা এবং ত্বকের সমস্যা কমানো। রোগীর বয়স, শারীরিক অবস্থা, রোগের তীব্রতা ও অন্যান্য জটিলতা বিবেচনা করে চিকিৎসক চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করেন। পেশির শক্তি, নমনীয়তা ও স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে ফিজিওথেরাপিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রোগে ত্বকের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষায় নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এবং সুরক্ষামূলক পোশাক পরিধান করা প্রয়োজন। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, ধূমপান পরিহার এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত ব্যায়াম করা সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।
রোগের অগ্রগতি পর্যবেক্ষণ ও চিকিৎসার কার্যকারিতা মূল্যায়নের জন্য রিউমাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করা প্রয়োজন। দীর্ঘমেয়াদি রোগের কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে কাউন্সেলিং গ্রহণ এবং রোগী সহায়তা গ্রুপের সঙ্গে যুক্ত থাকা মানসিক ও সামাজিক সহায়তা পেতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডার্মাটোমায়োসাইটিস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ হলেও এটি নিয়ন্ত্রণের বাইরে নয়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে অধিকাংশ রোগীর পক্ষেই স্বাভাবিক ও সক্রিয় জীবনযাপন করা সম্ভব। তাই ত্বক ও পেশির অস্বাভাবিক পরিবর্তন অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ইতিবাচক মনোভাব বজায় রাখুন, চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।
ডা. ফারজানা সুমি
কনসালট্যান্ট রিউমাটোলজি
এভারকেয়ার হসপিটাল ঢাকা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন