প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতাকে চাপা দেওয়ার ঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত পিকআপের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম রাত্রিকালীন টহল ডিউটির সময় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় ফিরছিল। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশ গাড়িটি দাঁড় করাতে বলেন। রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টিম ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতার মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য—পিএসআই জাবেদ ওমর এবং চালক কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।
এ ঘটনার পর ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-২৬) দায়ের করা হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপের হেলপার গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, হেলপার রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে পিকআপ ভ্যানটির মূল চালক ছিলেন মাজহারুল ইসলাম। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজু শেখকে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন