বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০১:১৭ পি.এম
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয় ও মঞ্চ পরিবেশনার প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের অভিনয় দেখে তাদের পেশাদার শিল্পী মনে হয়েছে, শিক্ষার্থী নয়।
এই বক্তব্য তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চার দিনব্যাপী নাট্য প্রদর্শনীর সমাপনী আয়োজনে ‘ধাবমান’ নাটকের প্রদর্শনী শেষে প্রদান করেন।
ভারতীয় হাইকমিশনার নাট্য প্রদর্শনী দেখে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই নাটকে একদম মস্ত বড় ফিলোসফিক্যাল মেসেজ ছিল, মজা ছিল, আর অসাধারণ মিউজিক ছিল।”
তিনি দর্শকদের নাটকের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে বলেন, “নাটক ওইটাই হয়, যা আমরা যখন দেখি, আমরা ভুলে যাই যে এটা নাটক হচ্ছে। এটা মনে হচ্ছে একটা সত্যি কিছু হচ্ছে।” নাটকের বিভিন্ন দৃশ্যে দর্শকদের হাসি ও আবেগের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দেখছিলাম অনেকটা কান্নার দৃশ্য, চোখে জলও বেরচ্ছিল। এটাই হচ্ছে আসল জীবন।”
দীনেশ ত্রিবেদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ের প্রশংসা করে বলেন, “আপনারা মনে হচ্ছে না স্টুডেন্ট, এমনি মনে হচ্ছে প্রফেশনাল।”
তিনি জানান, নাটক দেখতে চাওয়ার কথা তিনি তার স্টাফদের জানিয়েছিলেন এবং এদিন সেই সুযোগ পেয়েছেন। প্রদর্শনী দেখতে এসে তার ভালো লেগেছে বলেও জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক দেখতে আবারও আসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “যখন আপনার নাটক হবে আমাকে নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই আসবো।” পরে তিনি আয়োজকদের শুভকামনা জানান।
নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে এ চার দিনের নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘যৌবতী কন্যার মন’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘ধাবমান’। ‘যৌবতী কন্যার মন’ নির্দেশনা দেন আফরিন হুদা তোড়া এবং ‘ধাবমান’ নির্দেশনা দেন কৃপাকণা তালুকদার।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা, সহকারী অধ্যাপক কামলউদ্দিন কবির, সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্বরা।
নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা সমাপনী বক্তব্যে চার দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।
চার দিনের এ আয়োজনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় ও প্রযোজনার মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীনের নাট্যকর্ম দর্শকদের সামনে তুলে ধরেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ধারাবাহিক এ প্রদর্শনী বিভাগের শিক্ষার্থীদের মঞ্চচর্চা ও প্রযোজনাভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
মিষ্টির পদত্যাগের সম্ভাবনা সামনে আসে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর।
ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যার সঙ্গে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এছাড়া, মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নদীপারের কাঁশফুল ও নীল আকাশে সাদা মেঘের ভেলা নির্দেশ করে যে শরতের শাসন চলছে প্রকৃতিতে। তবে, দেশের উত্তর দুয়ার হিসেবে পরিচিত পঞ্চগড়ে শীতের আগমন ঘটতে শুরু করেছে।
শীতকাল এখনও পুরোপুরি আসেনি, কিন্তু হেমন্তকে অতিক্রম করে এই ঋতু তার আগমনী বার্তা জানাতে শুরু করেছে। যখন নগরের বাসিন্দারা গরমে হাঁসফাঁস করছেন, তখন পঞ্চগড়ে শীতল হাওয়া বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত জনপদটিতে কয়েকদিন ধরে শীতের আভাস দেখা যাচ্ছে। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও রাতে তাপমাত্রা কমছে, ফলে প্রকৃতিতে শীত অনুভূত হচ্ছে। ভোরের আলো ফুটতেই পথঘাটে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর নেমে আসছে।
কুয়াশা সাধারণত সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত থাকে। অনেকেই রাতে কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছেন। ভোরে বাইরে বের হলে শরীরে হিমেল বাতাসের কোমল ছোঁয়া লাগছে। শীত পুরোপুরি আসার আগের এই সময় পঞ্চগড়ের প্রকৃতিতে বেশ উপভোগ্য। এখানে কনকনে ঠাণ্ডা নেই এবং শীতের তীব্রতা অনুভূত হচ্ছে না। কেবলমাত্র হালকা শীতের মায়াবী আমেজ বিরাজ করছে।
পঞ্চগড়ের প্রতি মানুষের ধারণা ভিন্ন। কেউ কুয়াশায় মোড়া ভোরের কথা বলেন, কেউ সীমান্তঘেঁষা নির্মল প্রকৃতির কথা। আবার কেউ হিমেল বাতাসে দাঁড়িয়ে দূর পাহাড়ের হাতছানির কথা উল্লেখ করেন। শীত যত এগোবে, প্রকৃতির এই রূপ পরিবর্তিত হবে। কুয়াশা ঘন হবে, রাতের তাপমাত্রা আরও কমবে, এবং পঞ্চগড় হয়ে উঠবে শীতপ্রেমীদের কাঙ্ক্ষিত গন্তব্য।
এখনই নগরের কোলাহল ছেড়ে পঞ্চগড়ের এই ব্যতিক্রমী আবহাওয়া উপভোগ করতে ভ্রমণপিপাসুরা ছুটছেন। নগরের ব্যস্ততা, যানজট ও কোলাহল পেছনে ফেলে কেউ সবুজের কাছে যাচ্ছেন, কেউ শীতের আগমনী গান ও সৌন্দর্য খুঁজছেন।
সকালবেলার কুয়াশা, শিশিরভেজা ঘাস, বিস্তীর্ণ ফসলের মাঠ এবং নীল আকাশ মিলিয়ে পঞ্চগড় যেন প্রকৃতির হাতে আঁকা শিল্পীর চিত্রকর্ম। এই সময়টিতে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।
জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের তীব্রতা বাড়তে এখনও সময় আছে, তবে শীত বরণের প্রস্তুতি শুরু হয়েছে এ জনপদে।
শহরের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘শীতের এই সময়টি দারুণ উপভোগের। সকালে নামাজ পড়ে ঘুরে বেড়ালে শরীরে যে নির্মল হাওয়া লাগে, তার দাম লাখ টাকা।’ ঢাকা থেকে আসা রবিউল ইসলামের বক্তব্য, ‘ঢাকায় গরমে থাকা যায় না, ফ্যান ছাড়া ঘুমানো যায় না। এখানে রাতে বেশ ঠাণ্ডা। এই শীত উপভোগ করতেই আমরা পঞ্চগড়ে এসেছি।’
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ‘গত কয়েকদিন ধরে সকালে কুয়াশা পড়ছে। মনে হচ্ছে শীত বুঝি চলে এলো। তবে দিনে প্রচণ্ড গরম থাকে।’
পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ‘শীত পঞ্চগড়ে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। এই সময়ে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। তাই শীত উপভোগ এবং কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসছেন।’
জেলা প্রশাসক আরও জানান, জেলা প্রশাসন জেলার পর্যটন এলাকাগুলোকে আরো বৈচিত্র্যময় করতে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে জাতীয় দলের সঙ্গে থাকার জন্য রোনালদোকে বোঝানোর চেষ্টা করেন কোচ হোর্হে জেসুস এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সা। তবে ৪১ বছর বয়সী এই তারকা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি।
কোপেনহেগেনের বিমানবন্দরে রোনালদোর পর্তুগাল-অধ্যায় নিয়ে নাটকটি ঘটে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানায়, কোচ হোর্হে জেসুস এবং পেদ্রো প্রোএন্সা শেষবারের মতো রোনালদোকে জাতীয় দলের সঙ্গে থাকার জন্য রাজি করাতে বিমানবন্দরে উপস্থিত হন।
জেসুস ও প্রোএন্সা বিমানবন্দরে রোনালদোর সঙ্গে কথা বলেন। কিন্তু ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। তিনি শেষ পর্যন্ত বিমানেই উঠে ডেনমার্ক ত্যাগ করেন।
এর আগে, জেসুসের সংবাদ সম্মেলনের পর হঠাৎ করেই পর্তুগাল শিবির ছাড়ার সিদ্ধান্ত জানান রোনালদো। তিনি পেদ্রো প্রোএন্সার সঙ্গে আলোচনার পর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একইসঙ্গে, পর্তুগালের জনগণকে নিজের সিদ্ধান্তের কারণ যথাসময়ে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
রোনালদোর বিদায়ের বিষয়টি পর্তুগিজ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। তারা জানায়, আসন্ন নেশনস লিগের ম্যাচগুলোর প্রস্তুতি বাকি ২৪ খেলোয়াড়ের নিয়েই চলবে।
রোনালদোর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক জল্পনা সৃষ্টি হলেও, তিনি কিংবা পর্তুগিজ ফুটবল ফেডারেশন কেউই আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অবসরের ঘোষণা দেয়নি। তাই বিমানবন্দর থেকে তাঁর বিদায়কে জাতীয় দল থেকে স্থায়ী অবসর হিসেবে দেখা সম্ভব নয়।
পর্তুগালের হয়ে রোনালদো এখন পর্যন্ত ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। তিনি দেশের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে গোল ও ম্যাচ—দুই রেকর্ডেই তিনি সবার ওপরে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোমাঞ্চপ্রেমীদের জন্য দুঃসংবাদ এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেনের জনপ্রিয় ‘এক্স২’ রোলার কোস্টারটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাইডে চড়ার ফলে মস্তিষ্কে আঘাত বা ক্ষতির অভিযোগ করেছেন বেশ কয়েকজন। এসব অভিযোগের পর রাইডটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কে অবস্থিত এই রোলার কোস্টারটি প্রায় ২০ বছর ধরে দর্শনার্থীদের বিনোদন দিয়ে আসছিল। এতে রয়েছে খাড়া নিচে নামা, তীব্র ঝাঁকুনি এবং দ্রুতগতির নানা বাঁক। রাইডটির আসন ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮০ মাইল বা ১৩০ কিলোমিটার।
তবে, এই রাইডে চড়ার পর কয়েক ডজন মানুষ মস্তিষ্কে আঘাত বা অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন। এসব অভিযোগের পর রাইডটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরে পার্ক কর্তৃপক্ষ এটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এর মধ্যে, দুই নারীর পরিবার অভিযোগ করেছে যে, জুলাই মাসে লস অ্যাঞ্জেলেসের উত্তরে ভ্যালেন্সিয়ায় এক্স২ রাইডে চড়ার পর তারা গুরুতর আহত হন। ৪০ বছর বয়সী পামেলা গিয়েন ৫ জুলাই এক্স২ রাইডে চড়ার পর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ ও চাপের সমস্যায় আক্রান্ত হন। তার অবস্থা গুরুতর হওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়।
এ সময় চিকিৎসকদের তার মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয়। গত মাসে সিএনএন-এর এক অনুসন্ধানে তার পরিবার এসব তথ্য প্রকাশ করে। এর এক সপ্তাহেরও কম সময় পর ২৫ বছর বয়সী নাওমি গ্রিয়ার-উইলকিনসন এক্স২ রাইডে চড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয় বলে সিএনএন জানায়। তার বাবা-মা জানান, তিনি কয়েক সপ্তাহ কোমায় ছিলেন এবং এখনও নিজে থেকে কথা বলতে বা শ্বাস নিতে পারছেন না।
দ্বিতীয় ঘটনার পর থেকেই রাইডটি বন্ধ ছিল। তবে মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ জানায়, তারা এক্স২ রাইডটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পার্কের প্রেসিডেন্ট ব্রায়ান ওয়ের্ডিং বলেন, ‘প্রায় ২০ বছর পর আমরা এক্স২ রাইডটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘২০০৮ সালে চালু হওয়ার পর থেকে এক্স২ রাইডটি ১ কোটি ৬০ লাখেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করেছে এবং রাইডপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘যদিও এক্স২ নিয়মিত নিরাপত্তা পরীক্ষায় পাস করেছে, তারপরও আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা মনে করি, এটাই সঠিক সিদ্ধান্ত। রাইডের নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতিথিদের আস্থা ক্ষতিগ্রস্ত হলে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।’
গ্রিয়ার-উইলকিনসনের পক্ষে মামলা করা আইনজীবীরা জানান, ১০০ জনের বেশি মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের দাবি, এক্স২ রাইডে চড়ে তারা আহত হয়েছেন। আইনজীবী ক্রিস্টোফার বুলোন সাংবাদিকদের বলেন, ‘রাইডটির নকশার কারণেই এটি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি এমন, যা একজন সাধারণ যাত্রী আগে থেকে বুঝতে পারবেন না।’
থিম পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান সিক্স ফ্ল্যাগস উত্তর আমেরিকার বিভিন্ন এলাকায় পার্ক পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আদালতে চলমান মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। আগস্টে সিক্স ফ্ল্যাগস এবং এক্স২ রাইডের নির্মাতা প্রতিষ্ঠান এসঅ্যান্ডএস ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড একটি মামলায় সমঝোতায় পৌঁছায়। মামলাটি ছিল ২২ বছর বয়সী ক্রিস্টোফার হলের পরিবারকে নিয়ে। ২০২২ সালে এক্স২ রাইডে চড়ার পর ক্রিস্টোফার হল মারা যান।
এ ছাড়া আরেকটি মামলা আগামী বছর আদালতে শুনানি হবে। ওই মামলায় ৫৬ বছর বয়সী শীলা ক্যাটেরেলোস অভিযোগ করেছেন, ২০২০ সালে এক্স২ রাইডে চড়ার পর তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ