প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের মার্কিন বিমানঘাঁটি ফেয়ারফোর্ডে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়েছে। ঘাঁটির প্রবেশপথে সড়ক অবরোধ, সশস্ত্র পুলিশ মোতায়েন এবং আশপাশে জরুরি সেবার যানবাহন অবস্থান করতে দেখা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ঘাঁটিতে প্রবেশের পথে বাধা দেওয়া হচ্ছে এবং সশস্ত্র পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
মার্কিন বিমানবাহিনী নিরাপত্তা জোরদারের নির্দিষ্ট কারণ জানায়নি। এক মুখপাত্র জানিয়েছেন, ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত থাকলেও নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্তব্য করা হবে না।
মার্কিন বিমানবাহিনীর ৫০১তম কমব্যাট সাপোর্ট উইং এবং যুক্তরাজ্যে অবস্থানরত অন্যান্য শাখা সদস্য, বেসামরিক কর্মী, ঠিকাদার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন। বিভিন্ন পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে জুলাইয়ে ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাজ্যকে সতর্ক করে বলেছিল, দেশটির ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান পরিচালনার অনুমতি দেওয়া উচিত নয়। এর পর যুক্তরাজ্য জানিয়েছিল, দেশের যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ফেয়ারফোর্ড ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বোমারু বিমান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় এই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পেছনে কোনো নির্দিষ্ট হুমকি বা সম্ভাব্য হামলার তথ্য মার্কিন বা ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ করেনি। ফলে নিরাপত্তা জোরদারের কারণ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন