প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শিল্পাঞ্চলে কর্মপরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তাদের তৎপরতা বৃদ্ধি করেছে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা এবং বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করছেন।
আজ আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গাজীপুরের নাওজোর পয়েন্ট, চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী এবং কাশিমপুরসহ গাজীপুরের শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শিল্পকারখানার নিরাপত্তা এবং উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনসার সদস্যরা পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ স্ট্রাইকিং টিম এবং অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রাথমিক চিকিৎসাসামগ্রী এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টও নিয়োজিত রয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তার পাশাপাশি সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। জেলাগুলো হলো—গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা এবং ময়মনসিংহ।
এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে পাঁচ, নারায়ণগঞ্জে চার, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চারটি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুটি করে প্লাটুন দায়িত্ব পালন করছে। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক এবং জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আনসার সদস্যদের এই তৎপরতার ফলে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন