প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য চাপ দেয়ার কারণে ১৩ বছর বয়সি এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার প্রেমিক আকিবুলকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে আকিবুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তাগাছা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানা যায়, আকিবুলের সঙ্গে ওই কিশোরীর দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরী আকিবুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যায় আকিবুল। গল্প করতে করতে তারা দুজন বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে যায়। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে কিশোরী জাকিয়া আকিবুলকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। এরপর কিশোরীর ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আকিবুল। হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দিয়ে সে বাড়ি চলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘শুরুতে কিশোরী হত্যার কোনো ক্লু (যোগসূত্র) মিলছিল না। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য আসে। সোমবার আকিবুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন