প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। জীবনে একবার হজ পালন করা ফরজ, যা সামর্থ্যবান মুসলমানের জন্য আবশ্যক। এটি একটি বিশেষ ইবাদত, যেখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি আর্থিক সামর্থ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালনে অবহেলা করা একটি গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়।
প্রতিবছর, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় সমবেত হন। মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তারা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।
এই পবিত্র সফরের সময়, ইবাদতের পাশাপাশি কেনাকাটা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে, ব্যক্তিগত ব্যবহার অথবা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনা এবং ইহরাম অবস্থায় নারীদের গহনা পরার বিধান সম্পর্কে জানতে চান অনেকে।
ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে, হজ-ওমরাহর সফরে ব্যক্তিগত ব্যবহার বা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনা জায়েজ। এ সফরে ব্যবসা করা, কেনাকাটা করা কিংবা ব্যবসায়িক পণ্য বিক্রি করাতেও কোনো বাধা নেই।
পবিত্র কোরআনে হজের সফরে ব্যবসা-বাণিজ্য করার অনুমতি প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ
অর্থ: ‘তোমাদের ওপর কোনো পাপ নেই যে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। আর তাকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের হেদায়েত করেছেন। অথচ এর আগে তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে।’ (সুরা বাকারা: ১৯৮)
ইমাম ইবনে জারির তাবারি (রহ.) বেশ কয়েকজন সাহাবি ও তাবেঈ থেকে বর্ণনা করেছেন, হজের সফরে ব্যবসা করার অনুমতি প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছে। (তাফসিরে তাবারি)
অন্যদিকে, হজ ও ওমরাহর ইহরাম অবস্থায় নারীদের জন্য স্বর্ণ-রুপার গহনা পরিধান করাও জায়েজ। এখানে ইহরাম বাঁধার কারণে গহনা পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় স্বর্ণ-রুপার গহনা ব্যবহার করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪১৪)
এই বর্ণনার ভিত্তিতে, যেসব নারী নিয়মিত নাক, কান কিংবা শরীরের অন্যান্য স্থানে স্বর্ণ, রুপা বা অন্য ধাতুর গহনা পরিধান করেন, তারা ইহরাম অবস্থায় সেসব গহনা পরতে পারবেন। তবে গহনা এমন হতে হবে না, যা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে।
তবে, ইহরাম অবস্থায় সাজসজ্জার বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। ইহরাম বাঁধার পর চুলে তেল দেওয়া, সিঁথি করা এবং শরীরের সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে সাজসজ্জা করা থেকে বিরত থাকতে হবে। চুল আঁচড়ানোও মাকরুহ বা অপছন্দনীয়।
এ ছাড়া, সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। মেহেদি, লিপস্টিকসহ অন্যান্য প্রসাধনীতে সুগন্ধ না থাকলেও ইহরাম অবস্থায় সেগুলো ব্যবহার করা নিষিদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন