সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৭ পি.এম
অবৈধ যানবাহন চলাচলে সয়লাব বাগেরহাটের শরণখোলা। একের পর এক দূর্ঘটনায় পঙ্গত্ব বরনের পাসাপাসি মারাও গেছেন অনেক মানুষ। বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ে যানযট ও দূর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না, যদিও দিনদিন এর সংখ্যা বাড়ছে।
সেখানে অবৈধ যানবাহন, দূর্ঘটনা, আহত ও নিহতের কোন পরিসংখ্যান সরকারি অথবা বে-সরকারি কোন সংস্থার কাছে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ যানবাহনের মধ্যে ট্রলি, নসিমন, করিমন, ভ্যাটারি চালিত অটোভ্যান, ইজি বাইক, আলমসাদু, ভডভডি, বক্স গাড়ী, থ্রী হুইলার ও পাঁচ চাকার গাড়িকে সড়কে চলতে দেখা গেছে।
এদিকে বাস ড্রাইভার রাজু, মাহেন্দ্র ড্রাইভার ওসমান, গোপনীয় সূত্র ও নাম না প্রকাশ করার শর্তে সংশ্লিষ্টরা জানান, বেশিরভাগ মোটর সাইকেল, বাস, ট্রাক, সিএনজি, মাহেন্দ্র, মিনি ট্রাক, পিকাপের কাগজ ও চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধভাবে রাস্তায় চলাচল করছে।
দীর্ঘ সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায়, গত ২০২৬ সালের ৪ জুন সকালে ছুটুখার বাজার এলাকায় সুজন মোল্লা (৩৮) গাছ বোঝাই টমটম চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন, তিনি রাজাপুর এলাকার বাসিন্দা।
৭ অক্টোবর ধানসাগর ভেড়িবাধের উপর দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান অরিত্র মৃধা (১৩), তিনি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও ধানসাগর এলাকার খোকন মৃধার পুত্র।
৯ আগস্ট সকালে রায়েন্দা বাসষ্টান্ড এলাকায় হামিম পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক হানিফ ব্যাপারী (৭০), তিনি সাউথখালী এলাকার বাসিন্দা।
২০২৫ সালের ১৫ জুলাই বিকালে রায়েন্দা বাসষ্টান্ডে বিএমলাইন পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান এক পথচারী নারী। তবে নিহত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
১৯ ডিসেম্বর দুপুরে চাল রায়েন্দা এলাকায় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাদল মুন্সি (৫৫), এ সময় তিনি মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন। তিনি চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
২৬ সেপ্টেম্বর সকালে বানিয়াখালী এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক রিয়াদুল ইসলাম (৪৫) নিহত হন, তিনি পেশায় একজন অ্যাডভোকেট ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ঐ এলাকার সেলিম শিকদারের পুত্র।
২০২৪ সালের ২ জানুয়ারি সকালে পল্লীমঙ্গল এলাকায় একটি লোকাল বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রেজাউল ইসলাম (৫৯), তিনি মাতৃভাষা ডিগ্রী কলেজের অফিস সহকারী এবং পাশ^বর্তী উপজেলার খাওলিয়া এলাকার নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
৭ জুলাই বাংলাবাজার সড়ক কেজি স্কুলের সামনে পিছন থেকে ইজিবাইক চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান সুলতান খান (৭০), তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খাঁনের ছেলে, তিনি তার ভাগিনা ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
গত কয়েক বছর আগে, নলবুনিয়া বাজার এলাকায় দুপুরে পিছন থেকে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন হারুন হাওলাদার মিন্টু (৪৫), তিনি মঠেরপাড় এলাকার বাসিন্দা।
২০২১ সালের ৩ জুলাই লাকুড়তলা এলাকায় অটোভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আকন (৫০) নিহত হন, তিনি সোনাতলা এলাকার হামিদ আকনের ছেলে এবং ঐ ভ্যানের যাত্রী ছিলেন।
এভাবে বহু মানুষের মৃত্যুর খবর এই প্রতিবেদকের হাতে আসতেছে।
এ ছাড়া সড়কে ঐ সকল অবৈধ যানবাহনের ধাক্কায় বেঁচে ফিরলেও গুরুতর আহত হয়েছেন, উত্তর রাজাপুর এলাকার হাসেম আকন, হাসান ফরাজী, রশিদ মুন্সী, রাজৈর এলাকার আব্দুল্লাহ আল নোমান, রায়েন্দা এলাকার মিরাজুল ইসলাম, গোলবুনিয়া এলাকার হেমায়েত উদ্দিন আকন, তাফালবাড়ি এলাকার আবু হানিফ, তারা চিকিৎসা নিয়েও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে কাজকর্ম করতে পারছেন না।
দুর্ঘটনা কবলিত আহত ও নিহতের সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও সড়ক সংশ্লিষ্ট যানবাহন ও চালক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করা তরুণ সমাজ সেবক, যুবদল নেতা আবুল বাশার খান জানান, সড়কে ওই সকল অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সাম্প্রতিক কালে ছোট বড় মিলিয়ে প্রায় ২ শতাধিক দূর্ঘটনা ঘটেছে। যার মধ্যে প্রায় ৩০ জন নিহত ও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।
উপজেলার বান্দাঘাটা থেকে পাঁচরাস্তা এলাকা হয়ে রায়েন্দা ফেরিঘাট পর্যন্ত ব্যস্ততম সড়কের দুই পাশের পাশে যত্রতত্র ভাবে থেমে থাকে এসব যানবাহন। এতে কিছুক্ষণ পরপর লাইন লম্বা হয়ে তীব্র যানজট তৈরি হয়। এ কারণে ধুলাবালু উড়ে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।
সম্প্রতি উপজেলার তাফালবাড়ী, বাংলাবাজার, রাজাপুর, রাজৈর, আমড়াগাছিয়া, পহলানবাড়ী, খোন্তাকাটা, রায়েন্দা ফেরিঘাট, তালতলী, তিন রাস্তা, এলাকায় রাস্তার পাশে এসব যানবাহন থামিয়ে রাখার কারণে যানযটের চিত্র দেখা গেছে।
সদর স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার জানান, যানযটের কারণে মাঝে মাঝে গাড়িগুলো আমার বাড়ির গেটের মধ্যে চলে আসে। আবার এমন বেপরোয়া গতিতে গাড়িগুলো আসে মনে হয় আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে যাবে। আরেক বাসিন্দা আবু জাফর জানান, যত্রতত্র পার্কিং ও যানযটের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। সড়কে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী কমলা বেগম জানান, আমি প্রতিদিন আমার বাচ্চাকে নিয়ে খাঁদা এলাকা থেকে রায়েন্দা বাজারে যাতায়াত করি। যানযট ও বেপরোয়া গাড়ী চলাচলের কারণে অনেকবার দূর্ঘটনার স্বীকার হয়েছি। দূর্ঘটনায় আমার ছেলের হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।
জাফর শিকদার জানান, জীবিকার তাগিদে প্রতিদিন রায়েন্দা বাজারে এসে পড়তে হয় বিপাকে। প্রায়ই যানবাহনে সাথে ছোট খাট দূর্ঘটনা ঘটে। এই গত পরশু মিশুকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেছিলাম।
পথচারী বাদশা আকন বলেন, অসুস্থ নাতীকে কোলে করে যাওয়ার পথে, পুরো রাস্তায় গাড়ী ব্লোক করা হাসপাতালে যাওয়ার পথ খুঁজে পাইনা।
শাহিনুর বেগম নামের এক যাত্রী জানান, রায়েন্দা থেকে ধানসাগর যাওয়ার জন্য একটি গাড়ির সঙ্গে কথা বলতে গেলে ৫ গাড়ির ড্রাইভার কোই যাবেন বলে হাজির হয়। তখন পড়তে হয় বিব্রতকর অবস্থার মধ্যে।
মুন্নি ও আয়সা আক্তার জানান, গাড়ীতে শরণখোলা থেকে রায়েন্দা বাজারে এসে নামলাম মাত্র শপিং করার জন্য, ঠিক তখনই কয়েকজন ড্রাইভার এসে বলে কোথায় যাবেন।
সদর সংলগ্ন পাঁচরাস্তা রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন জানান, এই রোড ধরেই প্রায় লক্ষাধিক মানুষের উপজেলা শহরের মূল প্রবেশ দ্বার এটিই। এই সড়কের পাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ, ব্যাংক, বীমা, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার, থানা পুলিশের ষ্টেশন ও শপিংমল। উপজেলা জুড়ে যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের বেপরোয়া গতির মুখে ঘটছে দূর্ঘটনা মরছে মানুষ। অপ্রাপ্ত বয়স্ক চালক ও এই সকল যানবাহনের বিরুদ্ধে জন-প্রতিনিধি ও প্রশাসনের ব্যবস্থা নেয়া জরুরি।
ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শহিদুল হাওলাদার জানান, মোটর স্ট্যান্ড থেকে এক সময় থানা পুলিশ ও আওয়ামী নেতারা চাঁদা নিত। মাহেন্দ্র ড্রাইভার ওসমান জানান, তার কোন কাগজ নেই। তিনি উপজেলা শহরের গন্ডি পেরিয়ে জেলা শহরেও চালিয়ে বেড়ান। তবে মাঝে মধ্যে তাকে পুলিশকে ঘুষ দিতে হয়। বাস ড্রাইভার সালাম শেখ জানান, ট্রলি, নসিমনের মত অবৈধ বাহনগুলো মহাসড়কে বেপরোয়া ভাবে চলাচল করে। যে কারণে প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটে। ট্রলি চালক মেহেদী হাসান জানান, আমাদের কোন কাগজ নেই। আমরা সব জায়গায় চালাতে পারি তাতে কোন বাঁধা নেই। ৫ চাকার ড্রাইভার নয়ন হাওলাদার জানান, গাছ ভর্তি করে আমরা জেলা শহরেও যাই। ইজি বাইক ড্রাইভার শাহিন হাওলাদার জানান, মহাসড়ক সহ সব যায়গায় চালাই। অপ্রাপ্ত বয়স্ক আরিফ (১২) জানান, পেটের দায়ে অটো ভ্যান চালাই।
সরেজমিন তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট চালকদের তথ্য মতে উপজেলাজুড়ে ঐ সকল যানবাহনের সংখ্যা প্রায় ২০ হাজার।
অন্যদিকে আবার সেখানে খোকন হাওলাদার, মনির, রুবেল, সোহেল, লিমন, রুমন, সহ আরো অনেক ব্যবসায়ী উপজেলার পহলানবাড়ী, রাজাপুর, আমড়াগাছিয়া, রায়েন্দা, তাফালবাড়ী বাজারে, অবৈধভাবে ভ্যাটারি চালিত বিভিন্ন যানবাহন তৈরির কারখানা গড়ে তুলেছেন। সেখানে নিয়মিত তৈরি হচ্ছে এই যানবাহন। তবে এই কর্মকান্ডের জন্য তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নান্না মিয়া হাওলাদার জানান, ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার প্রায় ২ লাখ মানুষের বসবাসের জায়গায় ঐ যানগুলো এখন মানুষের মরার উপরে খাঁড়ার ঘাঁ অবস্থা হয়ে পড়েছে। বেপরোয়া চলাচলের কারণে দূর্ঘটনা বেড়েছে। যানযটের কারণে রাস্তা সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান পাট শব্দদূষণ ও ধুলাবালি উড়ে একাকার হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর সাবেক প্রিন্সিপাল ও বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবুল জানান, রায়েন্দা সদর পাঁচ রাস্তার মোড় এলাকার যানযট রাজধানী ঢাকার গুলিস্থান এর মত যা নিত্য দিনের ঘটনা। আমার চেম্বারে যাওয়ার ২ মিনিটের পথে সময় লাগে ২০ মিনিট। অবৈধ যানবাহনের সংখ্যা ও প্রশাসনের উদাসিনতার কারণে দূর্ঘটনা ও যানযট দুটোই বেড়েছে। এছাড়াও এসব যানবাহন চালানোর কাজে জড়িয়ে পড়ছে অপ্রাপ্ত বয়স্করা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাগেরহাট এর এই ০১৫৫০০৫১৬৫৩ নাম্বারে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
থানা পুলিশের অফিসার ইনচার্য রোকেয়া খানম জানান, সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।
জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার জানান, বিষয়টি আমার জানা ছিলনা। তবে এখন থেকে এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের কারণে আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। অপরদিকে, মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নিপীড়নের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে পরে স্থানীয়ভাবে দুপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আদালতকে যথাযথভাবে অবহিত না করে আপসের আবেদন করায় ট্রাইব্যুনাল বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, "ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।"
তিনি আরও বলেন, "অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে স্থানীয় চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আজকের আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, তাঁর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও অর্জনকে আড়াল করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাইকেল মহিউদ্দিনের বক্তব্য অনুযায়ী, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে ভূমিকা রাখায় কিছু মহল তাঁর প্রতি ক্ষুব্ধ। এর ফলস্বরূপ, সম্পদের মালিকানা ও সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
তিনি জানান, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করা এবং নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়ে ভূমিকা পালন করা অন্তর্ভুক্ত।
এছাড়া, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার উদ্যোগ, নিবন্ধন অধিদপ্তরের জন্য ভবনের ব্যবস্থা, নিবন্ধন আইন-১৯০৮ সংশোধনে ভূমিকা এবং সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও অগ্রগতি হয়েছে।
বর্তমান পরিষদের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নিবন্ধন অধিদপ্তরের জন্য ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব, নতুন পদ সৃষ্টির উদ্যোগ এবং ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাব। পাশাপাশি বার্ষিক বনভোজন, কর্মশালা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে, তিনি অভিযোগ করেছেন যে, ধানমন্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁর ২৯টি ফ্ল্যাট ও একাধিক প্লট রয়েছে বলে প্রচার করা হচ্ছে। মাইকেল মহিউদ্দিন দাবি করেছেন যে, কোটি কোটি টাকার সম্পদের মালিকানা এবং সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।
এসব অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে সম্পদের বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে।" তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হচ্ছে, সেগুলোর বাস্তব ভিত্তি নেই। তিনি জানান, "কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য প্রকাশ করে একজন ব্যক্তির সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।"
মাইকেল মহিউদ্দিন আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে সংগঠনের কার্যক্রমকে বিতর্কিত করা উচিত নয়। তাঁর মূল লক্ষ্য হল সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করা।
অপপ্রচারের পরিবর্তে সংগঠনের অর্জনের যথাযথ মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং সদস্যদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামের এক যুবককে দুর্বৃত্তদের গুলিতে আহত করা হয়েছে। তাকে বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রামপুরা ওয়াপদা রোডের কাছে গুলিবিদ্ধ অবস্থায় সানাউল্লাহকে পড়ে থাকতে দেখা যায়। পরে দেলোয়ার নামের একজন স্থানীয় রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সানাউল্লাহ বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
পুলিশের সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে, কী কারণে এবং কারা তাকে গুলি করেছে তা জানার চেষ্টা চলছে।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে, যা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গত ২৭ জুন থেকে এই দুটি বন্দরে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।
আমদানি উদ্বোধনের সময় কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে এসব বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়।
স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান মন্তব্য করেন, "২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এই বন্দর দিয়ে মাত্র একটি পণ্যই (কয়লা) আসছে, যা বন্দর ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ। তবে আমরা চাই সবসময় বন্দর সচল থাকুক। এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই ভালো থাকবে।"
ব্যবসায়ী শামসুল আলম সামস বলেন, "আগে প্রতিদিন কয়লা আসত এবং দিন শেষে অন্তত চারশত থেকে পাঁচশত গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা থাকত। ২০১৫ সাল থেকে দেখা যাচ্ছে যেদিন কয়লা আসে, পরদিন থেকে আবার বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা এলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।"
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, "পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত ২ থেকে ৩ জন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় শ্রমিকরা অপেক্ষায় ছিলেন, কাজ শুরু হওয়ায় তাদের মাঝে কর্মযজ্ঞ ফিরে এসেছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ