প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় এটি ঘটে বলে জানায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএফডি)।
এনবিসি লস অ্যাঞ্জেলেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি নিউজকপ্টার৪ নামে পরিচিত, যা অ্যাঞ্জেল সিটি এয়ার পরিচালনা করে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি একটি মেট্রো বাস ও এসইউভির সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিল।
এলএফডি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে নর্থ ম্যাসন অ্যাভিনিউয়ের ৯১০০ ব্লকের মধ্যে দুটি বাণিজ্যিক ভবনের মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে আগুন ধরে যায়, যা চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারকে ক্ষতিগ্রস্ত করে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনায় তিনজন নিহত হন এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এলএফডি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত একজন হেলিকপ্টারের বাইরে পার্কিং এলাকায় ছিলেন। অন্য দুজন কি দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ভেতরে ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
এনবিসি৪-এর সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে হেলিকপ্টারটি তাদের স্টেশনের বলে নিশ্চিত করেন। দুর্ঘটনার খবর জানাতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে এনবিসি৪-এর সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে একই এলাকায় একটি মেট্রো বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকটি টেলিভিশন নিউজ হেলিকপ্টার ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিল। বাস দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিউজকপ্টার৪ বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে। তথ্যসূত্র: বিবিসি, এপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন