প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’—মার্শাল আর্ট নিয়ে আলোচনা করতে গিয়ে এই মজার প্রশ্নটি ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তাকে এতটাই মুগ্ধ করেছে যে, এখন নাচের তুলনায় মার্শাল আর্টকেই বেছে নিতে চান এই অভিনেত্রী।
পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ একটি অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশ্রণ। সিনেমাটিতে শোভিতার সহ-অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। ছবিতে শোভিতার একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। ছবির কাজের জন্য তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণও নিতে হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’-এ অতিথি হয়ে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন শোভিতা। মার্শাল আর্ট শেখার প্রসঙ্গে তিনি জানান, এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার এই শিল্পের সঙ্গে পরিচিত হয়েছেন। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট নিয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শিল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেন অভিনেত্রী।
শোভিতার কাছে মার্শাল আর্ট কেবল সিনেমার প্রস্তুতি বা শরীরচর্চার বিষয় নয়। তার মতে, এর প্রভাব মানসিকভাবেও পড়েছে। অনুশীলনের মাধ্যমে তিনি চাপ ও মানসিক অস্বস্তি কমাতে সক্ষম হয়েছেন। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন অনুভব করেছেন বলে জানান অভিনেত্রী।
শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে কোনটি বেছে নেবেন। উত্তরে তিনি জানান, এমন উত্তর তিনি আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট তাকে যেভাবে চাপমুক্ত করেছে, সেটি তার কাছে বেশ ভালো লেগেছে। তাই তিনি এখন নাচের পরিবর্তে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন।
এরপর মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তার এই মন্তব্যে রসিকতার পাশাপাশি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে মেয়েদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।
‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের মানুষের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কিভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।
চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভেট্টুভাম’-এর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন