ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হাতিয়ায় ৮০ লাখ টাকার ইলিশে জেলেকে স্বর্ণের আংটি উপহার আড়তদারের


হাতিয়ায় ৮০ লাখ টাকার ইলিশে জেলেকে স্বর্ণের আংটি উপহার আড়তদারের

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মৌসুমে ৮০ লাখ টাকার ইলিশ ধরার জন্য জেলে মো. সামসুদ্দিনকে স্বর্ণের আংটি উপহার দিয়েছেন মো. সালাউদ্দিন নামে এক আড়তদার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামে গিয়ে আড়তদার সামসুদ্দিনের হাতে আংটি পরিয়ে দেন।

সামসুদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের বাসিন্দা। তিনি ‘এমবি নিহা-১’ নামের মাছ ধরার নৌকার মালিক এবং মাঝি। তার নেতৃত্বে ২০ জন মাঝিমাল্লা মিলে এ মৌসুমে সমুদ্র থেকে ৮০ লাখ টাকার ইলিশ ধরেছেন। ধরা সব ইলিশ চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সির স্বত্বাধিকারী আড়তদার মো. সালাউদ্দিনের আড়তে বিক্রি করেছেন তারা।

জেলে সামসুদ্দিন বলেন, “ইলিশের মৌসুমে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি। সাগরে মাছ ধরতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তারপরও আল্লাহর রহমতে ভালো মাছ পেয়েছি। আমাদের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে আড়তদার আমাকে স্বর্ণের আংটি উপহার দিয়েছেন। এতে আমি খুব খুশি হয়েছি। এই ভালোবাসা আগামী দিনেও আরো উৎসাহ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

আড়তদার মো. সালাউদ্দিন বলেন, মাঝি সামসুদ্দিন ও তার দলের জেলেরা এ মৌসুমে ভালো পরিমাণ ইলিশ ধরেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছেন। তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই সামসুদ্দিনকে স্বর্ণের আংটি উপহার দিয়েছেন তিনি। জেলেরা অনেক কষ্ট করে মাছ ধরে দেশের মৎস্য খাতে অবদান রাখেন। তাদের উৎসাহিত করতে পারলে ভালো লাগে।

সাদিয়া ফিশ এজেন্সির ব্যবস্থাপক কুতুব উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের মালিক জেলেদের উৎসাহিত করতে এ ধরনের উপহার দিয়েছেন। সামসুদ্দিনের নৌকার জেলেরা এ মৌসুমে ভালো মাছ পেয়েছেন, যা নিঃসন্দেহে আনন্দের। একজন মাঝির পরিশ্রমের স্বীকৃতি হিসেবে আড়তদারের এমন উদ্যোগ অন্য জেলে ও মাঝিদেরও উৎসাহিত করবে। এতে তাদের ভালো কাজ করার আগ্রহ বাড়বে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, জেলেরা দেশের মৎস্যসম্পদ আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়া ইতিবাচক উদ্যোগ। তবে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বজায় রাখতে সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুম-খুনের রাজনীতি ফিরতে দেবে না: আব্দুল্লাহ আল জাবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


গুম-খুনের রাজনীতি ফিরতে দেবে না: আব্দুল্লাহ আল জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের মন্তব্য করেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ জীবন দেয়নি। বাংলাদেশে বসে নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেব না।’

শুক্রবার বিকেলে গাইবান্ধায় এক সমাবেশে তিনি এই কথা বলেন।

হাদি হত্যাসহ জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর পার্কের জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন জাবের।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কথা শুনলেই একটি পক্ষের গাজ্বলে। তারা মনে করে, ১৭ বছর পর লন্ডন ও ভারত থেকে তাদের ফিরিয়ে এনে মানুষ জোর করে ক্ষমতায় বসিয়েছে। কেউ আবার ফ্যাসিবাদী শাসন কায়েম বা গুম-খুনের রাজনীতি শুরু করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন পরিস্থিতি তৈরি হলে তাদের দিল্লির টিকিট কেটে প্রস্তুত রাখতে হবে।’

হাদি হত্যার বিচার প্রসঙ্গে জাবের অভিযোগ করেন, ‘এ মামলার আসামিরা ভারতে পালিয়ে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’ তিনি উল্লেখ করেন, বিচার দাবিতে যখন তারা সারা দেশে কর্মসূচি পালন করছেন, তখন আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিরা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন। এসব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথাযথ নজর দিচ্ছে না। তার অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী এবং আন্দোলনকারীদের হত্যা ও পঙ্গুত্বের জন্য দায়ী ব্যক্তিদের কেউ কেউ পদোন্নতি পাচ্ছেন। অন্যদিকে, নিজ দলের দীর্ঘদিনের কর্মীদের সরিয়ে অন্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এসব সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।

দেশে বিভিন্ন ক্ষেত্রে সংকট থাকলেও সরকার সেদিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, সরকার ক্ষমতায় যাওয়ার পর অনেক প্রয়োজনীয় বিষয় দেখতে পাচ্ছে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সংগঠনটির সদস্য সাফিন ও সাব্বির এবং জুলাই আন্দোলনে শহীদ সজলের মা শাহানা প্রমুখ।

এর আগে রংপুর থেকে পীরগঞ্জ হয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গাইবান্ধায় পৌঁছান তিনি। পরে কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


পাকিস্তান ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত

৭৩ বছর পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক গ্রুপের (WBG) বোর্ড অব গভর্নরসের আগামী বছরের জন্য চেয়ারপারসন বা সভাপতি হিসেবে পাকিস্তান নির্বাচিত হয়েছে। ১৯৫৩ সালের পর এই প্রথম দেশটি ঐতিহাসিক এই মাইলফলক অর্জন করল।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান ২০২৬ সালের বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সাধারণ সভার প্লেনারী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এই নতুন দায়িত্বের মাধ্যমে পাকিস্তান বৈশ্বিক অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন বিষয়ক আলোচনায় সরাসরি অবদান রাখার সুযোগ পাবে। সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ত্বরান্বিত করারও সুযোগ সৃষ্টি হবে। ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী এবং বিশ্বব্যাংক গ্রুপে পাকিস্তানের গভর্নর আহাদ খান চিমা এই দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বর্তমানে পাকিস্তান আইএমএফ-এর ৭ বিলিয়ন ডলারের এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF) এবং ১.৪ বিলিয়ন ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (RSF)-এর আওতায় আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন দায়িত্ব অর্জনের ফলে বৈশ্বিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উন্নয়নশীল দেশগুলোর জোরালো কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় জমি ও দোকানঘর জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছেন মোঃ মাহবুব হাসান (৪৪) নামে এক ব্যক্তি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার রাত সাড়ে ১০টায় (১৬ অক্টোবর) রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব হাসান জানান, তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। 

তাঁর দাবি, কাঠালবাড়িয়া এলাকার মোসাঃ আফরোজা খাতুন, তাঁর স্বামী শহীদুল ইসলাম ও ছেলে তানিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ১০ দিন ধরে তাঁর ক্রয়কৃত পৌনে তিন শতক জমি এবং ওই জমির ওপর নির্মিত আটটি দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের ১০ অক্টোবর ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে তাঁর জমি ও দোকানঘর দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং ৩৪৩পি/২০২৬ দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার এবং সম্পত্তিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর বিষয়ে সতর্ক করে।

মাহবুব হাসানের অভিযোগ, আদালতের নির্দেশনা ও পুলিশের সতর্কতা সত্ত্বেও গত ১৪ অক্টোবর প্রতিপক্ষের লোকজন তাঁর বসতঘর ও দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। একই সঙ্গে তাঁর লাগানো সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় বাড়িতে বসবাসরত শিশুসহ ছয়জনকে আটকে রাখা এবং খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগও করেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয় বলে জানান মাহবুব হাসান।

তিনি আরও দাবি করেন, বর্তমানে তাঁকে, তাঁর পরিবারের সদস্যদের এবং বাড়ি ও দোকানের ভাড়াটিয়াদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। জমি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জমি ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব হাসান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও ভূমিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত আফরোজা খাতুন, শহীদুল ইসলাম ও তানিমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ড সফরের জন্য ভারত দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন কুশাগ্রা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


নিউজিল্যান্ড সফরের জন্য ভারত দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন কুশাগ্রা

ভারত নিউজিল্যান্ড সফরের জন্য তাদের দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে টেস্ট দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। তিনি চলতি বছরে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেননি। ইরানি কাপের সময় পেশিতে টান লেগে চোটে পড়া রিশভ পন্তকেও দলে রাখা হয়েছে, তবে তার খেলার সম্ভাবনা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করবে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে নেমে দুটি সেঞ্চুরি করা দেবদূত পাডিকল দলে নিজের স্থান ধরে রেখেছেন। একই পজিশনের আরেক দাবিদার সাই সুদর্শনও দলে ফিরেছেন, যিনি পায়ের আঙুলে চোটের কারণে শ্রীলঙ্কা সফরে অংশ নিতে পারেননি। দলের দ্বিতীয় উইকেটকিপার ধ্রুব জুরেলও স্কোয়াডে অন্তর্ভুক্ত। ২০২৫ সালের ইংল্যান্ড সফরে একটি টেস্ট খেলার পর দল থেকে বাদ পড়েছিলেন আনশুল কাম্বোজ। তিনি এবং আকাশ দীপও দলে ফিরেছেন। কাম্বোজের মতো আকাশ দীপও সর্বশেষ ২০২৫ সালের ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিলেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের সহ-অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার ফিরেছেন। তিনি চতুর্থ ও পঞ্চম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। শেষের দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন কুমার কুশাগ্রা। চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন তিলক বার্মাও। অন্যদিকে, টেস্ট দলের সদস্য প্রসিধ কৃষ্ণা ও কাম্বোজ শেষ দুই ম্যাচের দলে স্থান পাননি।

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে টি-২০ সিরিজ শুরু হবে ২২ অক্টোবর থেকে। ভারত এই ফরম্যাটের দলের ঘোষণা ৭ অক্টোবর করেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর থেকে, এবং টেস্ট সিরিজ মাঠে গড়াবে ১৯ নভেম্বর থেকে।

টেস্ট স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদূত পাডিকল, রিশভ পন্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, আনশুল কাম্বোজ, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

প্রথম তিন ওয়ানডের স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গাইকওয়াদ, আর্শদীপ সিং, ইশান কিশান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বার্মা, ইশান কিশান, নিতিশ কুমার, অক্ষর প্যাটেল, নামান ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গাইকওয়াদ, আর্শদীপ সিং, কুমার কুশাগ্রা, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%