প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্মাতা নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ তুলে ভারতের হিন্দু সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতি পুলিশের কাছে গিয়েছে। তারা দাবি করেছে, ছবিটিতে মহাকাব্যের মূল কাহিনি ও চরিত্রের উপস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, কারণ তাদের মতে সিনেমায় রামায়ণের বিভিন্ন ঘটনা ও চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
সংগঠনটির মুখপাত্র সতীশ কোচরেকর মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, সিনেমায় সৃজনশীলতার নামে বাল্মীকি রামায়ণের মূল বর্ণনায় পরিবর্তন আনা হয়েছে, যা হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করতে পারে।
রাবণের চরিত্রায়ণ নিয়ে বিশেষ আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, রাবণকে দরিদ্রদের জন্য সোনার বাড়ি নির্মাণকারী, শোষিত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সম্মান রক্ষাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। এতে মূল কাহিনির রাবণের পরিচয়ের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে তারা দাবি করছে।
এছাড়া, তাড়কা ও খর-দূষণের রাক্ষস বাহিনীর সঙ্গে রাম ও লক্ষ্মণের যুদ্ধের দৃশ্য নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অভিযোগ রয়েছে যে, ওই দৃশ্যে রাম ও লক্ষ্মণকে পিছু হটতে দেখা যায়, অন্যদিকে রাবণকে একাই বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেখানো হয়েছে। সংগঠনটির মতে, এ ধরনের উপস্থাপনা রামায়ণের প্রচলিত বর্ণনার সঙ্গে মেলে না।
সিনেমায় লক্ষ্মণের আচরণ এবং শূর্পণখার নাক কাটার ঘটনাকে কেন্দ্র করে সীতার সংলাপ নিয়েও আপত্তি তুলেছে হিন্দু জনজাগৃতি সমিতি। তাদের দাবি, ওই দৃশ্যে সীতাকে লক্ষ্মণের সমালোচনা করতে দেখা যায় এবং নারীর চেহারা বিকৃত করার অধিকার কারও নেই- এমন বক্তব্য তুলে ধরা হয়।
এছাড়া, খর ও দূষণের কাছে রামকে ক্ষমা চাইতে দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। তাদের মতে, মূল রামায়ণে এমন ঘটনার উল্লেখ নেই। লক্ষ্মণকে উদ্ধত ও গুরুজনদের প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখানোর বিষয়টিও কাহিনির সঙ্গে অসংগতিপূর্ণ বলে দাবি তাদের।
অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ও ১৯৬ ধারায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তারা চায় সিনেমার চিত্রনাট্য, সংলাপ, সাবটাইটেল ও সংশ্লিষ্ট দৃশ্য সংগ্রহ করে মূল বাল্মীকি রামায়ণের সঙ্গে তুলনা করা হোক। বিতর্কিত অংশগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের যুক্ত করার আহ্বানও জানিয়েছে তারা।
সংগঠনটির বক্তব্য, সৃজনশীল স্বাধীনতার আড়ালে ধর্মীয় বিশ্বাস ও শ্রদ্ধেয় চরিত্রের অবমাননা গ্রহণযোগ্য নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আইনি এবং গণতান্ত্রিক পথে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে বিতর্ক চললেও বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে ‘রামায়ণ’। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৯ দিনে ভারতে সিনেমাটির আয় ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৬৫ লাখ রুপিতে। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। ছবিটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন