প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নিয়োগকে আইনগতভাবে টেকসই নয় বলে উল্লেখ করেছেন।
একই সঙ্গে আদালত বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসংগত কারণ উল্লেখ করে নতুন সিদ্ধান্ত দিতে হবে। স্পিকারকে আগামী ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর স্পিকার রবীন্দ্রনাথ বসু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে আখরুজ্জামানকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়।
স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অংশের জ্যেষ্ঠ নেতা।
এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানকে তাদের নিজ নিজ পদে দুই মাস দায়িত্ব পালনের অনুমতি দিয়েছিলেন।
তবে শুক্রবারের আদেশে সেই নিয়োগের বৈধতা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি হলো। এখন স্পিকারের পুনর্বিবেচনার ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতার পদে কে দায়িত্ব পালন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন