মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৪৩ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনার প্রেক্ষিতে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, এটি আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির একটি প্রকাশ।
নাহিদ ইসলাম মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্রের উন্মোচন করেছে। তিনি এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই বলেও তিনি দাবি করেন।
নাহিদ ইসলাম দেশে-বিদেশে সক্রিয় কথিত সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানান। তিনি জুলাই গণহত্যা ও ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। এ ছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
বিবৃতিতে, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের সংকটময় সময়ে তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জরুরি জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার পাশাপাশি সরকারি ঋণ ও বাজেট ঘাটতির বৃদ্ধি নিয়ে নতুন অর্থনৈতিক সংকটের মোকাবিলায় বিশ্ব ক্রমশ কম প্রস্তুত হয়ে পড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির আশঙ্কা, ভবিষ্যতে নতুন কোনো ধাক্কা এলে বৈশ্বিক অর্থনীতি আরও বড় চাপের মুখে পড়তে পারে।
আইএমএফের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে উল্লেখ করা হয়েছে, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আশঙ্কার তুলনায় ভালোভাবে সামাল দিয়েছে বিশ্ব অর্থনীতি। তবে সংকট মোকাবিলায় জরুরি মজুত ও সরকারের নীতিগত পদক্ষেপ গ্রহণের সুযোগ ক্রমশ কমে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পরিবহন এবং কৌশলগত মজুত থেকে তেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত মার্চে ইতিহাসের বৃহত্তম জরুরি তেল মজুত ছাড়ার ঘোষণা দেয়। পরবর্তীতে জ্বালানিমন্ত্রীদের বৈঠকের পর সেই উদ্যোগ আরও জোরদার করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত সম্প্রতি ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ডিজেল আমদানিতে মার্কিন বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছান। তবে বিশ্লেষকদের ধারণা, এতে যুক্তরাষ্ট্রে পাম্পে জ্বালানির দামে খুব বেশি পরিবর্তন আসবে না।
মঙ্গলবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক চলাকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস জুলাইয়ের ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ১ শতাংশ করা হয়েছে। তবে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর ২ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ২০২৭ সালের জন্যও একই হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের ২ দশমিক ২ শতাংশের পূর্বাভাসের চেয়ে বেশি।
যুক্তরাজ্যের ক্ষেত্রে চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশে উন্নীত করা হয়েছে, যা জুলাইয়ের পূর্বাভাসের চেয়ে ০ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি। তবে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ২ শতাংশ করা হয়েছে।
আইএমএফের অর্থনৈতিক উপদেষ্টা সিলভানা তেনরেইরো মন্তব্য করেছেন, বিশ্ব অর্থনীতির সংকট মোকাবিলার সক্ষমতা ক্রমেই সীমিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে নীতিনির্ধারকদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও সরকারগুলোকে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিতে আর দেরি না করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সরকারি ঋণ বাড়তে থাকলে জ্বালানি ও খাদ্যের দাম আবার বেড়ে গেলে ভোক্তাদের সুরক্ষা দিতে অনেক সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে।
জ্বালানি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের চাপ এবং বাজেট ঘাটতির প্রেক্ষাপটে নতুন কোনো বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে আইএমএফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কেয়ার বাংলাদেশ সহযোগিতা করে এবং বাস্তবায়নে ছিল ইএসডিও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাঁধন কান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সারওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ফরিদ উদ্দিন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আহমদ এবং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাহেদ আহমদ।
এ সময় ইএসডিওর প্রকল্প বাস্তবায়নে লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটরসহ ইএসডিওর পক্ষে প্রীতি রানী সরকার এবং মাসুদ রানা কেয়ার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও করণীয় তুলে ধরে একটি মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরতে দিবসটি উপলক্ষে এই আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি বাগেরহাটের ফকিরহাটে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে একটি র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ সম্প্রসারতি কমপ্লেক্স ভবন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফকিরহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়া এবং আরও অনেকে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল আলা মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের সদস্যগণ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্টের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় উল্লেখ করেন, দুর্যোগ প্রশমন করার জন্য প্রতিরোধ ও প্রস্তুতি উভয়ই অপরিহার্য। সকলের সহযোগিতা থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। যদিও তিনি দীর্ঘ অভিনয়জীবনে খ্যাতি ও সাফল্য অর্জন করেছেন, তবুও তার মনে পড়ে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করার দিনগুলো। স্মৃতিচারণার পাশাপাশি, অভিনেতা জানিয়েছেন, অভিনয়কে ভালোবাসার পাশাপাশি বাসের কন্ডাক্টরের কাজ তার কাছে ছিল আরো বেশি প্রিয়।
আসন্ন সিনেমা জেলার ২-এর প্রচার অনুষ্ঠানে নিজের জীবনের শুরুর দিকের কথা বলতে গিয়ে ৭৫ বছর বয়সী রজনীকান্ত এ কথা জানান। বেঙ্গালুরুতে বাসের কন্ডাক্টর হিসেবে কাটানো পাঁচ বছরকে তিনি জীবনের বিশেষ সময় বলে উল্লেখ করেন।
রজনীকান্ত বলেন, "আমি অবশ্যই অভিনয় ভালোবাসি। কিন্তু বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করাটা আরো বেশি ভালোবাসতাম। সেই পাঁচ বছর সত্যিই দারুণ ছিল। এখনো সেই দিনগুলো খুব মনে পড়ে।"
খ্যাতি ও তারকাখ্যাতির সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে না পারার কথা জানান এই অভিনেতা। তার ভাষ্য, এখনো নিজেকে বাসের কন্ডাক্টর হিসেবেই ভাবতে ভালো লাগে। এ কারণেই মাঝে মাঝে বেঙ্গালুরুতে যান তিনি। সেখানে বাসটি দেখলে তার ভালো লাগে। আর কন্ডাক্টরের খাকি পোশাক দেখলে অজান্তেই চোখে পানি চলে আসে।
কন্ডাক্টর থেকে সুপারস্টার
চলচ্চিত্রে অভিনয় শুরু করার আগে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন রজনীকান্ত। পরে অভিনয়ে এসে নিজস্ব স্টাইল, পর্দায় উপস্থিতি ও অভিনয়দক্ষতা দিয়ে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। একসময় তিনি ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকায় পরিণত হন।
তবে এত সাফল্যের পরও জীবনের শুরুর দিনগুলোর প্রতি তার টান কমেনি, সাম্প্রতিক বক্তব্যে তা আবারও স্পষ্ট হয়েছে।
১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘জেলার ২’
এদিকে, রজনীকান্ত অভিনীত জেলার ২ সিনেমাটির হিন্দি সংস্করণও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতারা নিশ্চিত করেছেন। আগামী ১৫ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটিতে রজনীকান্তকে আবারও অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য ও সুরজ ভেঞ্জারামুডু। সিনেমাটি প্রযোজনা করেছে সান পিকচার্স। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ