প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস।
শনিবার তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটিতে তেল সরবরাহ বন্ধে অবরোধ কার্যকর করেছে। এর ফলে কিউবার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হয়েছে।
সম্প্রতি কিউবা সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে টেড্রোস উল্লেখ করেন, ‘কিউবা থেকে এইমাত্র ফিরলাম। সেখানে যা দেখেছি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের করিডোরগুলোতে ছোট ছোট শিশুর হাত, তাদের চোখে বুকভরা স্বপ্ন ও বেঁচে থাকার আশা। স্বাস্থ্যকর্মীরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিরোধের মূল্য কোনো শিশুকেই দিতে হওয়া উচিত নয়।’
টেড্রোস বলেন, ‘শিশুদের স্বার্থেই আমি যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ চলতি সপ্তাহে ডব্লিউএইচও প্রধান জানান, কমিউনিস্ট শাসিত কিউবায় মানুষের গড় আয়ু ২০২০ সালের ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে দাঁড়িয়েছে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর দেশটিতে গড় আয়ু কমার ঘটনা এবারই প্রথম।
তবে ২০২৫ সালের এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ আরোপের আগের। গত জানুয়ারিতে ওই অবরোধ কার্যকর করা হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ওপর নতুন এই অবরোধ কিউবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এর ফলে দেশটির সরকারি সেবাব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবানদের মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানান। ১৯৬২ সাল থেকেই কিউবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এর আগে মঙ্গলবার হাভানা সফরের সময় কিউবার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেন ডব্লিউএইচও প্রধান। তিনি দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে ‘সংকটজনক’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। টেড্রোস জানান, কিউবায় শিশুমৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে প্রতি এক হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর মধ্যে প্রায় চারজন মারা যেত। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ৯ দশমিক ৯-এ দাঁড়িয়েছে।
এ ছাড়া শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। কিউবার স্বাস্থ্য পরিস্থিতির জন্য নিষেধাজ্ঞাকে দায়ী করার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথাও উল্লেখ করেন টেড্রোস। তবে এসব সমস্যা সমাধানে কিউবা যে উদ্যোগ নিয়েছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
এ প্রসঙ্গে কিউবা সরকারের ঘোষিত ব্যাপকভিত্তিক বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেন ডব্লিউএইচও প্রধান। টেড্রোস বলেন, ‘সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা অর্থনীতি, বাজারব্যবস্থা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতকে অন্তর্ভুক্ত করে। আমরা এই উদ্যোগকে সমর্থন করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন