প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ না করার পাশাপাশি এর দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
আজ রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সুতরাং, প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেটি এখন আর মূল প্রশ্ন নয়। বরং কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিকভাবে এর ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম সুযোগ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন প্রযুক্তির সুবিধা থেকে পিছিয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড : পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে। পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী, শিক্ষা শুধু শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু ও শিক্ষার পরিবেশও যুক্ত।
ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে ভাষাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা এবং যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে।
সম্মেলনের গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষে পাঠদানে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি এবং সমাজের প্রয়োজন মেটাতে পারে—এমন গবেষণাকে উৎসাহিত করতে চায় কমিশন। এ জন্য প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বেল্টার ভূমিকারও প্রশংসা করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন