ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী তব্দুল হোসেনের মৃত্যু


ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী তব্দুল হোসেনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী তব্দুল হোসেন (৬২) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

গত ২৫ অক্টোবর, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সকালে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক

কারা সূত্রে জানা গেছে, তব্দুল হোসেন দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা হত্যা মামলার (জিআর-৩০/১১, বি.পাড়া-১৪(০২)১১) আসামি ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে ছিলেন।

মৃত তব্দুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার ছোট ধনিয়া গ্রামের মৃত আ. মালেকের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ খাদ্য আইনে জরিমানার প্রস্তাব ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


নিরাপদ খাদ্য আইনে জরিমানার প্রস্তাব ১০ লাখ টাকা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেছে। সংশোধনী প্রস্তাব অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখা হবে। তাছাড়া, আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছানোর জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইনকে আরও কঠোর করার প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে।

কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বহু সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে জানানো হয়, সারাদেশের খাদ্যগুদামসমূহের মজুদ ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। কমিটির পক্ষ থেকে সারাদেশের খাদ্যগুদামসমূহের প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। যে সব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয়, সেগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক বাতিল করে প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ প্রদান করা হয়। খাদ্যগুদামসমূহে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আদ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। খাদ্যগুদাম নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচারে নির্মাণের বিষয়েও পর্যালোচনা চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকের শুরুতে বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুফটপ সোলার বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার সম্ভাবনা: ডিসি ফরিদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


রুফটপ সোলার বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার সম্ভাবনা: ডিসি ফরিদা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ বিল ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি উল্লেখ করেছেন, সরকারি ও বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা উপস্থিত ছিলেন। এ সময় সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডার এবং সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ঢাকা জেলার সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তুলে ধরতে গিয়ে জেলা প্রশাসক জানান, জেলায় প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত ক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।

তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা হলে গ্রিডের ওপর নির্ভরতা কমে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সরকারি ভবন। এই লক্ষ্য অর্জিত হলে জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে।

সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা বাড়াতে নেট মিটারিং সংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপিত ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এই সংযোগ বাড়ানো গেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে এবং সৌরবিদ্যুতের আর্থিক সুফল আরও বৃদ্ধি পাবে।

কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি সরকারি দপ্তরগুলোকে ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করার, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ প্রদান এবং সার্ভিস প্রোভাইডারদের মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনমালিকদের সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের সুযোগ গ্রহণের অনুরোধ করেন।

জেলা প্রশাসক বলেন, রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত সুফল পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে ঢাকা জেলাকে আরও জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারা শেখ হাসিনাকে ফেরার দিবাস্বপ্ন দেখছেন, তারা অস্থীতিশীল পরিবেশ তৈরি করছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


যারা শেখ হাসিনাকে ফেরার দিবাস্বপ্ন দেখছেন, তারা অস্থীতিশীল পরিবেশ তৈরি করছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে যারা শেখ হাসিনা ফেরার দিবাস্বপ্ন দেখছেন, তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রম হাতে নিয়েছেন।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার বিরস্তইল গ্রামে বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ, সরকার এবং সাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি, ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বার আর কখনো হবে না।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বিষয়টিকে বাধ্যতামূলক করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন পাঠ্যবই চালু করা হবে; যা পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবর্তন করা হবে। শিক্ষার্থীদের এই বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শরীরচর্চায় সম্পৃক্ত করা।’

প্রতিমন্ত্রী জানান, ‘অর্থনৈতিক মন্দার মধ্যেও জ্বালানী সংকট কাটিয়ে উঠতে কাজ করছে সরকার।’

সভার পরে প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন ও ১০ জন সুবিধাভোগীর মধ্যে ১০ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাকারম্যানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বড় লিড, ১৫০ রানে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


অ্যাকারম্যানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বড় লিড, ১৫০ রানে এগিয়ে

জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করার পর এবার সেঞ্চুরিয়নের প্রথম ইনিংসে তিন অঙ্কের রান পেলেন মার্কাস অ্যাকারম্যান। প্রথম দিনের ৪৬ রানের সঙ্গে ১০৪ রান যোগ করে প্রথম সেশনে ১৫০ রান পূর্ণ করেন। এই ব্যাটার ওয়ানডে স্টাইলের ব্যাটিং করেছেন। সেশনের শেষ দিনে অ্যাকারম্যান আউট হলেও তার ব্যাটিংয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে বড় লিড দেয়ার পথে রয়েছে।

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২২৮। তাদের প্রথম ইনিংসে লিড ১৩৭ রানের।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পেসারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা অসহায় ছিল। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশি পেসাররা প্রোটিয়া ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি। বরং স্বাগতিকরা দাপটের সঙ্গে প্রথম সেশনটি শেষ করেছে। এই সেশনে তারা ১ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে।

শরীফুলের করা দিনের দ্বিতীয় ওভারে স্লিপ কর্ডনের ভেতর দিয়ে চার মেরে অ্যাকারম্যান টেস্টে নিজের ১৬তম ফিফটি পূর্ণ করেন। এই চারটি রান দিয়ে স্বাগতিকরা লিডও পেয়ে যায়।

বাংলাদেশকে দিনের প্রথম উইকেটের জন্য ১ ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে। খালেদ আহমেদ জুবাইর হামজাকে ফিরিয়ে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন। হামজা গালিতে দাঁড়িয়ে মাহফিজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান করেন।

আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে অ্যাকারম্যান নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মেরে তিনি তিন অঙ্কে পৌঁছান। এটি অ্যাকারম্যানের ৪ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন অ্যাকারম্যান। ১১১ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ১৫০ রান করেন ১৩৭ বলে। অর্থাৎ পরবর্তী পঞ্চাশ রান করতে তিনি মাত্র ২৬টি বল খেলেন। তার ব্যাটিং ছিল রীতিমতো টি-টোয়েন্টি স্টাইলে।

শরিফুলকে চার মেরে ১৫০-এ পৌঁছানোর পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অ্যাকারম্যান।

মাঝে টনি ডি জর্জির একটি কঠিন ক্যাচ ছেড়েছেন তাসকিন আহমেদ। ৭ রানে জীবন পাওয়া জর্জি বর্তমানে ৯ রানে অপরাজিত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%