ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় বিএনপির নেত্রী


মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় বিএনপির নেত্রী

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়ে গেছে, যা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আসনটিতে কে সংসদ সদস্য হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী, অঙ্গসংগঠনের নেত্রী এবং জেলা পর্যায়ের সংগঠকদের মধ্যে অনেকেই মনোনয়ন পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় বিএনপির পরিচিত ও অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অনেক নারী নেতা রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ এবার মনোনয়ন চেয়েও পাননি, আবার কেউ সরাসরি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছেন। মিষ্টির পদত্যাগের ফলে নতুন করে সুযোগ তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।

বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, দল বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থাকায় সংসদ সদস্য হওয়ার আগ্রহী ব্যক্তিদের সংখ্যা বেড়েছে। পরিচিত নেত্রীদের বাইরেও অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্নভাবে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে শূন্য আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের মধ্যেও এ নিয়ে আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে মিষ্টি প্রশ্নের মুখে পড়েন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে হামলা ও ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।

মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসনের একটি পদ শূন্য হয়েছে। নিয়ম অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পেয়ে থাকে। ফলে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগে পড়েছে। দলটিই ঠিক করবে, নতুন করে কে সংসদে প্রতিনিধিত্ব করবেন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সে হিসাবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি।

এবার বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশিত হয় এবং ৩ মে তারা শপথ নেন। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ ছাড়েন মিষ্টি।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

আলোচনায় যেসব নেত্রী

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শূন্য আসনটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের স্ত্রী পাপিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে এক অনুষ্ঠানে যোগ্য নারীদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির উদারতার অভাব রয়েছে বলে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেলেও জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন। সে সময় দলের ভেতরে আলোচনা ছিল, সংরক্ষিত আসনে পাপিয়াকে সংসদ সদস্য করা হতে পারে। তবে বর্তমানে এ দম্পতির কেউই সংসদে নেই। ফলে তাদের অনুসারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজও। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী দলের তৃণমূল পর্যায়ে পরিচিত। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আনুগত্য এবং বিগত সরকারের সময় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ওই সময়ে একাধিক রাজনৈতিক মামলার মুখেও পড়েন তিনি এবং বিভিন্ন ধরনের দমন-পীড়ন সহ্য করেন।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী শাহানা আক্তার সানুও শূন্য আসনে মনোনয়ন পেতে তৎপর। ফেনীর সোনাগাজীর এই নেত্রী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসেছেন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে মহিলা দলের যুগ্ম সম্পাদকের দায়িত্বও পান। এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য আয়শা সিদ্দিকা মনির নামও আলোচনায় রয়েছে। বাগেরহাটের রাজনীতিতে সক্রিয় এই নেত্রী এর আগে সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ২০২৫ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদানবিষয়ক বিএনপির একটি কমিটিতেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন তিনি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবক দলের শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতৃত্বেও ছিলেন তিনি।

শূন্য আসনটি ঘিরে আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আইনজীবী শাহিনুর বেগম সাগর। নোয়াখালীর এই নেত্রী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। তার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নের তালিকায় তার নাম ছিল।

আরও পড়ুন: পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত হবে

মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকাও মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন। তিনি সংগঠনটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন জেলায় মহিলা দলের সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচিও মনোনয়ন পেতে আগ্রহী। গত জাতীয় সংসদ নির্বাচনে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। জেলা মহিলা দলের দায়িত্ব পালনের পাশাপাশি ওই এলাকায় দলীয় কর্মসূচি ও জনসংযোগে সক্রিয় রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে নাচোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি।

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরার নামও আলোচনায় এসেছে। ২০২২ সালের মে মাসে জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। তিনটি সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচনে সর্বোচ্চ ১ হাজার ২৩৫ ভোট পেয়েছিলেন হীরা। প্রায় এক যুগ পর অনুষ্ঠিত ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জেলা নেতৃত্বে আসেন তিনি।

আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রুনা লায়লাও সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন।

চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের

বিএনপির দায়িত্বশীল এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এক ডজনের বেশি। দলের অঙ্গসংগঠনে দীর্ঘদিন সক্রিয় নেত্রীদের পাশাপাশি সংসদে ভূমিকা রাখতে সক্ষম যোগ্য নারীদেরও বিবেচনায় নেওয়া হবে।

ওই নেতা বলেন, সব দিক বিবেচনা করেই একজনকে বেছে নেওয়া হবে। তবে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এ ক্ষেত্রে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি এখনো সিদ্ধান্ত প্রকাশ করেননি। ফলে এখন যেসব নাম আলোচনায় আসছে, সেগুলোকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার পর্যায়েই দেখতে হবে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ জন

সব মিলিয়ে মিষ্টির ছেড়ে যাওয়া আসনটি ঘিরে বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেত্রীদের মধ্যে তৎপরতা বাড়ছে। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে সংসদ সদস্য হওয়ার সুযোগ আসে, তা নির্ভর করছে দলের চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি যুদ্ধবিরতিতে সমর্থন জানালেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রাশিয়া-ইউক্রেনের জ্বালানি যুদ্ধবিরতিতে সমর্থন জানালেন কানাডার প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। তিনি রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই সমর্থন জানান।

কার্নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে উল্লেখ করেন, রাশিয়াকে এই সমঝোতা মান্য করা উচিত। তিনি আরো বলেন, ‘জ্বালানি অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের ওপর সব ধরণের হামলা অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মন্ট্রিল থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘কানাডা যুক্তরাষ্ট্রে তেল ও ডিজেল রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রাখবে। এসব রপ্তানির মাধ্যমে প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি ডিজেল সরবরাহ করা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য নিরাপদে রাস্তা পারাপারের নিয়মাবলী, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য শুধু চালকদের নয়, পথচারী ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন যে, নিরাপদ সড়ক কেবল অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; বরং এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মাধ্যমে নাগরিক জীবনে ছড়িয়ে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, আজকের সচেতন শিক্ষার্থী আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।

শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিরাপদ সড়ক গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে তাদের চিন্তা-ভাবনা উক্ত কর্মশালায় উপস্থাপন করেন। বিআরটিএর পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে পার্থ সারথি দাস, পরিবহন বিশ্লেষক ও নির্বাহী পরিচালক, রোড সেফটি এলায়েন্স বাংলাদেশ; ট্রাফিক সাইন সিগন্যাল বিষয়ে মো. কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক, গুলশান ট্রাফিক বিভাগ; নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনায় কারণ ও প্রতিকার বিষয়ে তন্ময় কুমার ধর, সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেল এবং অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে মাইকোলজি ও বায়োটেকনোলজি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ইবিতে মাইকোলজি ও বায়োটেকনোলজি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের অংশ হিসেবে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ৩৪৪ নম্বর কক্ষে এই প্রেজেন্টেশন ও সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. ইমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আতিকুর রহমান। অতিথিদের মধ্যে ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের প্রফেসর ড. হে শুয়াংহুই। সেমিনারের সঞ্চালক ছিলেন বিভাগের প্রফেসর ড. সুধাংশু কুমার বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী প্রফেসর ড. লিউ শি-লিয়াং।

সেমিনারে আমন্ত্রিত চীনের গবেষকরা তাঁদের গবেষণার কৌশল ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা পর্বে তাঁরা আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে যৌথ গবেষণা পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা চীনে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন পর্বে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের গবেষণার লক্ষ্য, প্রয়োগপদ্ধতি ও প্রাপ্ত ফলাফল পোস্টার আকারে মূল্যায়ন কমিটির সামনে উপস্থাপন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রো-ভিসি ড. এমতাজ হোসেন বলেন, মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানসম্মত গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা জোরদার করতে এ ধরনের সেমিনারের উদ্যোগ প্রশংসনীয়। এই প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশ বিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইইউবিতে সুনীল অর্থনীতি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


আইইউবিতে সুনীল অর্থনীতি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে সেমিনার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উদ্যোগে ‘প্ল্যানিং পারস্পেক্টিভ অন দ্য ইন্ডাস্ট্রিস অন দ্য ইমার্জিং ইন্ডাস্ট্রিজ ইন দ্য ব্লু ইকোনোমি সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাভেদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।

প্রতিমন্ত্রী মন্তব্য করেন, সুনীল অর্থনীতি বা সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা সরকারের জন্য একটি অন্যতম অগ্রাধিকার খাত। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সুনীল অর্থনীতি সেল প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই বিষয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছেন এবং সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কিছু থ্রাস্ট সেক্টর চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে জাহাজনির্মাণ শিল্প, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন অন্তর্ভুক্ত। সরকারের আরেকটি অগ্রাধিকার হলো আমাদের বন্দরগুলোর সঙ্গে উৎপাদন কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। সড়ক যোগাযোগের পাশাপাশি রেল ও নদীপথের উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে হলে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনাকে জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে হবে। এর জন্য যে দক্ষ মানবসম্পদ প্রয়োজন, সেটি তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকেই। সরকারি খাত, উচ্চশিক্ষা খাত এবং বেসরকারি খাতের মধ্যে একটি সমন্বয় বা মেলবন্ধন গড়ে তুলতে হবে। আইইউবি এবং সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজকে ধন্যবাদ, কারণ তারা তাদের অংশটি করছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসেইন মন্তব্য করেন, বাংলাদেশের কন্টেইনার ওঠানামার প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দরে পরিচালিত হয়। ২১ হাজার টনের একটি জ্বালানি তেলের ট্যাংকার খালাস করতে ৩-৫ দিন সময় লাগে, যেখানে সিংগাপুরে এই কাজটি ৪-৫ ঘণ্টায় সম্পন্ন হয়। তাছাড়া, আমাদের দেশে তৈরি পোশাকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ৯৫ দিন সময় লাগে, যেখানে ভিয়েতনামে ৬১ দিন এবং চীনে ৩২ দিন সময় লাগে। এর পেছনে মূল কারণ হলো দুর্নীতি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম (অব.)। তিনি বঙ্গোপসাগর ও সুনীল অর্থনীতি এবং এই খাতের উদীয়মান শিল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়াম বিনতে হাসান ফারিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%