প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যবৃদ্ধির চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ ছাড় ঘোষণা করেছে। ব্যবসায়ীরা এখন থেকে ১০টি অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এই বিষয়ে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা প্রদান করেছে। উল্লেখ্য, বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, আমদানিতে সুবিধা পাওয়া যাবে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুরের মতো পণ্যের ক্ষেত্রে।
এই সুবিধার আওতায় আমদানিকারকরা সাপ্লায়ার্স ক্রেডিট (সরবরাহকারীর ঋণ) বা বায়ার্স ক্রেডিট (ক্রেতার ঋণ) ব্যবহার করে পণ্য দেশে আনতে পারবেন। ফলে পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার পরিশোধের প্রয়োজন হবে না। পণ্য দেশে আসার পর তা বিক্রি করে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে আমদানিকারকদের চলতি মূলধনের ওপর চাপ কমে যাবে এবং বাজারে দ্রুত পণ্য সরবরাহ করা সহজ হবে।
রমজানের আগে সাধারণত দেশে ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজের মতো খাদ্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। এ সময় ব্যবসায়ীদের এলসি (ঋণপত্র) খোলার এবং অর্থায়নের চাপের মধ্যে পড়তে হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে বাজারে দাম বাড়ার আশঙ্কা থাকে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগেভাগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে। আমদানিকারকরা পণ্য আনার ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং রমজানে মূল্যবৃদ্ধির চাপ কমানো।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির কারণে মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, রমজানে তা আরও বাড়ুক বাংলাদেশ ব্যাংক সেটি চায় না। মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আগেভাগে এই সার্কুলার জারি করা হয়েছে, যাতে আমদানিকারকরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।’
নতুন এই সিদ্ধান্তের ফলে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কমবে এবং বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলে দামও স্থিতিশীল থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। আগের সার্কুলারের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা এই ক্ষেত্রেও বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন