প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’য় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে একটি ই-মেইল পাঠানো হয়েছে। একই সাথে, শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার আশঙ্কার বিষয়টিও উল্লিখিত হয়েছে ওই বার্তায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পৌর কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে হুমকিমূলক ই-মেইলটি প্রেরণ করা হয়। এতে মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের আবাস এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের পরিকল্পনার কথা বলা হয়েছে।
ই-মেইলে মহালক্ষ্মী রেসকোর্স, শিয়ন ও আচার্য মেট্রো স্টেশনেও বিস্ফোরক রাখার দাবী করা হয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মতো আরেকটি সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এই ঘটনার পর মুম্বাইজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি ই-মেইলটির উৎস ও প্রেরকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে উল্লিখিত স্থানে সত্যিই কোনো বিস্ফোরক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অমিতাভ বচ্চনের বাড়িতে হামলার হুমকির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। সে সময় পাঠানো ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের স্থান মহালক্ষ্মী রেসকোর্সে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল।
নিরাপত্তাঝুঁকির কারণে সম্প্রতি নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে অমিতাভকে। প্রতি রোববার জুহুর বাংলোর বাইরে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের রীতি রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এই অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বর্তমানে অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।হিন্দুস্তান টাইমস অবলম্বনে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন