প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় সময় আসন্ন। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ, যেখানে স্বাগতিক ভারত মুখোমুখি হবে লাতিন ফুটবলের পরাশক্তি ব্রাজিলের।
ফিফা র্যাংকিংয়ে উল্লেখযোগ্য ব্যবধান থাকা সত্ত্বেও সেলেসাওরা ভারতীয় দলকে একফোঁটাও হালকাভাবে নিচ্ছে না। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল এবং এন্দ্রিকের মতো বিশ্ব ফুটবলের প্রথম সারির সুপারস্টারদের নিয়ে কলকাতায় পা রাখতে চলেছে তারা। তবে ব্রাজিলের পোস্টার বয় ভিনিসিয়ুসের জন্য এটি ভারতের মাটিতে প্রথমবার পা রাখা নয়।
২০১৬ সালের অক্টোবরে ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে অংশ নিতে রিয়াল মাদ্রিদের এই তারকা ভারতীয় গোয়ায় এসেছিলেন। তৎকালীন ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে থাকা ১৬ বছর বয়সী ভিনিসিয়ুস গোয়ার মাটিতে ব্রাজিলের হয়ে চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলে টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন।
সেই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস ৪টি লক্ষ্যভেদ করে সেরা গোলদাতার খেতাব অর্জন করেন। স্বাগতিক ভারতের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৮২ মিনিটে ব্রাজিলের শেষ পেরেকটি পুঁতেছিলেন তিনিই। ভারতে জাদুকরী পারফরম্যান্স দেখানোর মাত্র এক বছরের মাথায় ৪৬ মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফি-তে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি।
পরবর্তী বছর অর্থাৎ ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত। সূচি অনুযায়ী আবারও ভারতের মাটিতে নামার কথা ছিল এই উইঙ্গারের, কিন্তু সদ্য চুক্তি সই করানো তরুণ তারকাকে সেই টুর্নামেন্টের জন্য ছাড়েনি রিয়াল কর্তৃপক্ষ। প্রায় এক দশক পর আবারও সেই ভারতে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। তবে এবার যুব দলের জার্সির বদলে জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে সল্টলেকের লাখো দর্শকের সামনে খেলবেন ভিনিসিয়ুস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন