প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে—এমন প্রত্যাশা সত্ত্বেও প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনো প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। নতুন বেতন কাঠামোর খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি বলেও জানা গেছে। খসড়াটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। বাড়ানো হচ্ছে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন এবং মোবাইল ভাতা।
নতুনভাবে প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা চালু করার পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতাও বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার ও সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাংলা নববর্ষের ভাতায় কিছুটা কমানো হয়েছে।
সম্প্রতি মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির কাজ অর্থ বিভাগ করছে। শিগগিরই এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সরকারি চাকরিজীবীদের যে ১১ সুবিধায় পরিবর্তন ঘটবে তা নিম্নরূপ:
১. বাড়িভাড়া ভাতা বাড়ছে
ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করা হচ্ছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত ভাতা প্রদান করা হবে।
২. বয়সভেদে চিকিৎসাভাতা
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসাভাতাও বাড়বে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হবে।
৩. নিম্ন গ্রেডে বেশি বেতন বৃদ্ধি
নতুন কাঠামোয় নিচের গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৪. সবার জন্য মোবাইল ভাতা
নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন। গ্রেড-৫ ও তার ঊর্ধ্বে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।
৫. যাতায়াত ভাতা দ্বিগুণ
বর্তমানে যাতায়াত ভাতা হিসেবে ৩০০ টাকা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হচ্ছে।
৬. প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে ৩ হাজার টাকা ভাতা চালু হচ্ছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধা পাবেন।
৭. বাংলা নববর্ষের ভাতা কমছে
নতুন বেতন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হলেও তা কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮. ঝুঁকি ও বিশেষ ভাতা বাড়ছে
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা আগের হারেই বহাল থাকবে।
৯. পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা
পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। হাওর, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতোই থাকবে। তবে এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১০. পেনশন ও গ্র্যাচুইটিতে পরিবর্তন
‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হবে।
১১. সামরিক বাহিনীর বিভিন্ন ভাতা বাড়ছে
সশস্ত্র বাহিনীর অফিসার ও সদস্যদের জন্য বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশিরভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন