প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাম পর্যায়ের ছোট ছোট সমস্যা স্থানীয়ভাবে সমাধানের জন্য কাজ চলছে। পাশাপাশি, ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তারেক রহমানের সরকার এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামের বিভিন্ন সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা হতো। ১৯৮২ সালে এটি বন্ধ হয়ে যায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে আবারও গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। পরবর্তী সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেই আইন বাতিল করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সরকার কাজ করছে। স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি স্থানীয় সরকার ব্যবস্থায় আবারও যুক্ত হতে যাচ্ছে। এর মাধ্যমে গ্রামের ছোটখাটো সমস্যার সমাধান গ্রামে করাই সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মীর শাহে আলম বলেন, প্রথম ধাপে সম্ভবত ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ বা ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর রমজানের পর ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ‘গত ২০ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি, সেই অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার।’
রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের সবাই একমত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী হতে পারেন না। হাসিনার করা আইনেই তার বিচার হয়েছে। সেই বিচারের রায় বাস্তবায়ন হবেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণা করে বলেন, দৈনিক আজ ও আগামীকালের সম্পাদক ডা. জাহিদ কামালের উৎসাহে একজন আর্টিস্ট হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। এরপর সাংবাদিকতা তার নেশায় পরিণত হয়। তিনি বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন। আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন