০৫:০৬ পি.এম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : জনপ্রশাসনকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা রয়েছে। এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
আজ সোমবার দুপুরে, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম খান জানান, "আমরা যে প্রশাসনিক সংস্কার কমিশন তৈরি করতে চাই, সেই কমিশনকে যারা সহায়তা করবে, তাদের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তা দূর না করে কমিশন গঠন করলে কার্যকরী কাজ হবে না। এ কারণে কিছুটা সময় লাগছে। তবে শিগগিরই হবে, ইনশাল্লাহ।"
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, "জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের জন্য নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করা হয়েছে, সরকার সেই পয়েন্টে অটল রয়েছে। বরঞ্চ সরকারের উদ্দেশ্যেই কাজ করছে এবং ‘ইন দি মিন টাইম’ কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে।"
তিনি আরও বলেন, "বিশেষ করে আগের সরকারের অনুগত কিছু ব্যক্তি প্রশাসনে রয়ে গেছেন। তাদেরকে যথাস্থান থেকে চিহ্নিত করে পরিষ্কার করার একটি চেষ্টা আমরা করেছি এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।"
ইসমাইল জবিহউল্লাহ বলেন, "এমন কিছু করা যাবে না, যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। একই সঙ্গে প্রশাসনকে যে রকম দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে জনপ্রশাসন সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেটি আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি।" আরও বলেন, "আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন সংস্কারের জন্য একটি কমিশন গঠন করতে যাচ্ছি। আপনারা শিগগিরই তা দেখতে পাবেন।"
এছাড়া, গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে যারা গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেছেন, তারা সকলেই আমাদের প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন। তারা জানিয়েছে, এই প্রথম তারা কোনো গণমাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ ও প্রভাব অনুভব করেননি। ফলে তারা আনুষ্ঠানিকভাবে একাধিকবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।"
আরও পড়ুন: মণ্ডপে শুধু নারীদের উদ্যোগেই হচ্ছে দুর্গাপূজা
তিনি আরও বলেন, "এটি প্রাতিষ্ঠানিক করার জন্য গণমাধ্যম কমিশন গঠনের প্রতি তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নেই।"
জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠকের উদ্যোগ গ্রহণ করেছি এবং বৈঠকটি প্রায় সম্পন্ন হয়েছে। এখন আমরা একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করব, যা একটি জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) খসড়া তৈরি করবে। তারপর আমরা এটি মন্ত্রিসভায় উপস্থাপন করব।" সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
অনুষ্ঠানটি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের একটি পরিসংখ্যানে তুলে ধরেন মাহাদী আমিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল।
এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন