প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনভিডিয়া বিতর্কের কেন্দ্রে রয়েছে দুটি নাম, জেনসেন এবং অ্যালিস। দুইজনের পদবি হুয়াং। তবে তাদের মধ্যে পূর্বের কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। তারা গোপনে প্রেম করছিলেন। এই গোপন প্রেমের বিষয়টি গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে, মার্কিন অর্থনীতিতে টালমাটাল অবস্থা তৈরি করেছে, এবং এআই যুদ্ধের হিসাব-নিকাশে বিশাল পরিবর্তন এনেছে।
১৯৯৩ সালে জেনসেন আরো দুই বন্ধুর সাথে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। প্রথমে ভিডিও গেমের চিপ তৈরি করলেও এআই প্রযুক্তির উন্নতমানের চিপ তৈরির পর এনভিডিয়া দ্রুত শীর্ষে উঠে আসে। এআইয়ের প্রসারের মূল চাবিকাঠি হাতে থাকার কারণে জেনসেন হয়ে ওঠেন প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। এতে তিনি অনেকের নজরে পড়েন। চীনা গোয়েন্দারা তখন অ্যালিস হুয়াংকে লেলিয়ে দেয়।
মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের নির্বাহী হলেও অ্যালিস আসলে একজন চীনা গুপ্তচর। চীনের স্বার্থ রক্ষা করতে তিনি জেনসেনকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। জেনসেনের পতনের সাথে সাথে শেয়ার বাজারের দরপতন ঘটতে থাকে, ফলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেনসেন এবং মার্কিন অর্থনীতি বাঁচাতে এগিয়ে আসেন। পদত্যাগের ১১ দিন পর জেনসেন আবার নিজের আসনে ফিরে এসেছেন। কিন্তু অ্যালিস হুয়াং কোথায়?
মার্কিন গোয়েন্দারা অনেক দিন ধরেই অ্যালিসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিলেন। এ বিষয়ে তারা ঊর্ধ্বতনদের সতর্কও করেছেন। গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস প্রথম জেনসেনের সাথে অ্যালিসের পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ করে। প্রথমে জেনসেন এটিকে নিছক ব্যবসায়িক সম্পর্ক বলে এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সংবাদ প্রকাশের ১০ দিন পর, ৮ নভেম্বর, জেনসেন স্বীকার করেন যে তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। পরকীয়া সম্পর্ক স্বীকারের ৪ দিন পর, ১২ নভেম্বর, জেনসেন পদত্যাগ করেন। জেনসেনের পদত্যাগ আসলে নিছক পরকীয়া সম্পর্কের জন্য নয়।
জেনসেন যাকে প্রেম করতেন, ধারণা করা হয় সেই অ্যালিস চীনের গুপ্তচর। জেনসেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, যার সাথে ট্রাম্পের সরাসরি যোগাযোগ রয়েছে। সম্পর্কটি জানাজানি হওয়ার পর সবার উদ্বেগ, অ্যালিস জেনসেনকে কতটা প্রভাবিত করতে পেরেছেন এবং কত গোপন তথ্য জানতে পেরেছেন, তা যুক্তরাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর হতে পারে।
তবে জেনসেনকে বিপাকে ফেলে যেন হাওয়ায় মিলিয়ে গেছেন অ্যালিস হুয়াং। বহুল আলোচিত এ বিতর্ক নিয়ে অ্যালিস হুয়াং বা তার পক্ষের কেউ কোনো কথা বলেননি। এই সময়ে অ্যালিসকে কোথাও দেখা যায়নি। অ্যালিস এখন কোথায় আছেন, সেটাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। ১২ নভেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনে ফিরে গেছেন এবং চীনা নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে দেশটির রাজধানীতে বসবাস করছেন। তিনি কবে বেইজিংয়ে গিয়েছিলেন, কেন ফিরে গিয়েছিলেন বা সেখানে কী করছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার দাবি করে আসছে, অ্যালিসের সাথে চীনা সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু মার্কিন গোয়েন্দাদের তথ্য এবং ঘটনার মধ্যে সম্পর্ক মেলালে বোঝা যায়, অ্যালিসের সাথে জেনসেনের সম্পর্কটা নিছক প্রেমের ছিল না। আর এই সম্পর্কে শেষ পর্যন্ত চীনই লাভবান হয়েছে। চীন যাতে এআই খাতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে না পারে, সে জন্য ২০২২ সাল থেকে চীনে মার্কিন চিপ রপ্তানি নিষিদ্ধ। কিন্তু অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়া থেকে ৪ বিলিয়ন ডলারের চিপ কিনেছিল।
ধারণা করা হচ্ছে, মেগাস্পিডের চিপ কেনার অর্থ এসেছিল চীনের আলিবাবার কাছ থেকে। আর মার্কিন চিপের শেষ গন্তব্য ছিল চীন। এছাড়া জেনসেন অনেক দিন ধরেই চীনে চিপ রপ্তানির পক্ষে ট্রাম্প প্রশাসনে তার প্রভাব কাজে লাগাচ্ছিলেন। জেনসেনের তদ্বিরে কাজও হয়েছে। উন্নতমানের ব্ল্যাকওয়েল চিপ না হলেও কিছু সাধারণ চিপ রপ্তানির অনুমতি পেয়েছে এনভিডিয়া।
তবে জেনসেনের সাথে আসলে পরিচয় ছিল অ্যালিস হুয়াংয়ের স্বামী চীনা ব্যবসায়ী কাং ওয়েইয়ের। ২০১০-এর দশকে জেনসেন হুয়াংয়ের সাথে কাংয়ের পরিচয় হয়, যখন এনভিডিয়া মূলত পিসি গেমিং জিপিইউ নির্মাতা প্রতিষ্ঠান ছিল। প্রতিবেদন অনুযায়ী, ওয়েই তখন ভিডিও গেম কোম্পানিগুলোর ওপর নজর দেওয়া একজন প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারী ছিলেন, আর তার স্ত্রী অ্যালিস হুয়াং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ছিলেন। কাং কোনো একসময় তার স্ত্রীকে জেনসেনের সাথে পরিচয় করিয়ে দেন। তবে সেটা কবে, কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। কাং প্রায় দুই বছর ধরে জেনসেন হুয়াংয়ের সাথে তাঁর স্ত্রীর প্রেমের সম্পর্ক জানতেন এবং মেনে নিয়েছিলেন বলে মনে হয়।
অ্যালিস হুয়াং ২০০০-এর দশকের শেষ দিকে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে মিডিয়া ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলে জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং কম্পিউটার চিপ খাতে যুক্ত হওয়ার আগে তিনি চীনে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করতেন। কাং এবং অ্যালিস চীন, সিঙ্গাপুর, তাইওয়ান এবং অন্যান্য স্থানে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে তাদের ব্যক্তিগত যোগাযোগগুলো কাজে লাগিয়েছিলেন।
বিতর্ক শুরুর পর থেকে অ্যালিস আড়ালে চলে গেছেন ব্যাপারটা এমন নয়। অ্যালিস বরাবরই একটু আড়ালে থাকা রহস্যময় নারী। অনলাইনে তার সীমিত উপস্থিতি থেকে এমন একজন মানুষের চিত্র ফুটে ওঠে, যিনি সাংবাদিকতা ছেড়ে প্রযুক্তি খাতের প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন এবং এশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে ইংরেজিতে অত্যন্ত সাবলীল একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি প্রায়ই প্রযুক্তি খাতের সম্মেলন এবং নির্বাহীদের নৈশভোজে অংশ নিতেন এবং এআই শিল্পের সর্বোচ্চ পর্যায়ে তার যোগাযোগ ছিল। ক্রমশ এই চীনা নির্বাহী কর্মকর্তা জেনসেনের ব্যবসায়িক মহলে নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন এবং ব্যক্তিগত ও কর্পোরেট অনুষ্ঠানে এনভিডিয়া সিইওর পাশে তাকে দেখা যেত।
চীনের একটি প্রাইভেট-ইক্যুইটি ফান্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, হুয়াংয়ের গণমাধ্যমে চার বছর এবং এইচএসবিসি ও সিটিক সিকিউরিটিজসহ সিকিউরিটিজ শিল্পে আট বছরের কাজের অভিজ্ঞতা ছিল অ্যালিসের। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের কর্পোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত হুয়াং ওই কোম্পানির পরিচালক ছিলেন।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের নথি অনুযায়ী, ২০১৭ সাল থেকে অ্যালিস হুয়াং দশবার যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন। তার সর্বশেষ সফরটি ছিল গত বছরের মার্চে, যখন কোম্পানির বার্ষিক সম্মেলন চলাকালীন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তর পরিদর্শনের সময় তার ছবি তোলা হয়েছিল। ২০২৫ সালের মে মাসে তাইপেইতে একটি প্রযুক্তি সম্মেলনের সময় তারা দুজনে একটি দলগত নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং একই গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।
ব্যবসায়িক সূত্রে জেনসেন হুয়াংয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখতে শুরু করে যে চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে যুক্ত একটি গোয়েন্দা সম্পদ হিসেবে তাঁর অন্য কোনো ভূমিকা আছে কি না। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত অ্যালিস হুয়াং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছিলেন।
ওই সময়কালটি উন্নত এআই প্রসেসর নির্মাতা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিটির তৎকালীন প্রধান জেনসেন হুয়াংয়ের সাথে তার প্রণয়ের সম্পর্কের অন্তত একটি অংশের সাথে মিলে যায়। এই সময়টি মেগাস্পিডের বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ সংগ্রহের সময়ের সাথেও মিলে যায়। ওই হার্ডওয়্যারগুলোর কিছু অংশ আলিবাবাসহ চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে সেবা দেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারগুলোতে সরবরাহ করা হয়েছিল, আর বাকি চালান চীনে পাচার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন গোয়েন্দাদের ধারণা অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইও একই চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। ‘নিউ ইয়র্ক টাইমস’ আগে জানিয়েছিল যে, অ্যালিস হুয়াং এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে চীনা প্রতিরক্ষা ঠিকাদারদের সংযোগ ছিল। পরিবারটির সাথে জড়িত কিছু কোম্পানির বিরুদ্ধে পিপলস লিবারেশন আর্মির হয়ে কাজ করা চীনা রাষ্ট্রীয় সামরিক ঠিকাদারদের শক্তিশালী চিপ সরবরাহের প্রচেষ্টার অভিযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন