প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি, একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর চেষ্টা করছে, যা তার ব্যক্তিগত এবং পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে। এই চক্রটি গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, যা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, তথ্য অধিদপ্তরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের স্বাক্ষর জাল করে তার নামে সরকারের উচ্চতর দপ্তরে বিভ্রান্তিকর চিঠি প্রেরণ করা হয়েছে। এই চিঠিটি বানোয়াট ও ষড়যন্ত্রমূলক, এবং উক্ত কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানেন না।
এতে আরো বলা হয়েছে, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারির সাথে দায়িত্ব পালন করেছেন। অথচ, এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি, ছয় বছর তিনি নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও কাজ করেছেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ ‘সচিব’ পদ অলংকৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন। সচিব তার ওপর অর্পিত দায়িত্ব Rules of Business অনুযায়ী পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমেও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেছেন। তিনি কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ দেননি, এবং প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেননি।
দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারি, সততা ও সুনামের সাথে তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেত নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।
তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন