প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, গোদাগাড়ীর লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল, তার স্ত্রী জোহুরা, চাঁপাইনবাবগঞ্জ সদরের জয়নগর মীরপাড়ার বাসিন্দা সুজন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগানপাড়ার মতিউর রহমানের ছেলে আবদুল হালিম।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গত ২৭ অক্টোবর বিকেলে সিহাব বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাত ৮টার দিকে অভিযুক্ত হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় দিগ্রামে যাওয়ার প্রস্তাব দিয়ে অটোতে ওঠেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে শিমুল পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করেন। মৃত্যুর পর মরদেহ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে অটো নিয়ে পালিয়ে যান তিনি।
ছেলের সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিহাবের বাবা সোহেল রানা। ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামের ওই ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ১ নভেম্বর সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন