প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেছেন, গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রধান উদ্দেশ্য হলো—মানুষকে স্বস্তি প্রদান করা এবং একটি শান্ত পরিবেশ সৃষ্টি করা। তিনি উল্লেখ করেন, গাড়ির হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্ন বন্ধ করা এই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। হর্নের ব্যবহার সীমিত করা গেলে আমরা এর সুফল ভোগ করতে পারব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত করার উদ্দেশ্যে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, আমরা পর্যায়ক্রমে মোটরসাইকেল, অটোরিকশা এবং অন্যান্য গণপরিবহনের চালক ও শব্দদূষণের সঙ্গে জড়িত সকল অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে বৈঠক করছি। এই কর্মসূচির উদ্দেশ্য এবং বাস্তবায়নের উপায়গুলো তাদের সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে গণপরিবহনের মালিক, শ্রমিক এবং ড্রাইভার—এই তিন শ্রেণির প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে পাঁচশ’রও বেশি বাস, যেগুলো গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হাইড্রোলিক হর্ন মুক্ত করে মিউজিক হর্ন ব্যবহার করবেন। এই হর্নগুলো শ্রুতিমধুর ও সহনীয় মাত্রার হবে এবং মানুষের কানের স্বাস্থ্যের ক্ষতি করবে না। আজ থেকে প্রয়োজন ছাড়া তারা কোনো হর্ন বাজাবেন না।
মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) জানিয়েছেন, গত দুই মাসে আমাদের কর্মসূচির আওতায় প্রায় নয়শ’ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এটি প্রশংসার যোগ্য। জেলা পুলিশ সুপারও এ বিষয়ে কাজ করছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করছেন। আমরা একসঙ্গে অনেক কর্মসূচি গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও একসঙ্গে অনেক কর্মসূচি গ্রহণ করব। আমাদের একটাই উদ্দেশ্য—মানুষকে স্বস্তি দেওয়া এবং একটি শান্ত ও শব্দদূষণমুক্ত গাজীপুর গড়ে তোলা।
ভাওয়াল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ অনেকেই বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন