শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৭ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা এবং রক্তের স্বাদ রয়েছে, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। এ কারণে, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র এবং গভীর হয়ে উঠেছে। তারা এখনও এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি পার্শ্ববর্তী দেশ থেকে তার অভ্যন্তরীণ অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম তার নির্মম শিকারে পরিণত হয়েছেন।
এ সময় নেতাকর্মীদের আশ্বস্ত করে রিজভী বলেন, অনেক প্রচেষ্টা সত্ত্বেও এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচারও হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে কালিয়ায় পৌঁছানোর পর তিনি পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুরের কবর জিয়ারত করেন। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগ সরকারের অধীনে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য সরকারের নতুন ‘জিরো কস্ট’ স্কিমে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা।
তারা উল্লেখ করেছেন, মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক নবায়নের সময় এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এদিকে বোয়েসেল জানিয়েছে, বঞ্চিত কর্মীদের মধ্যে ১,৫৩৭ জনকে ইতিমধ্যে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে।
সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগের কারণে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। সেই সময় ১৭,৭৭৭ জন কর্মী দেশে আটকে পড়েন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার শ্রমবাজারটি পুনরায় চালুর চেষ্টা করে।
সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তারা সরকারের জিরো কস্ট স্কিমে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, বঞ্চিত প্রায় ১৮,০০০ কর্মীর মধ্যে মালয়েশিয়া সরকার ৭,৮৭৩ জনের তালিকা প্রদান করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির পর ২,৯৯০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১,৬২৬ জনের মধ্যে ১,৫৩৭ জনকে ইতিমধ্যে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। তবে কর্মীদের অনাগ্রহ ও চাহিদার অভাবে আপাতত নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক নবায়নের সময় আটকে পড়া কর্মীদের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। অতীতের অনিয়মের জন্য দায়ীদের বিচারে দুই দেশকে যৌথভাবে এগিয়ে আসতে হবে বলেও তাদের মতামত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ১-ই ক্যাম্পের ছোট্ট ঝুপড়ি ঘরে বসে দুপুর থেকেই উম্মে রুমান নিজের মোবাইলে চোখ রেখেছিলেন। তিনি অপেক্ষা করছিলেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের জন্য। দুর্বল ইন্টারনেটের কারণে সরাসরি সম্প্রচার বারবার আটকে যাচ্ছিল। শেষে ফেসবুকে ঢুকে একটি শিরোনামে তার চোখ আটকে যায়— ‘মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে নিশ্চিত করল আইসিজে’।
খবরটি দেখেই আবেগে লাফিয়ে ওঠেন রুমান। পাশেই রান্না করছিলেন তার ভাবি। তিনি ছুটে গিয়ে ভাবিকে জড়িয়ে ধরেন। কী ঘটেছে তা বলার আগেই তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রুমান বলেন, ‘আমি আনন্দাশ্রু নিয়ে এই রায় উদযাপন করেছি। কারণ এই প্রথম পুরো বিশ্ব মেনে নিল যে আমাদের ওপর কী ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল।’
দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক স্বীকৃতি
বৃহস্পতিবার দেওয়া এই ঐতিহাসিক রায়ে আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল এবং ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ মারা যান। পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়ার করা এই মামলায় দীর্ঘ বছরের অস্বীকৃতির পর অবশেষে রোহিঙ্গাদের ওপর চলা নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। প্রায় দশ বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা শরণার্থীদের মাঝে এই রায় স্বস্তি, আবেগ এবং নতুন আশা জাগিয়েছে। রুমানের কথায়, এটি শুধু একটি আইনি রায় নয়, বরং তাদের দীর্ঘদিনের কষ্টের প্রমাণ।
রায় ঘোষণার সময় পুরো শিবির জুড়ে ছিল টানটান উত্তেজনা। কেউ মোবাইলে, কেউ ল্যাপটপে, আবার কেউ বড় পর্দায় পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে ফেসবুক ও ইউটিউবে আদালতের কার্যক্রম দেখছিলেন। আঠারো বছর বয়সি মোহাম্মদ রেহান তার শিক্ষক ও বন্ধুদের সাথে ল্যাপটপে রায় দেখছিলেন। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে রেহান জানান, রায় ঘোষণার পর অনেক নারী কান্নায় ভেঙে পড়েন, আবার অনেকে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে প্রার্থনা শুরু করেন। রেহান চুপচাপ বসে শুনছিলেন এবং ভাবছিলেন, এই রায় হয়তো তাদের নিজ দেশে ফেরার দরজা খুলে দেবে। এই ভাবনাটাই তাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছিল।
গাম্বিয়ার ভূমিকায় প্রশংসা ও ঘরে ফেরার স্বপ্ন
মুহূর্তেই ক্যাম্পের ব্লকে ব্লকে ছড়িয়ে পড়ে এই খবর। বয়স্ক শরণার্থীরা গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করে মামলাটি নিয়ে কথা বলতে শুরু করেন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের সদস্য দেশ হিসেবে গাম্বিয়া এই মামলাটি করেছিল। রেহান যখন তার মাকে রায়ের খবর দেন, তখন তিনিও আনন্দে বলেন যে তারা জিতেছেন এবং এবার নিজেদের দেশে ফিরতে পারবেন।
বৃষ্টি, দুঃসহ স্মৃতি ও বাস্তবতা
তবে এই আনন্দের মাঝেও শরণার্থী জীবনের কঠিন বাস্তবতা বদলায়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার ক্যাম্পগুলোতে বৃষ্টি হচ্ছিল, যা ঘিঞ্জি ঝুপড়ি ঘরে থাকা পরিবারগুলোর কষ্ট আরও বাড়িয়ে দেয়। রোহিঙ্গা যুবক নুরুল আমিন জানান, আদালতের স্বীকৃতিতে তিনি খুশি হলেও এই ঘোষণা তাকে ২০১৭ সালের সেই ভয়ংকর স্মৃতি, সেনাবাহিনীর নির্যাতন এবং পেছনে ফেলে আসা নিজ বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে। রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহও একই কথা বলেন। তার মতে, এই রায় স্বস্তি ও আশা দিলেও হারিয়ে যাওয়া প্রিয়জনদের ফিরিয়ে আনতে বা কষ্টের স্মৃতি মুছে ফেলতে পারবে না।
প্রত্যাবাসন ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের দিক থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই রায় খুব গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠা করতে এমন একটি রায় দরকার ছিল। অন্যদিকে, ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, যেহেতু আন্তর্জাতিক আদালত গণহত্যার বিষয়টি মেনে নিয়েছেন, তাই এখন রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় পরিবর্তন আসবে এবং নিরাপদে ফেরত পাঠানোর জন্য ঢাকাকে মিয়ানমারের কাছ থেকে আরও শক্ত নিশ্চয়তা নিতে হবে।
সব মিলিয়ে রোহিঙ্গাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো নিজ দেশে ফেরা। তারা চান অপরাধীদের বিচার, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং মিয়ানমারে নিরাপদ ও সম্মানের সাথে ফেরা। নুরুল আমিনের আশা, বিশ্ব সমাজ এখন শুধু মানবিক সাহায্যের কথা না ভেবে তাদের ঘরছাড়া হওয়ার পেছনের রাজনৈতিক কারণগুলো সমাধান করবে এবং মিয়ানমারে গণতন্ত্র ও সামরিক শাসনের অবসান ঘটিয়ে তাদের অধিকার ও সম্মান নিয়ে ঘরে ফেরার পথ তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের ড্রামা সিরিজ ‘দার-ই-নিজাত’ বর্তমানে শুধুমাত্র পাকিস্তানি দর্শকদের মধ্যে জনপ্রিয় নয়; বরং এটি ভারত ও বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন-জির মানসিক টানাপোড়েন এবং চার তরুণের জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিরিজ। সমসাময়িক তরুণ প্রজন্মের চিন্তা ও বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এই ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র আবু বকর, যার প্রতি হামনা বিপদে সহায়তা পেয়ে গভীর আকর্ষণ অনুভব করে। আবু বকর চরিত্রটি দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতীক হলেও, অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সীমারেখা বজায় রাখতে হিমশিম খায়।
বিশ্লেষকদের মতে, কৃতজ্ঞতা অনেক সময় অতিরিক্ত আবেগনির্ভরতা বা কাউকে আদর্শ রূপে কল্পনা করার প্রবণতায় পরিণত হয়। এ কারণেই ধারাবাহিকটিতে জেন-জির পাশাপাশি আগের প্রজন্মের গল্পও প্রতিফলিত হয়েছে। অল্প বয়সে আবেগের বশে করা ভুলগুলোকে তুলে ধরে সেখান থেকে নিজেকে ক্ষমা করা এবং অতীতের দুঃখ-কষ্ট থেকে মুক্তির দিকটি দেখানোর জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছে ‘দার-ই-নিজাত’।
এ নাটকের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরতে মানসিক স্বাস্থ্যবিষয়ক এক পেশাজীবী জানিয়েছেন, জারিয়াব চরিত্রে পরিত্যক্ত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরতা লক্ষ্য করা যায়। সম্পর্ক ভাঙার পর তার আতঙ্ক ও আত্মমর্যাদার সংকট স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, ধনী পরিবারের সন্তান জামিল নিজের ব্যর্থতা ও আবেগগত দুর্বলতা এড়াতে ধর্মীয় পরিচয়ের বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চায়, কিন্তু নিজের ভুলের দায় স্বীকার করতে পারে না।
উল্লেখ্য, উমেরা আহমেদের রচনা ও সাকিব খানের পরিচালনায় সাজানো হয়েছে সিরিজটি, যেখানে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনা নামে চার তরুণের জীবনসংগ্রাম ফুটে উঠেছে। ভালোবাসা, চাওয়া-পাওয়া, দায়িত্ববোধ, আস্থা, নিজস্ব পরিচিতি এবং জীবনের প্রকৃত অর্থ অনুসন্ধানের টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাদের গল্প।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে হাজার হাজার সরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র তিনটি। শিক্ষা ব্যবস্থার এই ‘পাহাড়সম বৈষম্য’ নিরসনে দেশের প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে ‘এম.ফিল-পিএইচ.ডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম’।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা এক স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। ফোরামের সভাপতি ড. মোহা. আহমাদুল্লাহ এবং সম্পাদক ড. মোহাম্মদ তোফায়েল উদ্দীন এতে স্বাক্ষর করেন।
পরিসংখ্যানে বৈষম্যের চিত্র
স্মারকলিপিতে ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩’-এর তথ্য উদ্ধৃত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাগত বিশাল ব্যবধান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি, সরকারি কলেজ ৬৩৭টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৬২৮টি, টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠান ৩১৭টি এবং সরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৬টি। অথচ এর বিপরীতে সারাদেশে সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র ৩টি।
সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি
আবেদনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধারা হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আলিয়া মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
তারা আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সময়ের দাবি। তবে রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে একসাথে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব না হলে, আপাতত বৈষম্য কিছুটা কমাতে প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে।
জাতীয় স্বার্থে এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি জোর অনুরোধ জানিয়েছেন শিক্ষক নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ