ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য, উদ্ধার অভিযান চলছে


বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য, উদ্ধার অভিযান চলছে

বাংলাদেশ সীমান্তের নিকটে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ হয়েছেন বিএসএফের একজন সদস্য।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যটি আসামের বাংলাদেশের সীমান্তের কাছে গরু চোরাকারবারীদের ধাওয়া করার সময় নদীতে পড়ে যান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) ভোরের দিকে তিনি নিখোঁজ হন এবং (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থান বিদেশিদের জানানো হয়েছে

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামের চাচার জেলার বরাক নদীতে দুই বিএসএফ জওয়ান লাফ দেন। তাদের মধ্যে একজন তীরে উঠতে সক্ষম হলেও, অপরজন ভেসে যান।

নিখোঁজ বিএসএফ সদস্যের নাম কনস্টেবল কে ভেনু, যিনি হরিনগর বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে হরিনগরে চার থেকে পাঁচজন গরু চোরাকারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু সেখানে যান। চোরাকারবারীদের ধাওয়া করার সময় তারা নদীতে ঝাঁপ দেন। হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নদী সাঁতরে তীরে ফিরে আসলেও কনস্টেবল ভেনু ফিরে আসেননি।

চাচার জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানিয়েছেন, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাদের এ ঘটনার বিষয়ে অবহিত করেন।

আরও পড়ুন: এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন যেসব কাগজপত্র

কনস্টেবল ভেনুকে খুঁজে বের করার জন্য স্টেট ডিজেস্টার রেসপন্স টিম, ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স এবং নৌ পুলিশ নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্থানীয়রা দাবি করেছেন যে ওই বিএসএফ জওয়ানকে তারা ধরে নিয়ে গেছে। তবে বিএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাস্তবতা একে অপরের থেকে ভিন্ন। তিনি উল্লেখ করেন যে, ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি অবস্থায় দেশে আসতে হবে।

মঙ্গলবার সকাল ১০টার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে এই বক্তব্য প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের অবস্থান কঠোর রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, পলাতক শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ১৮ কোটি টাকার দুই সেতু জনসাধারণের কাজে আসছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


জামালপুরে ১৮ কোটি টাকার দুই সেতু জনসাধারণের কাজে আসছে না

দুটি সেতু নির্মাণের জন্য প্রায় ১৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অথচ, আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় জনবসতি নেই এবং সংযোগ সড়কও নেই। জানা যায়, সেতু দুটি নির্মাণের পরিকল্পনা ছিল নকশী পল্লী গড়ে তোলার সঙ্গে যুক্ত। তবে বর্তমানে সেতু দুটি স্থানীয়দের যাতায়াতের কাজে আসছে না। এ কারণে সেতু নির্মাণে সরকারি বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি সেতু দুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে। কিন্তু সংযোগ সড়ক না থাকার কারণে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে স্থানীয় কৃষকরা সেতুগুলো ব্যবহার করছেন ধান, খড় ও মরিচ শুকানোর কাজে। ঝিনাই নদীর পশ্চিম পারে নিজেদের ফসলি জমিতে যাতায়াতের জন্যও সেতু দুটি ব্যবহার করা হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সেতু দুটি নির্মাণ করা হয়। ২০২১ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে ৯৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। আর ৫০ মিটার দীর্ঘ অপর সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা। সব মিলিয়ে সেতু দুটিতে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা।

স্থানীয়দের মতে, সেতুর পূর্ব পাশে জামালপুর সদর পৌরসভার হাটচন্দ্রা এলাকা এবং পশ্চিম পাশে মেলান্দহ উপজেলার চরপলিশা ও মধ্যেরচর এলাকা অবস্থিত। কিন্তু সেতু দুটির সঙ্গে এসব এলাকার সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে এগুলো কোন কাজে আসছে না। পশ্চিম পাশে মূলত ফসলি জমি রয়েছে। ফলে সেতু দুটি নির্মাণের পরও এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় নকশী পল্লী গড়ে তোলার পরিকল্পনার কথা প্রচারিত ছিল। সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত করেই সেতু দুটি নির্মাণ করা হয়। তবে পরে জামালপুর পৌর এলাকার কম্পপুরে নকশী পল্লী গড়ে তোলার প্রস্তাব করা হয়। এরপর সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এগুলো কার্যত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো জনসাধারণের কাজে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

চন্দ্রা গ্রামের কৃষক আব্দুল করিম মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সেতু দুটি নির্মাণ করা হয়। কিন্তু কোনো রাস্তাঘাট নেই। তাই সেতু দিয়ে যানবাহন চলাচল করে না। বর্তমানে তারা ধান, খড় ও মরিচ শুকানোর কাজে সেতু ব্যবহার করেন। পশ্চিম পাশে তাদের ফসলি জমি থাকলেও সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই।

একই গ্রামের রহমত মিয়া জানান, তখন তিনি শুনেছিলেন, ওই এলাকায় নকশী পল্লী হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে সেতু নির্মাণ করা হলেও পরে নকশী পল্লীর স্থান পরিবর্তনের প্রস্তাব করা হয়। কিন্তু সেতুর জন্য আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা মানুষের কাজে আসছে না।

ভাবকী এলাকার আব্বাস আলী বলেন, একই সময়ে ভাবকীতেও আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে, সেটিরও সংযোগ সড়ক নেই। ফলে সেতু দুটি সাধারণ মানুষের কোনো কাজে আসছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন যেসব কাগজপত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন যেসব কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম অথবা ঠিকানায় ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় ভিন্নতা দেখা দিতে পারে। তাই আবেদন করার পূর্বে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা সংশোধন প্রক্রিয়াকে সহজতর করতে পারে।

নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে তা হল—
এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যদি প্রযোজ্য হয়)।

অনলাইন জন্মনিবন্ধন সনদ

* পাসপোর্ট (যদি থাকে)

* ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

* সন্তানের জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ (যদি থাকে)।

* কাবিননামা বা বিবাহ সনদ

* স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র।

অন্যদিকে, সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

* শিক্ষাগত যোগ্যতার সনদ

* অনলাইন জন্মনিবন্ধন সনদ

* বাবা-মায়ের এনআইডি

* ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাগত সনদ

* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

জন্মতারিখ বা বয়স সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল সংশোধনের জন্য বয়স ও প্রকৃত জন্মতারিখের পক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন নথি প্রয়োজন হতে পারে। এর মধ্যে রয়েছে-

* এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ

* অনলাইন জন্মনিবন্ধন সনদ

* ভাই-বোনদের এনআইডি

* ওয়ারিশ সনদ

* কাবিননামা

* পাসপোর্ট

* ড্রাইভিং লাইসেন্স

* সিভিল সার্জনের বয়স নির্ধারণসংক্রান্ত প্রতিবেদন।

* সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র।

* অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন বই

* মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ।

* স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে যেসব নথি লাগবে।

এনআইডিতে স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য সাধারণত নিচের কাগজপত্র চাওয়া হতে পারে-

অনলাইন জন্মনিবন্ধন সনদ

* বিদ্যুৎ বিল

* চৌকিদারি ট্যাক্স বা পৌর কর পরিশোধের রশিদ।

* ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র।

আবেদনের আগে যা মনে রাখতে হবে

নির্বাচন কমিশন আবেদন ও সংশোধনের ধরন বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। তাই সংশোধনের আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের পক্ষে গ্রহণযোগ্য সরকারি নথি প্রস্তুত রাখা জরুরি।

বিশেষ করে নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের ক্ষেত্রে জমা দেওয়া সব নথিতে তথ্যের সামঞ্জস্য থাকা প্রয়োজন। এতে আবেদন যাচাইয়ের কাজ সহজ হতে পারে এবং সংশোধন প্রক্রিয়ায় জটিলতা কমার সম্ভাবনা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রত্যাবর্তনে ইউরোপের দেশগুলোর বিরোধিতা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


রাশিয়ার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রত্যাবর্তনে ইউরোপের দেশগুলোর বিরোধিতা বাড়ছে

ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কৃত হওয়ার পর রাশিয়ার ফিরতে পারা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ইউরোপের বিভিন্ন দেশ ও ক্রীড়া সংস্থার বিরোধিতার ফলে বিষয়টি এখন বিশ্বের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর জন্য আইনি জটিলতায় পরিণত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়াকে অলিম্পিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেডারেশন রুশ ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় ফেরার অনুমতি দিতে শুরু করেছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব আগামী বছর থেকে শুরু হওয়ার কথা। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আইওসির সুপারিশ এখন বাস্তব পরীক্ষার মুখে পড়েছে। ইউরোপের কয়েকটি দেশ রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণে নানা বাধা সৃষ্টি করছে।

ইউরোপিয়ান অলিম্পিক কমিটিগুলোর (ইওসি) সভাপতি স্পাইরোস ক্যাপরালোস জানিয়েছেন, রাশিয়াকে ঘিরে চলমান অচলাবস্থা ২০২৮ অলিম্পিকের গুরুত্বপূর্ণ বাছাইপর্বগুলোকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ২০২৭ সালের জুনে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান গেমসও রয়েছে, যেখানে বিভিন্ন খেলায় অলিম্পিকের টিকিট নির্ধারিত হবে।

রয়টার্সকে ক্যাপরালোস বলেন, “এটি ইউরোপের জন্য বড় সমস্যা। কারণ এ বিষয়ে ইউরোপ বিভক্ত। কিছু সরকার খেলাধুলার স্বায়ত্তশাসনের বিষয়টি ভুলে যায়। তারা ভুলে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

ক্রীড়া আদালতে লড়াই

বিরোধ এখন পৌঁছে গেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ। সিএএস জানিয়েছে, রাশিয়ান অলিম্পিক কমিটি রোমানিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য উইন্টার ইউরোপিয়ান ইয়ুথ অলিম্পিক ফেস্টিভ্যালে রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের শর্ত নিয়ে ইওসির বিরুদ্ধে আপিল করেছে।

রুশ ক্রীড়াবিদদের জাতীয় পতাকা ও সংগীত ছাড়াই কেবল নিজেদের অলিম্পিক কমিটির লোগোর অধীনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে। রোমানিয়া ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডান অভিযোগ করেছেন, কিয়েভকে সমর্থনকারী দেশগুলোকে অস্থিতিশীল করতে রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।

সিএএস জানিয়েছে, উভয় পক্ষ দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় সম্মত হয়েছে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে রায় দেওয়া হবে।

রুশ ক্রীড়াবিদদের পথে বাধা

আইওসি চায়, অলিম্পিক শক্তিধর রাশিয়া আবার পূর্ণাঙ্গভাবে গেমসে ফিরে আসুক। প্যারিস ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ও মিলানো-কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকে রুশ ক্রীড়াবিদরা নিরপেক্ষ পতাকার অধীনে অংশ নিয়েছিল।

তবে সব ফেডারেশন এখনও বিধিনিষেধ তুলে নেয়নি। বিশ্ব অ্যাথলেটিকসের মতো কিছু সংস্থা এখনো রাশিয়ার ওপর কড়াকড়ি বজায় রেখেছে।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ষষ্ঠ বছরে প্রবেশ করতে যাওয়ায় ইউরোপের অনেক দেশ রাশিয়ার প্রত্যাবর্তন সহজ করতে আগ্রহী নয়। নরওয়ে, সুইডেন ও পোল্যান্ড রুশ ক্রীড়াবিদদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কিছু জাতীয় দল রাশিয়ার বিপক্ষে খেলতেও রাজি নয়।

নরওয়ের আইস হকি দল জানিয়ে দিয়েছে, তারা জুনিয়র পর্যায়েও রাশিয়ার বিপক্ষে খেলবে না।

আইনি লড়াই চালিয়ে যাবে রাশিয়া

তবে রাশিয়া পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কয়েক বছর আগে ইউরোপীয় ক্রীড়া কাঠামো ছেড়ে এশীয় ব্যবস্থায় যোগ দেওয়ার কথা ভাবলেও এখন তারা আইনি পথেই অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে।

চলতি বছর সিএএসের রায়ে মিলানো-কোর্তিনা অলিম্পিকে কিছু রুশ শীতকালীন ক্রীড়াবিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়।

রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ও জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি মিখাইল দেগতিয়ারেভ বলেছেন, রুশ ক্রীড়াবিদদের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে দেশটি সব ধরনের আইনি পদক্ষেপ বিবেচনা করবে।

তিনি বলেন, “আমরা আইনি অবস্থান পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি। এরপর প্রয়োজন হলে সব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করব।”

আইওসির অবস্থান

আইওসির মতে, কোনো ক্রীড়াবিদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তার পাসপোর্ট কিংবা সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তের কারণে সীমিত হওয়া উচিত নয়।

তবে সংস্থাটি এটাও স্পষ্ট করেছে যে, অলিম্পিকের বাইরে রুশ অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোকেই সামাল দিতে হবে।

তবুও চলমান এই বিরোধ শেষ পর্যন্ত অলিম্পিকের বাছাইপর্ব এবং অলিম্পিক গেমসকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

ক্যাপরালোস বলেন, “অবশ্যই উদ্বেগ আছে। রুশ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরানোর অন্যতম কারণই ছিল তাদের অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ করে দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%